কোথায় চল্লে, মক্কা মদিনা
তুমি বুঝি মায়াপুর?
পীঠ স্থানেই মোক্ষ মেলেনা
পুণ্যের পথ দূর!!
পুণ্যের আশা মক্কায় ফাঁকা
ব্রজ ধামে নেই পুণ্য
বহুজাতিকের ঢাক ঢোলে
পুণ্যের আশা শূন্য!!
তর্জন আর হুমকি শাসনে
তটস্থ সারা বিশ্ব
রক্ত মাংস সব হারিয়েও
ক্রমাগত হই নিঃস্ব!!
কার নির্দেশে মূর্খের মত
মরীচিকা পিছে ছোটা
ধর্মের মোহে যুগ যুগান্ত
জীবন কাটছে গোটা!!
ধর্মের ধ্বজা ওড়ায় উর্ধে
ধার্মিক নয় তারা
মন্দির আর মসজিদে ছুটে
তুমি হও দিশেহারা!!
বাহির দুয়ার খুলে রেখে
ভিতর দুয়ার বন্ধ
পুণ্যের মোহে উন্মাদ তুমি
দুটি চোখ রেখে অন্ধ!!
চোখ খুলে তুমি সাথী খোঁজ
স্বজনের হাত ধরো
ঘোর দুর্দিনে দুর্যোগ ঠেলে
শুধুই লড়াই করো!!
মেঘ দেখে কেন ভয় পাও
মেঘের আড়ালে সূর্য
মশাল জ্বালিয়ে ভরসার
বাজাও বিজয় তূর্য!!
৬/৪/২৬











