জুলাইয়ের মধ্যে সরকারি স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের শূন্যপদে নিয়োগ সম্পন্ন করার আশ্বাস দিয়েছিলেন নবনির্বাচিত স্বাস্থ্যমন্ত্রী। অথচ মাত্র কয়েকদিন আগেই সংবাদমাধ্যমে তাঁর বক্তব্যে উঠে এসেছে, এই নিয়োগপ্রক্রিয়া সম্পূর্ণ করতে আরও দু’বছর সময় লাগতে পারে। এমন পরস্পরবিরোধী বক্তব্য শুধু হতাশাজনক নয়, রাজ্যের স্বাস্থ্যব্যবস্থার বাস্তব পরিস্থিতির প্রতিও উদ্বেগ তৈরি করে।
পূর্বতন সরকারের আমল থেকেই সরকারি স্বাস্থ্যক্ষেত্রে শিক্ষক-চিকিৎসক, স্পেশালিস্ট মেডিকেল অফিসার, নার্সিং স্টাফ, টেকনোলজিস্ট, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মীসহ বিভিন্ন স্তরে বিপুল শূন্যপদ রয়েছে। এই ঘাটতি পূরণে স্থায়ী নিয়োগের পরিবর্তে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিভিত্তিক ব্যবস্থার উপর নির্ভর করা কোনও দীর্ঘমেয়াদি সমাধান হতে পারে না। এতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের কর্মপরিবেশ যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনই ব্যাহত হয় সাধারণ মানুষের সরকারি স্বাস্থ্য পরিষেবা পাওয়ার অধিকার।
এই বৃহত্তর সংকটের মধ্যেই একটি নির্দিষ্ট বিষয় বিশেষভাবে উল্লেখ করা প্রয়োজন।
SR Bond Posting (Supplementary) Batch 2022–2025-এর ফল প্রকাশের পর ইতিমধ্যেই চার মাস অতিক্রান্ত। অথচ এখনও তাঁদের কোনও হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে Posting Order প্রকাশ করা হয়নি। এছাড়াও DM/ Mch সুপারস্পেশালিটি বিভাগের সিনিয়র রেসিডেন্ট দেরও পরীক্ষার ফলপ্রকাশ ও কাউন্সেলিং হয়ে যাওয়ার পরেও কোনো হাসাপাতালে পোস্টিং দেওয়া হয়নি।
একদিকে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর ঘাটতির কথা বারবার স্বয়ং স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসছে, অন্যদিকে প্রশিক্ষণ সম্পন্ন করে ফলপ্রকাশের পরও চিকিৎসকদের কাজে যুক্ত করার ক্ষেত্রে এমন অযৌক্তিক বিলম্ব চলছে। এর ফলে একদিকে সংশ্লিষ্ট চিকিৎসকদের ভবিষ্যৎ ও কর্মসংস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে, অন্যদিকে প্রয়োজনীয় মানবসম্পদ থাকা সত্ত্বেও সরকারি স্বাস্থ্য পরিষেবা সেই চিকিৎসকশক্তি থেকে বঞ্চিত হচ্ছে।
আমরা, West Bengal Junior Doctors’ Front (WBJDF)-এর পক্ষ থেকে স্পষ্টভাবে দাবি জানাচ্ছি:
আর কোনও অজুহাত নয়, আর কোনও বিলম্ব নয়। SR Bond Posting (Supplementary) Batch 2022–2025-এর Posting Order অবিলম্বে প্রকাশ করতে হবে এবং তাঁদের দ্রুত সরকারি স্বাস্থ্য পরিষেবায় কাজে যুক্ত করতে হবে। তার সাথে পোস্ট DM/Mch ব্যাচের প্রত্যেককে কাউন্সেলিং এ প্রাপ্ত হাসপাতালে অতিদ্রুত জয়েনিং করাতে হবে।











