তুমি রাত লেখো, আমি চাঁদ লিখব
তুমি জেল ভরো, আমি দেওয়াল লিখব
তুমি মিথ্যা এফআইআর লেখো, আমি কবিতা লিখব।
তুমি খুন করে দাও আমাদের,
আমরা প্রেত হয়ে সে খুনের বয়ান লিখে ফেরত পাঠাব তোমাকেই!
তুমি ১৪ তলায় আর সি জি ও তে বসে তোমার স্নেহ ধন্য দোষীদের আড়াল করার চিত্রনাট্য লেখ,
আমরা রাজপথে সত্য ঘটনা লিখব।
এত জোরে বলব, বধিরও শুনতে পাবে,
এমনি স্পষ্ট লিখব, দৃষ্টিহীনেরা দেখতে পাবে।
তুমি পদ্মে ছিটাও কালো,
আমাদের গোলাপের রং থাকবে লাল,
অভয়ার তিলোত্তমার প্রতিটি ঝড়ে পড়া রক্ত বিন্দুর মতো।
তুমি শোষণে নিপুণ,
কিন্তু আকাশের আলোতে লেখা থাকবে দ্রোহের ইতিহাস।
এই কবিতা সেই সব জায়গার জন্য,
যেখানে প্রশাসনের ব্যর্থতা আর অসংবেদনশীলতার আড়ালে
আইন ব্যব্যবস্থা আর তদন্ত সংস্থা মুখ ফিরিয়ে নেয়।
অন্ধকারের সেই প্রাসাদে,
যেখানে অন্যায় আর অপরাধের ঝড় তোলার পরও
ন্যায়ের প্রদীপ নিভিয়ে দেওয়া হয়।
সব মনে রাখা হবে,
অবহেলা আর ষড়যন্ত্রের বিষে ঢলে পড়েছে যে অভয়ার জীবন,
তার স্মৃতি বুকে নিয়ে
আমাদের লড়াই চলবে।
সব মনে রাখা হবে,
আত্মার গভীরে খোদাই করা হবে।
তোমরা ক্ষমতার জোরে মিথ্যার পাহাড় বানাও,
কিন্তু প্রয়োজন হলে,
আমরা নিজেদের রক্ত দিয়ে
সত্যি গুলো ঠিক করে লিখে নেব।
সব মনে রাখা হবে—
দিন দুপুরে দ্রোহের কার্নিভাল বন্ধ করার ব্যারিকেড,
অন্ধকারে ঢাকা শহরে অনশন মঞ্চ করতে না দেওয়ার নিরলস প্রচেষ্টা,
পানীয় জল ও টয়লেট বন্ধ করার জন্য তোমার মরিয়া প্রয়াস,
আমাদের কণ্ঠ রুদ্ধ করে প্রতিবাদ সভার আয়তন ফিতে দিয়ে মাপো, আমরা তোমাদের প্রতিটা অবিচারের ফিরিস্তি বানাবো,
আমাদের লড়াইকে রক্তাক্ত করে
জাস্টিস চাওয়ার জন্য আমাদের জেলে পাঠিয়ে
মুচকি হেসে চলে যাওয়া
সব মনে রাখা হবে
সব কিছু মনে রাখা হবে।
পুলিশ ও স্বাস্থ্য প্রশাসনের দুর্নীতি ও প্রমাণ লোপাটের কৌশলী খেলা,
আর সি বি আই এর পাল্টি,
সেই নীরবতাও কথা বলবে।
তোমরা হয়তো রাষ্ট্রের ক্ষমতা দেখাবে,
আমরা রাস্তায় সত্যের আলোকস্তম্ভ তৈরি করবো।
তোমার অসফল তদন্ত,
তোমার চুপ থাকার মন্ত্র,
সব মনে রাখা হবে।
অবিচারের প্রতিটি দাগ লেখা থাকবে।
আমরা এইসব ঘটনা হাড়ে লিখে রাখব।
আমাদের কাটা ডানায় নতুন করে ভরসা জোগাব।
আমাদের চিৎকার হবে আরও জোরালো,
যাতে প্রতিটি নিষ্পাপ কণ্ঠস্বর আবার উঠতে পারে।
তুমি রাত লেখো, আমরা চাঁদ লিখব।
তুমি জেল ভরো, আমরা দেওয়াল লিখব রাজপথে কোলাজ বানাবো।
তুমি খুনের মন গড়া গল্প লেখো,
আমি অভয়ার ন্যায়ের ইতিহাস লিখবো রাজপথ থেকে আলপথে,
আর এত জোরে লিখব,
তোমার দুঃশাসন প্রতিধ্বনিত হবে সময়ের দেয়ালে।
তোমার শোষণে সফলতা থাক,
কিন্তু আকাশের প্রতিটি তারা,
বাতাসের প্রতিটি শ্বাসে
আমাদের লড়াইয়ের গান বাজবে।
সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে।











‘সব মনে রাখা হবে, সব কিছু মনে রাখা হবে’
মনে রাখা শুধু নয়, মনের ঝড় মুষ্ঠিতে সঞ্চালিত হবে।✊