১৯ নভেম্বর ২০২৬
চোরবাগানে কতগুলি প্রাণ চলে গেল। কেন এমন হলো? দোষ কি কেবলমাত্র একজন অ্যানাউন্সারের? কারা অনুমতি দিল, কারা এরকম মরণকূপ তৈরি করল, খুঁজে বার করে প্রকৃত দোষীদের শাস্তি হলো কি? এসব বিষয়ে তেমন কিছু জানা যায় না।
অথচ কয়েকজন মেডিকেল ছাত্র, যারা এখনো সৎ, সাহসী, ভানহীন, যারা এখনো পচে গলে যাওয়া সিস্টেমের সাবধানী শরিক নয়, তারা কতকগুলি ন্যায্য দাবি তুলল, যে দাবিগুলির সাথে তাদের স্বার্থের চাইতে, জনস্বার্থ, রোগীদের স্বার্থ অনেক বেশি জড়িত বলে আমরা মনে করি। জনগণের সরকার জনগণের দাবি শুনে, জেনে, ভুল ত্রুটি সংশোধন করবে এটাই স্বাভাবিক। কিন্তু উল্টো বিচার হয়েই চলেছে।
হাসপাতালে প্রাণপাত করে যে ডাক্তাররা নার্সরা অন্যান্য স্বাস্থ্য কর্মীরা, রোজ কাজ করেন তাঁরাই তো বুঝবেন হাসপাতালে কাজ চালাতে কোথায় অসুবিধা। লক্ষ লক্ষ গরিব, মধ্যবিত্ত মানুষের জীবনের জন্যে প্রয়োজনীয় জিনিসপত্র, ব্যবস্থা না থাকার কথা তুলে ধরা কি অন্যায়?
দিনের পর দিন আমলা মন্ত্রীদের জানানোর পর কাজ না হলে জনগণের কাছে ছাড়া কার কাছে বলবে তারা? মরে যেতে দেখবে রোগীদের চোখের সামনে? সত্য তুলে ধরলেই তবে কি সে অপরাধী?
হাসপাতালে প্রয়োজনীয় সামগ্রী নেই কেন তার কারণ দর্শানোর কথা প্রশাসনের অথচ ইন্টার্ন ডাক্তারদের মুখ খোলার কারণ দর্শাতে বলা হচ্ছে।
তার ওপর গতকালের ঘটনা সমগ্র জাতির লজ্জা। যেখানে বাঁচা মরার লড়াই চলছে সাধারণ মানুষের, সেখানে এরা কারা? কিভাবে ঢুকে পড়ে আক্রমণ চালাচ্ছে, ভাঙচুর করছে? সরকার বদল হলো কিন্তু আরজি করের ভাঙচুরের অপরাধীরা আজও কেন শাস্তি পেল না? মেডিকেল কলেজের ভিতরে ঢুকে পড়া অপরাধীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ করা হবে তো? নাকি আইনের শাসন লাটে তুলে এই বাংলা বিরোধী দেশবিরোধীদের আস্ফালন, গুন্ডামিতে সীলমোহর দেওয়া হবে?
কি করে এই দুষ্কৃতীরা তান্ডব চালালো, নিরাপত্তার কি হলো এর শোকজের উত্তর প্রশাসনকে দিতেই হবে। সরকার এই রাজ্যের প্রতিটি নাগরিকের তাই এই দাবি আমরা তুলবই। অবিলম্বে প্রতিটি গুন্ডাকে গ্রেপ্তার করে দমন করতে হবে। মেডিকেল কলেজের নিরাপত্তা ত্রুটিহীন করতে হবে। ডাক্তারদের কাজ করার পরিবেশ এবং মত প্রকাশের স্বাধীনতা অক্ষুন্ন রাখতে হবে। সমস্ত রোগীরা যেন প্রয়োজনীয় উন্নত চিকিৎসা পায় তার জন্য যা যা করণীয় অবিলম্বে করতে হবে।












