19.11.2026
মেডিকেল কলেজে বহিরাগতদের তাণ্ডবের অভিযোগ – প্রতিবাদ হোক দলমত নির্বিশেষে
শাসক বদলাতে পারে, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবস্থান বদলাতে পারে না।
চোরবাগানের মর্মান্তিক ঘটনায় ১৯ জনের মৃত্যু ও বহু মানুষের আহত হওয়ার পরবর্তী ঘটনাপ্রবাহ সকলেরই জানা। তারই ধারাবাহিকতায় কলকাতা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনে বহিরাগত দুষ্কৃতীদের সাম্প্রতিক তাণ্ডবের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক এবং কঠোর প্রতিবাদের দাবি রাখে।
কলকাতা মেডিকেল কলেজের রয়েছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ ও প্রতিরোধের এক গৌরবময় ইতিহাস। অতীতে ছাত্রছাত্রীদের আন্দোলন ও অনশনের সময় তৎকালীন শাসকদলের আশ্রিত বহিরাগতদের সম্ভাব্য হামলার আশঙ্কায় বহু চিকিৎসক ও প্রাক্তনী রাতের অন্ধকারেও কলেজে ছুটে গিয়েছেন, ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছেন।
আজ রাজনৈতিক পরিস্থিতি বদলেছে। কিন্তু শিক্ষাঙ্গনে ভয় দেখানো, বহিরাগতদের দাপট এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের অভিযোগ যদি আবারও সামনে আসে, তবে তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।
এখানে একটি বিষয় বিশেষভাবে স্মরণীয়। বর্তমান সরকারের মাননীয় স্বাস্থ্যমন্ত্রী নিজেও কলকাতা মেডিকেল কলেজের প্রাক্তনী, একজন ‘মাটিয়া’। পূর্বতন সরকারের অন্যায়ের বিরুদ্ধে আন্দোলনে তিনিও ছিলেন অন্যতম অগ্রণী মুখ। সেই প্রতিবাদী অতীতের প্রতি শ্রদ্ধা রেখেই আজ তাঁর কাছেও আমাদের প্রত্যাশা – নিজের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় তিনি দৃঢ়, নিরপেক্ষ এবং দৃষ্টান্তমূলক ভূমিকা নেবেন।
অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের নৈতিকতা কখনও ক্ষমতার অবস্থানের উপর নির্ভর করতে পারে না।
West Bengal Doctors Forum মনে করে, চিকিৎসাপ্রতিষ্ঠান কোনও রাজনৈতিক দলের সম্পত্তি নয়। হাসপাতাল ও মেডিকেল কলেজ রোগীর চিকিৎসা, চিকিৎসাশিক্ষা ও মানবিক সেবার পবিত্র ক্ষেত্র – সেখানে দুষ্কৃতীদের কোনও স্থান নেই।
আমরা দাবি জানাচ্ছি—
* ঘটনার অবিলম্বে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত।
* সিসিটিভি ফুটেজসহ সমস্ত প্রাসঙ্গিক তথ্য সংরক্ষণ ও পর্যালোচনা।
* অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় নির্বিশেষে শনাক্তকরণ এবং আইনানুগ ব্যবস্থা।
* সমস্ত মেডিকেল কলেজ ও হাসপাতালের নিরাপত্তা এবং রাজনৈতিক হস্তক্ষেপমুক্ত পরিবেশ নিশ্চিত করা।
ইতিমধ্যেই JPD-র পক্ষ থেকে প্রতিবাদী বিবৃতি ও পোস্টার প্রকাশিত হয়েছে। আমরা সেই প্রতিবাদের নৈতিক দাবির সঙ্গে সংহতি জানাচ্ছি।
কলকাতা মেডিকেল কলেজের সমস্ত ‘মাটিয়া’, বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী, শিক্ষক, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং রাজ্যের সমগ্র চিকিৎসক সমাজের কাছে WBDF-এর আহ্বান – দলমত, সংগঠন ও ব্যক্তিগত রাজনৈতিক বিশ্বাসের ঊর্ধ্বে উঠে এই অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হোন।
এই প্রতিবাদ চিকিৎসাপ্রতিষ্ঠানের মর্যাদা, নিরাপত্তা এবং ভয়মুক্ত পরিবেশ রক্ষার।
যে অন্যায়ের বিরুদ্ধে আমরা আগে প্রতিবাদ করেছি, সেই একই অন্যায়ের বিরুদ্ধে আজ নীরব থাকলে আমাদের অতীতের সংগ্রামই অর্থহীন হয়ে পড়বে।
ইতিহাস শুধু অন্যায়কারীদের নয়, অন্যায়ের সামনে নীরব দর্শকদেরও মনে রাখে।
ক্ষমতা নয়, নীতিই হোক আমাদের অবস্থানের ভিত্তি।
West Bengal Doctors Forum (WBDF)











