এক ছিলো দিদিমনি, প্রতিবাদী ধরে,
ছুমন্তরে দিতো মাওবাদী করে।
দিদি গেলো, দাদা এলো, বদলায়নি কিছু,
মাওবাদী ভূত ঘোরে তারও পিছু পিছু।
এটা নেই, ওটা নেই, প্রশ্ন যে করে,
তারে দেখে মাওবাদী-দের মনে পড়ে।
এদিকেও মাওবাদী, মাওবাদী ওটা,
মাওবাদী ভরে গেছে রাজ্যটা গোটা!
ছোটো ছোটো ছেলেদের এতো কি সাহস?
ক্যামেরায় বলে দিলো, সব ফসফস।
নির্ঘাত মাওবাদী এরা সক্কলে,
ধরে ধরে দাও সবকটা-কেই জেলে!
বেশি বাড় বাড়লেই বড়োই বিপদ,
“থ্রেট কালচারাল” টাই তাই নিরাপদ।
দিদির দেখানো পথে, আরো কঠোর হাতে,
দমন করতে হবে, নইলে বিপদ-
মনে নেই সেই দিন? একসাথে রাতদিন,
এরাই করেছিলো রাজ্য অচল।
তখন ব্যাপার ছিলো অন্যরকম,
আজকের দাদারাই সাথে ছিলো, পাশে ছিলো,
জুনিয়র ডাক্তার, ছিলো “প্রতিবাদী”
সরকার পাল্টেছে, দাদারা মন্ত্রী আজ,
জুনিয়র রাই হয়ে গেছে মাওবাদী।
–মানসিক মাওবাদী অরুণিমা ঘোষ।











