১৪ই আগস্ট, ২০২৪: আর জি কর হাসপাতাল
১৮ই নভেম্বর, ২০২৬: মেডিকেল কলেজ কলকাতা
হাসপাতালের ভিতরে রাজনৈতিক লুম্পেন বাহিনীর আক্রমণের দুটি নক্কারজনক ঘটনা। দুটি ঘটনার মধ্যেই রয়েছে এক আশ্চর্য মিল।
দুই ক্ষেত্রেই শাসকদলের ‘পিতৃতুল্য’ শিক্ষকেরা (!) ও রাজনৈতিক লুম্পেনরা নিজেদের ছাত্রছাত্রীদের কণ্ঠরোধ করতে, কলেজ ও হাসপাতালের উপর হামলা চালাতে বাইরে থেকে ভাড়া করে নিয়ে এসেছেন দুষ্কৃতীদের বাহিনী।
২০২৪-এ সন্দীপ ঘোষ, ২০২৬-এ সম্রাট চক্রবর্তী।
কিন্তু প্রশ্নটা হল, কেন এই আক্রমণ? কী অপরাধ করেছিলেন এই ছাত্রছাত্রী ও চিকিৎসকেরা? তাঁরা কি শুধু নিজেদের জন্য কিছু চেয়েছিলেন? না। তাঁরা প্রশ্ন তুলেছিলেন সরকারি স্বাস্থ্যব্যবস্থার বেহাল দশা নিয়ে। তাঁরা চেয়েছিলেন সাধারণ মানুষের জন্য সহজলভ্য, সুলভ এবং মানসম্মত চিকিৎসা পরিষেবা। তাঁরা প্রশ্ন করেছিলেন, মাসের পর মাস হাসপাতালে অত্যাবশ্যকীয় ওষুধ থাকবে না কেন? চিকিৎসার ন্যূনতম সরঞ্জাম পাওয়া যাবে না কেন? কেন শুধুমাত্র শাসক ক্ষমতার উদাসীনতা ও প্রশাসনিক ব্যর্থতার কারণে একজন অসহায় রোগীকে ওষুধ না পেয়ে, চিকিৎসার সরঞ্জাম না পেয়ে প্রাণ হারাতে হবে?
এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার বদলে উত্তর এসেছে ইট, বাঁশ, লাঠি আর ভাড়াটে গুন্ডাবাহিনী দিয়ে।
আর জি করের ১৪ই আগস্টের হামলায় যারা ভাঙচুর চালিয়েছিল, তাদের কাউকেই আজ পর্যন্ত যথাযথভাবে চিহ্নিত করে শাস্তির আওতায় আনা যায়নি। সেই বিচারহীনতার দৃষ্টান্তই কি আবার ফিরিয়ে আনা হচ্ছে?
মেডিকেল কলেজ হাসপাতালে ভাঙচুরের পর তিন দিন পেরিয়ে গিয়েছে। পুলিশ নাকি এখনও কাউকে খুঁজে পাচ্ছে না! অথচ স্পষ্ট ফুটেজে দেখা যাচ্ছে, ABVP ও NMO-র সঙ্গে যুক্ত দুষ্কৃতীরা বাঁশ, ইট নিয়ে কলেজে তাণ্ডব চালাচ্ছে। আরও বিস্ময়কর, এই দুষ্কৃতীদের অনেককেই আবার মুখ্যমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর মঞ্চ আলো করে বসে থাকতে দেখা যায়! তাহলে এদের চিহ্নিত করতে পুলিশের এত অসুবিধা কোথায়? কার প্রশ্রয়ে এদের এই দাপট? কাদের আড়াল করতে এই নিষ্ক্রিয়তা?
এশিয়ার প্রাচীনতম মেডিক্যাল কলেজের ইতিহাস, ঐতিহ্য এবং শিক্ষার পরিবেশের উপর এই আক্রমণ আসলে আরও অনেক বড় কিছুর প্রতীক। এটি শুধু কয়েকজন ইন্টার্ন বা ছাত্রছাত্রীর উপর হামলা নয়। এটি মানুষের চিকিৎসা পাওয়ার অধিকারের উপর আক্রমণ। এটি চিকিৎসকদের নির্ভয়ে চিকিৎসা করার অধিকারের উপর আক্রমণ। এটি সরকারি স্বাস্থ্যব্যবস্থাকে মানুষের কাছে জবাবদিহি করতে বাধ্য করার প্রতিটি কণ্ঠস্বরকে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা।
এই লড়াই কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের গণ্ডিতে আটকে নেই। এই লড়াই বেঁচে থাকার অধিকারের। এই লড়াই চিকিৎসা পাওয়ার অধিকার এবং চিকিৎসা করার অধিকার রক্ষার। যে স্বাস্থ্যব্যবস্থা মানুষের করের টাকায় চলে, সেই ব্যবস্থায় ওষুধ, সরঞ্জাম, চিকিৎসক ও পরিকাঠামোর দাবি তোলা কোনও অপরাধ নয়। অপরাধ হল সেই দাবি উপেক্ষা করা, আর দাবিদারদের মুখ বন্ধ করতে রাজনৈতিক গুন্ডাবাহিনী লেলিয়ে দেওয়া।
আর জি করের বিচারহীনতার পুনরাবৃত্তি মেডিকেল কলেজে হতে দেওয়া যায় না। এই আক্রমণের প্রতিটি অভিযুক্তকে চিহ্নিত করতে হবে, নিরপেক্ষ তদন্ত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এই লুম্পেনতন্ত্রের বিরুদ্ধে লড়াই জারি থাকবে। ভয় দেখিয়ে, আক্রমণ করে, মিথ্যা প্রচার চালিয়ে এই প্রতিবাদ থামানো যাবে না।
সামিল হোন এই লড়াইয়ে। নিজের অবস্থান স্পষ্ট করুন। নীরব দর্শক হয়ে থাকবেন না।
Never Forgive, Never Forget.
Organise and Resist.











