২০২৪ এর ৯ অগাস্ট আর জি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসকের নৃশংস হত্যা এবং ধর্ষণের খবরে স্তম্ভিত হয় বাংলার নাগরিক সমাজ। ‘Reclaim the Night and Reclaim the Rights’ – রাত দখল আর অধিকার প্রতিষ্ঠার এই তীক্ষ্ণ, শক্তিশালী এই শ্লোগান এক অনন্য জনজোয়ারের জন্ম দিয়েছিল। এর পর কয়েক মাস মিছিলকে মানুষ খুঁজতে হয়নি, মানুষ মিছিল খুঁজেছে।
বিগত দু’বছরে নারী আন্দোলন এবং প্রান্তিক লিঙ্গযৌনতার মানুষদের আন্দোলন এক বিশেষ মাত্রা লাভ করেছে। সরকারি মদতপুষ্ট এই প্রাতিষ্ঠানিক হত্যা নারী এবং প্রান্তিক যৌনতার মানুষদের স্বাধিকার ও নিরাপত্তাকে প্রবল ভাবে আঘাত করে। নারী এবং ট্রান্সক্যুইয়ার গোষ্ঠীর মানুষেরা বিচারের দাবিতে দলে দলে পথে নামেন । । শুধু একজন অভয়া নয়, ভবিষ্যতে কোন অভয়া হবার সম্ভাবনাকে ধ্বংস করা এই আন্দোলনের ঘোষিত লক্ষ্য। কলকাতার রাজপথে বিচারের দাবিতে বিপুল সংখ্যায় প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষের মিছিল এই আন্দোলনের এক গুরুত্বপূর্ণ সম্প্রসারণ ।
১৫ অক্টোবর অনশনরত জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চের নাকের ডগা দিয়ে দুর্গা প্রতিমা বিসর্জন ও কার্নিভালের ঘোষণাকে চ্যালেঞ্জ করে জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস আহবান করেন দ্রোহের কার্নিভাল। রাত দখলের অভূতপূর্ব জনজাগরণের পরবর্তী তিন মাসে কলকাতা ও জেলা গুলিতে বড় বড় মিছিল ও সমাবেশের মাধ্যমে চলতে থাকে প্রতিবাদ কর্মসূচির চূড়ান্ত প্রকাশ হয় দ্রোহের কার্নিভালে। ফালাকাটা যাত্রাগাছি কুলতলি ফারাক্কা বর্ধমানের মিছিল এসে মেশে ধর্মতলায় দ্রোহের কার্নিভালে ।
২০২৪ সালের ২৮ শে অক্টোবর নাগরিক সংগঠনগুলির মত বিনিময়ের মাধ্যমে গড়ে ওঠে অভয়া মঞ্চ। জোয়ারের উত্তুঙ্গ সময় আন্দোলনকে ধরে রাখার জন্য প্রয়োজন ছিল এক রাজনৈতিক কিন্তু অদলীয় সংহতি মঞ্চ। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস ও নাগরিক সমাজের উদ্যোগে এক ছাতার তলায় আশিটি সংগঠন একত্রিত হয়ে গড়ে তোলে এই মঞ্চ যার শিকড় ছড়াতে শুরু করে শহর গ্রাম মফস্বলে । অভয়া আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবার অন্যতম কাণ্ডারি হিসাবে আত্মপ্রকাশ করে এই মঞ্চ। অভয়া মঞ্চের দশ দফা দাবির প্রথম দাবি অভয়ার ধর্ষণ ও খুনের ন্যায় বিচার এবং দ্বিতীয় দাবিটিই হল নারী ও প্রান্তিক যৌনতার মানুষের সুরক্ষা। চিকিৎসা দুর্নীতি এবং থ্রেট কালচারের অবসান, সরকারি স্বাস্থ্যকাঠামো ও পরিষেবার উন্নতি অভয়া মঞ্চের অন্যতম দাবি।
গণআন্দোলনের জোয়ার কমতে থাকার সুযোগে বিচার প্রক্রিয়া উদ্দেশ্য প্রণোদিত ভাবে শিথিল হয়। ১৪ ডিসেম্বর সন্দীপ ঘোষ ও অভিজিত মণ্ডলকে সি বি আই সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দিতে না পারায় অভয়া হত্যামামলায় এদের জামিন হয়ে যায়। লাগাতার আন্দোলন,অবস্থানের চাপে বেশ কিছুদিন পর আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপ ঘোষের বিরুদ্ধে চার্জশিটে অনুমতি দিতে বাধ্য হয় তদানীন্তন তৃণমূল সরকার।
ধর্ষণ ও খুনের ঘটনার বিচার শুরুর ৬৮ দিন পর ২০ জানুয়ারি ২০২৪ শিয়ালদহ অতিরিক্ত দায়রা বিচারকের আদালতে রায় ঘোষিত হয়- সঞ্জয় রাই একমাত্র দোষী। যাবজ্জীবন কারাদণ্ড ঘোষিত হয়। কিন্তু এই বিচার জনমানসকে সন্তুষ্ট করতে পারেনি। সি বি আই এর অপদার্থতায় দুবছর জেল খাটার পর আর্থিক দুর্নীতি মামলায় প্রধান অভিযুক্ত সন্দীপ ঘোষ ও ১৫ অক্টোবর ২০২৬ এ জামিন পেয়ে যান। খবরে প্রকাশএই দু বছরে ১৪৭ জনের মধ্যে মাত্র ৭ জনের সাক্ষ্য গ্রহণ করে সি বি আই। অভয়া মঞ্চের উদ্যোগে পাঁচ লক্ষ মানুষের সই সম্বলিত একটি আবেদন সুপ্রিম কোর্টে জমা পড়ে ৯ মার্চ ২০২৬। দিল্লির সি বি আই কেন্দ্রীয় অফিসেও ডেপুটেশন দেওয়া হয়। সি বি আই অধিকর্তা ইতিবাচক আশ্বাস দেন। দ্রুত অভয়ার ন্যায়বিচার দেবার প্রতিশ্রুতি দিয়ে নতুন সরকার ক্ষমতায় এলেও আইনি লড়াইয়ে এই মুহূর্তে খুব আলো দেখা যাচ্ছেনা। বহু প্রশ্ন অমীমাংসিত থেকে গেছে। এই অন্ধকারকে সরাতে পারে শুধুমাত্র গণআন্দোলনের জোয়ার।
গত দু’বছরে ঘাস্ফুল পদ্মফুল সব ধরণের শাসকের বিরুদ্ধতা সত্ত্বেও, কালচক্রের অমোঘ নিয়মে রাজপথমুখী জনস্রোত গৃহমুখী হবার পরেও অভয়া আর অভয়ারা হারিয়ে যায় নি, আঁধার রাতের মশাল হয়ে তারা আজ ও জেগে আছে পথের লড়াইয়ে, আজ ও অভয়ার বিচারের দাবিতে প্রতিবাদীকণ্ঠ গর্জে উঠছে, রাজ্যের সব অভয়াদের বিচারের জন্য লড়াই চলছে রাজপথ থেকে আলপথে, শহুরে এলিট আন্দোলনের গণ্ডী ছাড়িয়ে এখন গ্রামে মফস্বলে শ্রমজীবী পরিবারের ধর্ষিত মেয়ের জন্যেও বিচারের আওয়াজ উঠছে, এই ভাবেই অভয়া আন্দোলন জেগে আছে গ্রামে, নগরে ।
সাউথ ক্যালকাটা ল কলেজ, রাজার হাট, ব্যারাকপুর, চন্দননগর, কোন্নগর, ক্যানিং, রাজারহাটের যাত্রাগাছি, গৌরাঙ্গ নগর, শুলুঙ গুড়ি, জগৎপুরে নারীনির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে অভয়া মঞ্চ বেশ কিছু উল্লেখযোগ্য কাজ করেছে। রাতদখল ঐক্যমঞ্চ, নারীদিবস উদযাপন মঞ্চ, জনচেতনা মঞ্চ, জনসংস্কৃতি, বিজ্ঞানমনস্ক, অভয়া মঞ্চ বৃহত্তর বিধাননগর, অভয়া মঞ্চ বৃহত্তর দক্ষিণ, বেহালা প্রতিবাদী মঞ্চ, বৃহত্তর বারাসাত অভয়া মঞ্চ, বৃহত্তর সিঙ্গুর অভয়া মঞ্চ, জলপাইগুড়ি অভয়া মঞ্চ – সহযোগী বিভিন্ন সংগঠন ও মঞ্চ গুলির সাহায্যে আন্দোলন জেলাগুলিতে ছড়িয়ে পড়ছে।
নির্যাতিতা নারী শ্রমিকদের জন্য আর্থিক এবং আইনি সহায়তা নিয়ে কেরালায় গেছে একটি প্রতিনিধি দল। কর্ণাটকে শ্রীক্ষেত্র ধর্মস্থল মঞ্জুনাথ স্বামী মন্দির সংলগ্ন এলাকায় দীর্ঘ দিন ধরে ঘটে চলা ভয়াবহ নারীঘাতী সন্ত্রাসের বিরুদ্ধে বিবৃতি মারফৎ সারা দেশের শুভ বুদ্ধি সম্পন্ন প্রতিবাদী মানুষ এবং গণতান্ত্রিক ও মহিলা সংগঠন গুলির কাছে জনমত ও গণপ্রতিরোধ গড়ে তোলার আহবান জানিয়েছে অভয়া মঞ্চ । এর পরেও এ কথা অনস্বীকার্য যে গ্রামের মানুষের কাছে এই আন্দোলনকে তেমন ভাবে পৌঁছে দেওয়া যায়নি। বিচারের দীর্ঘসূত্রিতা এবং ন্যায়বিচার না পাওয়াই কি অভয়া আন্দোলনের স্বতঃস্ফূর্ত হারানোর কারণ ?
অভয়া আন্দোলন এক কঠিন পরিস্থিতির সম্মুখীন হয় ২০২৬ এর নির্বাচনে প্রার্থী ঘোষণার পর। বিচার পাবার পূর্বশর্ত ক্ষমতা এই সত্যকে অমোঘ বিবেচনা করে পানিহাটি কেন্দ্রে বিজেপি প্রার্থী হলেন নিহত চিকিৎসকের মা শ্রীমতি রত্না দেবনাথ । অভয়া আন্দোলনের প্রতিবাদী জোয়ারে পানসি ভাসিয়ে রাজ্যে ক্ষমতায় এল উন্নাও, হাথরসের ধর্ষকদের আশ্রয়দাতা দল। রাষ্ট্রের ক্ষমতার চাপে অসহায় শ্রীমতি দেবনাথ, হয়তো অসহায়তার কথা উপলব্ধি না করেই আক্রমণ সাজাতে থাকলেন তাদের বিরুদ্ধে যারা বিচার আনতে বদ্ধপরিকর। আসিফা, বিলকিস বানো এবং আরো অসংখ্য নির্যাতিত মেয়ের রক্তে রাঙা হাতকে আঁকড়ে ধরলেন অবলম্বন হিসাবে।
কিন্তু অভয়া আজ আর কোন বিশেষ পারিবারিক গণ্ডিতে সীমাবদ্ধ নেই। অভয়া আন্দোলন গড়ে উঠেছিল স্বতঃস্ফূর্ত জনরোষে, অভয়া নামকরণ এক প্রতিবাদী চিকিৎসক তাপস ফ্রান্সিস বিশ্বাসের। এই আন্দোলন প্রতিবাদী জনতার।
যে দল অন্য রাজ্যগুলিতে ধর্ষিতাকে রক্ষা না করে ধর্ষকদের মাথায় সুরক্ষার ছাতা ধরে, সে দল যে নারীসুরক্ষার পরিবর্তে আধিপত্যবাদী পিতৃতান্ত্রিক সংস্কৃতিকে দৃঢ় ভাবে প্রতিষ্ঠা করবে এটা অজানা ছিল না। নির্বাচনী ফল ঘোষণার ঠিক দু’মাস পর ২০২৬ এর ৪ঠা জুলাই বারুইপুরের সূর্যপুরে একটি নয় বছরের সংখ্যালঘু সম্প্রদায়ের নাবালিকাকে গণধর্ষণ করে খুন করা হয়। অভিযুক্ত চারজন শাসক দলের ঘনিষ্ঠ। অন্যতম অভিযুক্ত প্রভাস মন্ডলকে গভীর রাতে নির্জন জায়গায় গুলি করে মেরে ফেলা হয়। ২৭ টি ধারা দিয়ে গ্রেফতার করা হয় প্রতিবাদী সি পি আই এম নেতা, শিক্ষক লাহেক আলিকে যিনি এই নির্মম খুন ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন সংগঠিত করছিলেন! নতুন সরকার আসার পর গত পাঁচ মাসে ২৪৫৪ টি ধর্ষণের খবর এসেছে সংবাদমাধ্যমে। খবরে আসেনি এমন বহু ঘটনাও ঘটেছে নিশ্চয়।
প্রতিবাদের আশ্চর্য সমাপতন ঘটেছিল অভয়া আন্দোলনে। এই মুহূর্তে বিচারের রুদ্ধ দ্বারে আটকে না থেকে নারী সুরক্ষা, সর্বজনীন স্বাস্থ্য এবং বিভিন্ন গণতান্ত্রিক দাবি নিয়ে অভয়া আন্দোলনের ছড়িয়ে পড়ার সময়। শিক্ষকনিয়োগ দুর্নীতিমামলায় চাকরিহারা যোগ্য শিক্ষকদের আন্দোলন, ২০২৬ এর চরম অগণতান্ত্রিক ট্রান্সজেন্ডার আইন বিরোধী লড়াই , হকার উচ্ছেদ বিরোধী জীবন ও জীবিকার সংগ্রাম, অ্যাকাডেমির দেওয়ালে গেরুয়া রং এর প্রলেপ ও যাদবপুর বিশ্ববিদ্যালয় এবং SRFTI এ চলমান গেরুয়া তাণ্ডবের বিরুদ্ধে গণআন্দোলন, কেন্দ্রীয় শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে ককরোচ দলের আন্দোলনের সংহতিতে কলকাতায় ও উত্তরবঙ্গে বিভিন্ন কর্মসূচি পালন, বুকস্টলে হামলার প্রতিবাদ – সব ক্ষেত্রেই অভয়া আন্দোলনের একনিষ্ঠ কর্মীরা সক্রিয় ভুমিকা নিয়েছেন। SIR এর মুষল আর ধর্মের কুঠারে আক্রান্ত বাংলা তথা ভারতে ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক শক্তির ঐক্য এই সময়ের সব চেয়ে গুরুত্বপূর্ণ দাবি।
লিঙ্গসাম্যের আন্দোলন সমাজের সামাজিক অর্থনৈতিক বৈষম্যবিরোধী অন্যান্য আন্দোলনগুলির সঙ্গেও যুক্ত। অভয়া আন্দোলন তাৎক্ষণিক আবেগে তৈরি হয়নি। তাই রাজনৈতিক পটপরিবর্তন অভয়া আন্দোলনকে থামিয়ে দিতে পারবে না। এই আন্দোলনে এগিয়ে আসতে হবে সব স্তরের মানুষকে – এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে।।











