অভয়া আন্দোলনের প্রতিবাদী চিকিৎসকদের উপর বিগত সরকারের পুলিশি হেনস্থার মতো ট্র্যাডিশন এই আমলেও সমানে অব্যাহত!
চোরবাগান কাণ্ডে সরকারি হাসপাতালের অপ্রতুলতার কথা প্রকাশ্যে বলা ইন্টার্নদের পুলিশি হেনস্থার বিরুদ্ধে সোচ্চার হোন!
হামলাকারীরা বহাল তবিয়তে, আক্রান্ত চিকিৎসকদের পুলিশের নোটিশ! ক্ষমতার অপপ্রয়োগ IN, বাকস্বাধীনতা OUT!
কলকাতা মেডিক্যাল কলেজে ১৮ নভেম্বর বহিরাগত ABVP ও NMO দুষ্কৃতীদের তাণ্ডব, ছাত্রছাত্রী ও ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলা এবং কলেজ ক্যাম্পাসে ভাঙচুরের ঘটনার পর প্রায় পাঁচ দিন অতিক্রান্ত। অথচ একাধিক ভিডিও ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বিবরণ এবং অভিযুক্তদের প্রকাশ্যে আসা ছবি থাকা সত্ত্বেও কলকাতা পুলিশ এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি। হামলাকারীদের চিহ্নিত করার ক্ষেত্রেও পুলিশের এই নিষ্ক্রিয়তা বিস্ময়কর।
তবে পুলিশের তৎপরতা যে একেবারে হারিয়ে যায়নি, তার প্রমাণ মিলেছে ২২ নভেম্বরের একটি নোটিশে!
Bowbazar Police Station থেকে BNSS-এর ৩৫(৩) ধারায় নোটিশ পাঠানো হয়েছে মেডিক্যাল কলেজের তিন ইন্টার্ন চিকিৎসককে। ১৯ নভেম্বর ২০২৬ তারিখে নথিভুক্ত একটি মামলার তদন্তের সূত্রে তিন দিনের মধ্যে থানায় হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সঙ্গে রয়েছে তদন্তে সহযোগিতা, নথিপত্র জমা দেওয়া এবং তদন্তকারী আধিকারিকের নির্দেশ মেনে চলার একগুচ্ছ শর্ত।
প্রশ্ন হল, যাঁরা হামলার শিকার হলেন, যাঁদের মাথায় লাঠি পড়ল, যাঁদের উপর কলেজ ক্যাম্পাসে বহিরাগত দুষ্কৃতীরা আক্রমণ চালাল, আজ তাঁদেরই কেন পুলিশের নোটিশের মুখোমুখি হতে হচ্ছে? যাঁরা কলেজে ঢুকে বাঁশ, লাঠি, ইট নিয়ে তাণ্ডব চালালেন, তাঁদের বিরুদ্ধে পুলিশের কোনও দৃশ্যমান পদক্ষেপ নেই। অথচ আক্রান্তদের বিরুদ্ধে তদন্তের নামে হাজিরার নোটিশ! এ কেমন নিরপেক্ষতা?
আইনশৃঙ্খলা রক্ষা, নাকি রাজনৈতিক মদতপুষ্ট লুম্পেন বাহিনীকে আড়াল করার ব্যবস্থা?
আমরা জানতে চাই, মেডিক্যাল কলেজে হামলাকারীদের চিহ্নিত করতে পুলিশ কী পদক্ষেপ করেছে? কতজনকে জিজ্ঞাসাবাদ বা গ্রেফতার করা হয়েছে? আক্রান্ত চিকিৎসকদের অভিযোগের ভিত্তিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে? নাকি রাজনৈতিক পরিচয় থাকলে সরকারি হাসপাতালের ভিতরে ঢুকে চিকিৎসক ও ছাত্রছাত্রীদের মারধর করার অলিখিত লাইসেন্স মেলে?
একইসঙ্গে প্রশ্ন উঠছে কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও। বহিরাগতদের ক্যাম্পাসে ঢুকিয়ে ছাত্রছাত্রীদের উপর হামলার অভিযোগ ওঠার পরেও কর্তৃপক্ষ কি দায় এড়িয়ে আক্রান্তদেরই প্রশাসনিক ও আইনি হয়রানির মুখে ঠেলে দেবে? তাঁদের পাশে দাঁড়ানোর বদলে কাঠগড়ায় দাঁড় করানোর এই প্রবণতা কোনও শিক্ষাপ্রতিষ্ঠানের সংস্কৃতি হতে পারে না।
West Bengal Junior Doctors Front স্পষ্ট ভাষায় জানাচ্ছে, পুলিশি নোটিশ, মিথ্যা মামলার আশঙ্কা কিংবা প্রশাসনিক হয়রানির মাধ্যমে প্রতিবাদের কণ্ঠরোধ করা যাবে না।
আমাদের দাবি:
১. মেডিক্যাল কলেজে হামলায় জড়িত প্রত্যেক বহিরাগত দুষ্কৃতীকে অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে।
২. সমস্ত CCTV ফুটেজ ও সমাজমাধ্যমে প্রকাশিত ভিডিওর ভিত্তিতে নিরপেক্ষ তদন্ত করতে হবে।
৩. আক্রান্ত ছাত্রছাত্রী ও ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে প্রতিহিংসামূলক পুলিশি ও প্রশাসনিক হয়রানি বন্ধ করতে হবে। তাঁদের বিরুদ্ধে জারি করা নোটিশ ও মামলার প্রকৃত ভিত্তি প্রকাশ্যে আনতে হবে।
৪. কলেজ কর্তৃপক্ষকে হামলাকারীদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিকভাবে FIR দায়ের করতে হবে এবং তদন্তে পূর্ণ সহযোগিতা নিশ্চিত করতে হবে।
৫. হামলার পিছনে যাঁদের প্ররোচনা, মদত বা প্রত্যক্ষ ভূমিকার অভিযোগ রয়েছে, তাঁদের রাজনৈতিক ও প্রশাসনিক পরিচয় নির্বিশেষে তদন্তের আওতায় আনতে হবে।
৬. আক্রান্ত চিকিৎসক ও ছাত্রছাত্রীদের নিরাপত্তা এবং প্রতিহিংসামূলক পদক্ষেপ থেকে সুরক্ষা নিশ্চিত করতে হবে।
আমরা স্বাস্থ্যমন্ত্রী ও পুলিশ প্রশাসনকে মনে করিয়ে দিতে চাই, সরকারি হাসপাতাল কোনও রাজনৈতিক দলের পার্টি অফিস নয়। মেডিক্যাল কলেজ রাজনৈতিক লুম্পেন বাহিনীর তাণ্ডব চালানোর জায়গা নয়। চিকিৎসক ও ছাত্রছাত্রীরা কারও রাজনৈতিক দাসত্ব করতে মেডিক্যাল কলেজে আসেননি।
যে চিকিৎসকেরা রোগীর জন্য ওষুধ, হাসপাতালের পরিকাঠামো এবং সরকারি স্বাস্থ্যব্যবস্থার উন্নতি দাবি করেন, তাঁদের উপর হামলা হলে তাঁরা প্রতিবাদ করবেনই। সেই প্রতিবাদের জবাব লাঠি বা পুলিশি নোটিশ দিয়ে দেওয়া যায় না।
হামলাকারীদের আড়াল করে আক্রান্তদের শাস্তি দেওয়ার এই নোংরা খেলা বন্ধ হোক। পুলিশের পোশাকের মর্যাদা রাজনৈতিক আনুগত্যে নয়, আইনের নিরপেক্ষ প্রয়োগে। শিক্ষকের মর্যাদা ক্ষমতাশালীদের দালালি করে নয়, ছাত্রছাত্রীদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশ রক্ষা করে।
মেডিক্যাল কলেজের আক্রান্ত ছাত্রছাত্রী ও ইন্টার্ন চিকিৎসকদের পাশে West Bengal Junior Doctors Front ছিল, আছে এবং থাকবে। তাঁদের আইনি, প্রাতিষ্ঠানিক ও গণতান্ত্রিক লড়াইয়ে আমরা সর্বতোভাবে সহযোগিতা করব।
একদিকে রাজনৈতিক মদতপুষ্ট হামলাকারীদের জন্য মুক্ত অভয়ারণ্য, অন্যদিকে আক্রান্তদের জন্য পুলিশের নোটিশ। এই দ্বিচারিতা চলবে না।











