আমাদের ছাত্র অবস্থায় মেডিক্যাল কলেজ, কলকাতা (মেডিক্যাল কলেজ,বেঙ্গল)-এর কয়েক জন শিক্ষক এর নাম শুনতাম বন্ধুদের কাছে। প্রথমেই যার নাম সবাই একবাক্যে বলত তিনি হলেন এনাটমির সমর মিত্র। আমরা অন্য মেডিক্যাল কলেজের ছাত্রছাত্রীরা তার কোচিং ক্লাসে পড়েছি। দ্বিতীয় জন ফিজিওলজির বিজয় চক্রবর্তী। এরপর মেডিসিনের শীতল ঘোষ, শ্যামল সেন। সার্জারির পি কে মুখার্জি, এম এম দাস, দুর্গা সেনগুপ্ত। গাইনীর মুকুলিকা কোনার, অজিত সরকার, ক্ষিতীন্দ্র মোহন গুণ। প্রিন্সিপাল হিসাবে বিজয় চক্রবর্তী, জে বি মুখার্জি। সকলেই গুণী শিক্ষক, স্বনামধন্য চিকিৎসক,অসাধারণ দক্ষ প্রশাসক। একই সঙ্গে ছাত্রবৎসল। আমাদের সময় সব মেডিক্যাল কলেজগুলোতে অনেক আন্দোলন হয়েছে। অবস্থান, অনশন, ঘেরাও সব হয়েছে। আন্দোলন হয়েছে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাকে কেন্দ্র করে এবং অনিবার্যভাবে সরকারের সঙ্গে সংঘাত হয়েছে। কিন্তু আমরা কোনদিন দেখিনি এই প্রিন্সিপাল, এই শিক্ষকরা ছাত্রদের বিপক্ষে অবস্থান নিয়েছেন বা ছাত্রদের কোনভাবে হেনস্থা হয়রানি করেছেন। কলেজের মধ্যে এই শিক্ষকরা সবসময় ছাত্রদের আগলে রেখেছেন,প্রয়োজনে স্নেহের শাসন করেছেন। ইনটার্ন,হাউসষ্টাফ থাকার সময় হাসপাতালের পরিকাঠামো, ওষুধ, সরঞ্জাম এসবের অভাব অপ্রতুলতা, এমনকি রোগির খাবারের মান নিয়েও আন্দোলন হয়েছে। আর এসব আন্দোলনে অবশ্যই সরকারি প্রসাশনের কাজকর্মের প্রতি অসন্তোষ প্রকাশিত ও প্রদর্শিত হবে, হয়েছেও। সেই সব আন্দোলনের সময় এনারা আমাদের বিপক্ষে অবস্থান নিয়েছেন এমনটা কোনদিন দেখিনি। বরং পরে এই গোত্রের শিক্ষকরা সেই সব দিনের কথা বলে আমাদের প্রশংসা করেছেন। মনে করিয়ে দিয়েছেন একজন চিকিৎসকের সঙ্গে রোগিদের সম্পর্ক, রোগীর প্রতি চিকিৎসকের দায়িত্ব ও কর্তব্যের কথা, এথিক্সের কথা। মেডিক্যাল কলেজ, কলকাতার গত কয়েকদিন ধরে যে সব ঘটনা ঘটে চলেছে সেসব দেখেশুনে আমাদের সময়ের সেইসব শিক্ষকদের কথা আবার মনে পড়ে গেল।
আর একটি একান্ত ব্যক্তিগত ঘটনার উল্লেখ করে এই প্রসঙ্গের ইতি টানব। আমার ছেলে তখন ক্লাস ফোর। ষান্মাসিক পরীক্ষার রেজাল্ট দেবার সময় ক্লাস টিচার অভিভাবকদের সঙ্গে দেখা করে ছাত্রদের পড়াশোনা ইত্যাদি বিষয়ে অবহিত করেন। আমি প্রথমেই কাঁচুমাচু হয়ে জানতে চাইলাম আমার পুত্রটি তাদের কতটা জ্বালাতন করে। তিনি বললেন, এই প্রশ্ন তো আমিই আপনাকে করব যে ও বাড়িতে কেমন ব্যবহার করে। কারণ সেইটা জানলে আমি ওদের ক্লাসে কতটা শেখাতে পেরেছি তার ইভাল্যুয়েশন করতে পারব। এসব শেখানোটাও আমাদের কর্তব্য। ওর বার্ষিক পরীক্ষার রেজাল্ট আনতে গিয়ে দেখি ওদের ক্লাসের সবাই হাপুস নয়নে কাঁদছে। না, গোটা ক্লাসে কেউ ফেল করেনি। ওরা কাঁদছে ক্লাস ফাইভে ওদের ওই স্যারকে আর ক্লাসে পাবে না এই কারণে।











