
পরিস্থিতির মোকাবিলায় বিভিন্ন ধরনের বিধি নিষেধ আরোপ করেই সরকার তাঁদের ওপর জমতে থাকা অনুযোগ অভিযোগের ভার লাঘব করার চেষ্টা করেন। এই সমস্ত ব্যবস্থার ঘোষণা সমস্যা থেকে সাময়িক স্বস্তি দিলেও দীর্ঘমেয়াদি স্থায়ী সমাধান এইসব ব্যবস্থায় যে মেলেনা তা বলা বাহুল্য।
এই বিষয়গুলো ক্রমশই কেমন যেন গা সহা হয়ে পড়েছে। প্রশাসনিক নজরদারির অভাব ও নিষ্ক্রিয়তার ফলে সমস্যার গভীরতা বাড়ছে বৈ কমছে না। এই ব্যাপারে নাগরিকদের সার্বিক অসহযোগিতা ও উদাসীনতার কথা আর নতুন করে কি বলবো ! সবকিছুকেই গত বছরের মাপকাঠিতে বিচার করতে বসে আমরা বাস্তবতাকেই যেন এড়িয়ে যাই। বিগত কয়েক বছর দিল্লি সরকারের পক্ষ থেকে Graded Response Action Plan ( GRAP) নামের এক কানুনী ব্যবস্থা গ্রহণের কথা বলা হলেও তা সমস্যার মূলোৎপাটনে কতদূর সফল হবে তা নিয়ে সন্দেহের অবকাশ রয়েছে।
শীতের শুরুতেই এই প্রশাসনিক বিধিনিয়ম লাগু করা হলেও এই ব্যবস্থা পরিস্থিতির কোনো ইতিবাচক পরিবর্তন আনতে পারবে না– এমনই আশঙ্কা প্রকাশ করেছেন বিশিষ্ট পরিবেশ বিজ্ঞানীরা।

শীতের ভারি বাতাসের ফলে বিপুলসংখ্যক মানুষ শ্বাসকষ্ট জনিত শারীরিক সমস্যার শিকার হচ্ছেন প্রতি বছর। কতগুলো তাপ্পিমারা ব্যবস্থা গ্রহণ করেই সরকার তার দায় মেটাচ্ছে, সমস্যার গভীরে ঢুকে তার সুরাহা করার ইচ্ছে সেভাবে প্রকাশ পাচ্ছে না। স্কুল কলেজ বন্ধ রাখা, ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থা বলবৎ করা, জোড় বিজোড় নম্বরের গাড়ি রাস্তায় নামার আইন লাগু করা – এসবই তেমন চটজলদি কিছু উপায়। সব কিছু বন্ধ করে দেওয়া কখনোই সুব্যবস্থা বলে চিহ্নিত হতে পারে না। অথচ সেই পথেই হাঁটছে দিল্লির প্রশাসন। এই সমস্ত বিধিনিয়ম প্রয়োগের ফলে সাময়িক কিছু উপশম মিললেও সমস্যা মেটেনা।
আজ যেটা দেশের রাজধানী শহরের সমস্যা,বাস্তবে তা গোটা দেশের তথা দুনিয়ার সমস্যা। এথেকে মুক্তির উপায় সুদূর পরাহত। এখন তাই বোধহয় এভাবেই তিল তিল করে অপেক্ষা করতে হবে এক মহা মুক্তি পর্বের জন্য।
নভেম্বর ২৬. ২০২৬












