বিভিন্ন রাজনৈতিক দল স্বাভাবিক নিয়মে ভোট প্রচার চালিয়ে যাচ্ছে—এই পরিস্থিতি গভীরভাবে উদ্বেগজনক এবং একাধিক মৌলিক প্রশ্ন তুলে দেয়। যখন বিপুল সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়ার অভিযোগ সামনে এসেছে, তখন এই সংকটকে উপেক্ষা করে প্রচার চালিয়ে যাওয়া নিছক দায়িত্বজ্ঞানহীনতাই নয়, বরং গণতান্ত্রিক দায়বদ্ধতার পরিপন্থী। গণতন্ত্রের প্রাথমিক শর্তকেই অমান্য করা হচ্ছে। ‘সর্বজনীন ভোটাধিকার’ — প্রত্যেক যোগ্য নাগরিকের নাম ভোটার তালিকায় থাকা এবং তাঁদের ভোটাধিকার সুনিশ্চিত হওয়া। সেই অধিকারই যখন অনিশ্চয়তার মুখে, তখন নির্বাচনী প্রচার কার্যত অর্থহীন।
দুঃখজনকভাবে, এখনও কোনও রাজনৈতিক দল স্পষ্টভাবে এই অবস্থান নেয়নি যে, আগে প্রত্যেক বৈধ নাগরিকের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হোক, তারপর তারা নির্বাচনী প্রচারে নামবে। বরং বাস্তবে যা দেখা যাচ্ছে, তা আরও উদ্বেগজনক।
‘SIR বাতিল করো’ বা ‘একজন বৈধ ভোটার বাদ গেলে দেখে নেব’—এই ধরনের স্লোগানগুলো শেষ পর্যন্ত অনেকাংশেই লোকভোলানো এবং আত্মপ্রচারমুখী বলেই প্রতীয়মান হচ্ছে, কারণ এগুলোর সঙ্গে মাটির বাস্তবতার কোনও দৃঢ় সংযোগ তৈরি করা যাচ্ছে না।
বাস্তবে সাধারণ মানুষ—বিশেষত গ্রামাঞ্চলের প্রান্তিক ও অসহায় জনগণ—প্রথমত নিজের নাম ভোটার তালিকায় দেখতে চান, নিজের নাগরিকত্ব নিশ্চিত করতে চান এবং ভোটাধিকার প্রয়োগ করতে চান। অনেক ক্ষেত্রে শাসক দল ‘সব ঠিক করে দেওয়া হবে’ এই আশ্বাস দিয়ে মানুষকে নির্ভরশীল ও নিষ্ক্রিয় করে রাখছে, ফলে ক্ষোভ থাকা সত্ত্বেও তা সংগঠিত প্রতিবাদের রূপ নিতে পারছে না। অন্যদিকে বিরোধী শক্তির একটি বড় অংশ সোশ্যাল মিডিয়ায় সীমাবদ্ধ থেকে প্রতিবাদের ভাষা তৈরি করছে, যা বাস্তব সংগ্রামের সঙ্গে সংযুক্ত না থাকায় এক ধরনের ভণ্ডামির ছাপ রেখে যাচ্ছে।
এই সামগ্রিক পরিস্থিতি একটি গভীর বৈপরীত্যকে সামনে আনছে —একদিকে মানুষের মৌলিক গণতান্ত্রিক অধিকার অনিশ্চিত, অন্যদিকে রাজনৈতিক দলগুলি ক্ষমতা দখলের প্রচারে ব্যস্ত। এই বিচ্ছিন্নতা আমাদের গণতান্ত্রিক কাঠামোর জন্য অত্যন্ত বিপজ্জনক সংকেত বহন করে এবং স্পষ্ট করে দেয়, এখন প্রয়োজন কেবল স্লোগান নয়, বরং বাস্তবভিত্তিক, সংগঠিত এবং সর্বস্তরের মানুষকে যুক্ত করতে সক্ষম একটি সুসংহত রাজনৈতিক অবস্থান।
নির্বাচন কমিশন ইচ্ছাকৃতভাবে ছড়িয়ে ছিটিয়ে তথ্য প্রকাশ করছে যাতে কোনো ছবি তৈরি না করা যায়। আমরা আনুমানিক ৩৫০০ বুথের তথ্য ঘেঁটে যা বুঝলাম সেটা নিচে দিলাম, যতটা সম্ভব ছড়িয়ে দিন।













