কে মানসিক ভাবে সুস্থ বা স্বাভাবিক? আর পাঁচটা বিষয়ের মত যথারীতি এই সংজ্ঞা নির্ধারণ করাও খুব কঠিন। যাই বলা হোক উলটো যুক্তি দেবার জন্যে মুখিয়ে আছে কিছু বোদ্ধা লোক। তাই আমরা একটা নির্দিষ্ট সংজ্ঞাতে যাবার আগে দেখে নিই কতভাবে মানসিক সুস্থতাকে ভাবা হয়েছে।
কোথাও কোনো মানসিক রোগ না থাকাকেই বলা হয় সুস্থতা।
আবার সমস্ত নাগরিকের মানসিক স্বাস্থ্যেকে একটি গ্রাফের মধ্যে নিয়ে আসলে তার দুটি স্ট্যান্ডার্ড ডিভিয়েশানের মধ্যে থাকলে সে সুস্থ।
কোথাও বলছে ঠিক যেটুকু কাজ করলে তার জীবন চলে যাবে সেটা করতে করতে পারলেই তিনি মানসিক ভাবে সুস্থ।
কেউ কেউ বলেন মানসিক চাপে না থাকা, ছোটখাটো সমস্যায় অপরের সাহায্য না নিলেই মানসিক ভাবে সুস্থ বলা যায়।
আর একটি মতবাদ হচ্ছে একটি রেখা যেটাকে আমরা একটা ধারাবাহিকতা ভাবতে পারি। যার দুটি মেরু আছে। একদিকে আছে মানসিক ভাবে সুস্থতা আর এক মেরুতে আছে মানসিক ভাবে অসুস্থতা। আর সমস্ত মানুষ তার মানসিক স্থিতি অনুযায়ী ওই রেখার বিভিন্ন অবস্থানে আছেন। এখানে মানসিক রোগ আর সুস্থতাকে দুটো একেবারে ভিন্ন বস্তু ভাবা হয়নি।
যাইহোক এইসব বিতর্ক ভালো ভাবে দেখাশোনার পরে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO মানসিক স্বাস্থ্যের একটা সংজ্ঞা দিয়েছে। সেটা হচ্ছে “এমন একটা অবস্থা যেখানে একটি মানুষ তার নিজস্ব ক্ষমতা সম্পর্কে ওয়াকিবহাল থাকেন , এবং দৈনন্দিন জীবনের সাধারণ চাপ গুলোকে মানিয়ে নিতে পারেন, এবং একটা ফলপ্রসূ এবং উৎপাদনশীল জীবন যাপন করে তার মত করে নিজের গোষ্ঠীতে অবদান রাখতে পারেন।” একটু বড় হলেও সব কিছু বিচার বিবেচনা করে এটা করা হয়েছে।
***










