সুনীতা অথবা গায়ত্রী ..কার মতো হবি তুই মেয়ে?
ভ্রুণের করুণ স্বর ভেসে আসে মা’র নাড়ি বেয়ে..
আগে তো বেরোতে দাও,
জরায়ু পেরোতে দাও
মা বাবা’র প্রার্থনা ছিলো ছেলে চেয়ে।
গায়ত্রী অথবা সুনীতা, কে তোর লক্ষ্য হবে সোনা?
ব্যাড টাচ না জেনে তো স্কুল পেরোবো না,
শরীরই তো সবকিছু,
ধর্ষিতা শব পিছু
কতজন সাজা পায় সে তো হাতে গোনা।
সুনীতা অথবা গায়ত্রী, কোন দিকে যেতে তুই চাস?
বারো ক্লাস পেরোনোয় শতাংশে পেরিয়েছি কবে পঞ্চাশ,
তারপর.. ঘর আর বর,
ওড়বার ইচ্ছে কবর,
সকলে টেরিয়ে দেখে বিয়ে ছাড়া পেরোলে আঠাশ।
গায়ত্রী অথবা সুনীতা, কী নাম রাখবো মেয়ে তোর?
ওঁদের রাখবে মনে এক দুই দিনই বড়জোর,
সফল হওয়ার পরে নাচা,
আলগা না বাকিদের খাঁচা
এবারে প্রশ্ন করি আমি , আশা করি পাবো উত্তর।
সুনীতা না গায়ত্রী হবো , আপাতত করি না পরোয়া
খাঁচাদের দোর খুলে দিলে ,আকাশকে ঠিক যাবে ছোঁয়া
ভাব-ঘরে না করে চুরি,
বরং জানাটা জরুরি,
ভ্রুণ থেকে বড় হতে হতে নামটাই যাবে না তো খোয়া?
পারলে আমায় বলে দাও, ক’জনকে ডাকবে অভয়া?










