“বিপ্লব করি জবাব চাইতে নয়,
বিপ্লব করি নিজেকে জবাব দিতে l”
ভেজা অক্ষর, তখনও তুষার রাত,
একলা বৃদ্ধ দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে l
স্বৈরাচারের বিবস্ত্র উৎসবে,
থমকে দাঁড়ায় যুদ্ধকামান-রথ l
একলা ছেলে, কেউ চেনে না তাকে,
তিয়ানানমেনে আটকেছে রাজপথ l
এমনি কত বাউল বিপ্লবী,
পাতালঘরে ঘুমিয়ে ইতিহাস l
রাজার পেয়াদা ধরে নিয়ে যায় তবু,
বেঁচে থাকে গান, পোড়ে নশ্বর লাশ l
ওদের জন্য কেউ ছিল না বসে
ভাতের থালা আগলে, আপনজন?
অরণ্যে ওরা রবিঠাকুর হাতে,
মানুষ থাকার চেষ্টাতে প্রাণপণ l
কিশোর কবির ভুলিনি অঙ্গীকার,
জন্মেছে শিশু, পৃথিবী দেখতে চায় l
আমিও তাই মানুষ খুঁজি কিছু,
শপথের ভিড়ে, আঠারো খোঁজে আমায় l











