ক্ষমতার হল্লাবোলের নীচ দিয়ে
দূর্নীতির ব্যারিকেডের ফাঁক দিয়ে
হেঁটে গেল হাজার হাজার পরাজয়
হাজার হাজার স্বপ্নভঙ্গ
কার্পেটের নীচের চালাকি দু’পায়ে দলে
এগিয়ে গেল নিদ্রাহীন মেরুদণ্ড
হাজার হাজার শিক্ষক প্রদীপ
মাথার ওপর দ্রুতগামী ফ্লাইওভার
স্টিয়ারিংয়ের ক্যারিকেচার
ট্রাফিক সিগন্যালের চোখরাঙানি
পুলিশের দূরছাইয়ের নীচে
রাস্তার ধারে বসে থাকে
স্বপ্ন নয়, স্বপ্নভঙ্গের ভেতর উচ্চশির
আগামী বাংলাকে আলোকিত করবার
হাজার হাজার প্রদীপ।
—————
_(১৬/০৭/২০২৫)_











