আবার একটা ৯ আগস্ট। দু বছর আগে অভয়া খুন হয়েছিল তার নিজের কাজের জায়গায়, আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে। তারপর সারা কলকাতা, সারা বাংলা, সারা দেশ আন্দোলনে উত্তাল হল। পৃথিবীর নানা দেশের মানুষ প্রতিবাদে সামিল হল। শাসকদের বিরুদ্ধে অভিযোগ উঠল সঠিক তদন্ত না হওয়ার। প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ উঠল প্রমাণ লোপাটের। সামনে এল হাসপাতালে প্রায় সর্বস্তরে দুর্নীতি, কলেজের পঠনপাঠন থেকে শুরু করে স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় অনিয়ম, স্বজন পোষণ, অবৈধ আর্থিক লেনদেনের।
প্রবল আন্দোলনে পরীক্ষা ব্যবস্থায় কিছু পরিবর্তন ঘটল। কিন্তু হাসপাতালে স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা বিষয়ে বিচারালয়ে দেওয়া প্রতিশ্রুতি সরকার রক্ষা করল না। সবচেয়ে বড় কথা অভয়ার বিচার নিয়ে আদালতের রায়ে তৎকালীন সরকার ছাড়া আর কেউ সন্তুষ্ট হল না। অভয়ার বাবা মা আত্মীয় পরিজন বন্ধু কেউই সন্তুষ্ট হতে পারেননি।
২০২৬-এর মে মাসে সরকারি ক্ষমতায় অন্য রাজনৈতিক দল এসেছে কিন্তু বিচার এখনও অসম্পূর্ণ। পুলিশের কয়েকজন বড় অফিসারকে নিলম্বিত করা হয়েছে। কিন্তু স্বাস্থ্য বিভাগের প্রশাসনের উচ্চস্তরের আধিকারিকদের, বিশেষ করে যাদের বিরুদ্ধে প্রমাণ লোপাটের কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে উঠেছিল, তাদের অনেকেই স্বপদে বহাল। নতুন করে তদন্তের নির্দেশ হয়েছে একই সংস্থা (সি বি আই)-এর অন্য তদন্তকারী কর্মকর্তাকে দিয়ে। তবে সঠিক তদন্ত তথা সুবিচার এখনও অধরা।
যারা সেদিন বিচারের দাবিতে পথে নেমেছিল, দু বছর ধরে আন্দোলনে সামিল থেকেছে তাদের সকলের দায়িত্ব প্রশাসন তথা সরকারকে জানিয়ে দেওয়া, স্মরণ করিয়ে দেওয়া যে আমরা সবাই অভয়া হত্যাকাণ্ডের সুবিচার চাই, আমাদের ক্ষোভ, ক্রোধ প্রশমিত হয়নি।
জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল সকল চিকিৎসক, চিকিৎসা কর্মী তথা রাজ্যের সর্বস্তরের মানুষের কাছে আবেদন জানাচ্ছে আগামী রবিবার ৯ আগস্ট,২০২৬ বেলা ১-৩০ এ কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পদযাত্রায় ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের সঙ্গে একসাথে অভয়ার বিচারের জন্য আওয়াজ তুলতে এবং বেলা ২ টোয় ধর্মতলায় অভয়া মঞ্চের ডাকা জমায়েতে সামিল হতে।
জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস, ওয়েস্ট বেঙ্গল










