ঘমাসান যুদ্ধ বেঁধেছে। যুদ্ধ আর থামেনা! একদিকে প্রবল পরাক্রমশালী দিগ্বিজয়ী গ্রীক বাহিনী। আর অন্যদিকে তাদেরই প্রতিবেশী ছয় ছোট্ট চেহারার একটি দেশ – ট্রয় বা ইলিয়ন । যুদ্ধ চলছে তো চলছেই। থামার কোনো লক্ষণ নেই। ছোট্ট ট্রয়কে কব্জায় আনতে না পেরে গ্রীকরা তো প্রায় হাল ছেড়েই দিয়েছে। কিন্তু বিজয়ী আর বিজিতর পার্থক্য যতদিন না স্পষ্ট করে বোঝা যাচ্ছে ততদিনে ময়দান ছেড়ে চলে গেলে সম্মানহানি হবে না ? তাহলে উপায়? উপায় নিয়ে মাথা
খাটানো শুরু হলো।বাহুবল আর অস্ত্রবলে কাজ হাসিল হচ্ছে না দেখে শেষমেশ গ্রীকরা এক নতুন কৌশল অবলম্বন করলো। কি সেই কৌশল?
অনেক ভেবে চিন্তে শেষমেশ একটা উপায় বের করলো তারা।
পেল্লাই সাইজের এক কাঠের ঘোড়া তৈরি করা হলো ছুতোর মিস্ত্রিকে ডেকে যার ভেতরটা ছিল ফাঁপা। কাঠের ঘোড়ার ফাঁকা খোলের মধ্যে লুকিয়ে রইলো গ্রীক সৈন্যরা। তারপর ঘোড়াটাকে নিয়ে রাখা হলো ট্রয় নগরীর সীমান্তে, তার গায়ে বড়ো বড়ো অক্ষরে লিখে দেওয়া হলো– “ট্রয়ের অনমনীয় বীর সংগ্রামী মানুষের জন্য গ্রীস বাসীদের উপহার।” ঘোড়া দেখে ট্রয়ের মানুষজন তো বেজায় খুশি। হৈ হৈ করে ট্রয়ের মানুষজনই টেনে নিয়ে গেল তাঁদের বীরত্বের স্বীকৃতির স্মারককে– দ্যা ট্রোজান হর্স। নগরীর ভেতরে সকলের নজরে পড়বে এমন একটা জায়গায় রাখা হলো ঘোড়াটাকে। রাত ঘনিয়ে আসতে পরম নিশ্চিন্তে ট্রয়বাসী ঘুমিয়ে পড়তেই সেই বিশাল কাঠের ঘোড়ার পেট থেকে বেরিয়ে এলো ওৎ পেতে থাকা গ্রীক সৈন্যরা। রাতের অন্ধকারে নিদ্রিত ট্রয়বাসীকে পর্যুদস্ত করে ট্রয় জয় করে নিলো তাঁরা। এই হলো ট্রয়ের ঘোড়ার বেত্তান্ত। 
এর উত্তরে আমি যা বলবো তা মানা, না মানা সম্পূর্ণভাবে আপনাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে আমার মনে হয় হোমার এ কথাই, হয়তো বোঝাতে চেয়েছিলেন যে, যাকে নিরাপদ বলে আমরা মনে করি, তা সবসময় মোটেই নিরাপদ নয়। অনেকসময় আমরা তার বিষয়ে বিস্তারিত খোঁজ খবর না নিয়েই তাকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে কাজে লাগাতে শুরু করি যা ভবিষ্যতে ভয়ঙ্কর বিপদের দিকে আমাদের ঠেলে দেয়। ট্রোজানের ঘোড়াকে ট্রয়ের মানুষজন পরম বিশ্বাসে নিজেদের এলাকায় নিয়ে গিয়ে ঠাঁই দিয়েছিল, আর তার পরিণতি হয়েছিল ভয়াবহ। ট্রয়ের মানুষজনকে এই ভুলের চোরাবালিতে আটকে গিয়ে মাশুল দিতে হয়েছে কয়েক প্রজন্ম ধরে।
মাইক্রো প্লাস্টিক ও তার সম্ভাব্য প্রতিক্রিয়া সম্পর্কে সকলকে সচেতন করে তুলতে দ্যা গার্ডিয়ান পত্রিকার প্রতিবেদক পিপ্পা নেইল এভাবেই ট্রোজান হর্সের সঙ্গে এই প্রতিক্রিয়ার প্রসঙ্গটির প্রতিতুলনা করেছেন। প্লাস্টিক এলো,দেখলো,জয় করলো । পুরনো সবকিছুকে পেছনে ফেলে প্লাস্টিক হয়ে উঠেছে একালের এক অপ্রতিরোধ্য উপকরণ। প্লাস্টিক জৈব বিয়োজ্য নয়, অর্থাৎ মানুষের হাত ঘুরে একবার প্রকৃতির মুক্ত আঙিনায় হাজির হলে তা টিকে থাকে বহু বহু বছর ক্ষুদ্র,অতি ক্ষুদ্র কণার আকারে। ট্রয়ের মানুষজন গ্রীকদের পাঠানো কাঠের ঘোড়াকে নিজেদের এলাকায় ঢুকিয়ে নিয়ে নিজেদের বিপদ ডেকে এনেছিল তাকে চিনতে না পেরে, বিজ্ঞানের আশীর্বাদ বলে প্লাস্টিককে ঘরে এনে তার বিষময় প্রতিক্রিয়ায় এখন পস্তাচ্ছে গোটা দুনিয়া। মাইক্রো প্লাস্টিক বর্জ্য থেকে মাটিতে মিশছে প্রাণঘাতী দূষক, ক্ষতিকারক কীটনাশক ও ব্যাকটেরিয়া। এরফলে মাটি,শস্য , খাদ্য সম্ভারের পথ বেয়ে তা পৌঁছে যাচ্ছে আমার, আপনার শরীরে।
সুইজারল্যান্ডের একটি কৃষি জমির মাটিতে বাতিল হয়ে যাওয়া টায়ারের বর্জ্য কণার অস্তিত্ব টের পেয়েছেন সমীক্ষকরা যা টক্সিক রাসায়নিক পদার্থ ও সূক্ষ্ম ধাতব পদার্থ যুক্ত। এর ফলে মাটির কি হাল হবে তা বলার নয়।
ইতালির পিয়াসেন্জার ক্যাথলিক ইউনিভার্সিটি অফ সেক্রেড হার্টের মাইক্রোবায়োলজির অধ্যাপক এডোয়ার্ডো পাগলিসির মতে প্লাস্টিক কণাগুলোর আকার যতো ক্ষুদ্র হবে ততো বেশি বেশি করে দূষক,মাইক্রোবস্ এবং DNA তাদের মাধ্যমে মাটিতে অধিশোষিত হবে। এর প্রতিক্রিয়া হবে সেই ট্রোজান হর্সের মতো – আপাতভাবে নির্বিরোধী ওই অতি ক্ষুদ্র প্লাস্টিক কণা থেকে মাটিতে নীরবে ছড়িয়ে পড়বে বিভিন্ন প্যাথোজেন এবং এন্টিবায়োটিক প্রতিরোধী জিনেরা। এর ফলে ভেঙে পড়তে পারে প্রাকৃতিক পুষ্টি চক্র, হারিয়ে যাবে মাটির মধ্যে মিশে থাকা উপকারী অণুজীব সহ কেঁচোর মতো অত্যন্ত উপকারী প্রাণি। এরফলে ভেঙে পড়বে মাটির একান্ত প্রাকৃতিক বাস্তুতন্ত্র। মৃত্তিকার সন্তান হিসেবে পরিচিত গাছেদের ওপরেও এর গভীর নেতিবাচক প্রভাব পড়বে। গবেষকরা জানিয়েছেন যে মাটিতে মাইক্রো প্লাস্টিকের পরিমাণ বাড়লে কমবে গাছের পাতার পরিসর, ক্লোরোফিলের পরিমাণ, সালোকসংশ্লেষণের সক্রিয়তা এবং জৈব ভরের অনুপাত। রাতের অন্ধকারে কাঠের ঘোড়ার ফাঁকা খোলের ভেতর থেকে বেরিয়ে আসা গ্রীক সেনাদের মতো চুপচাপ ধরিত্রীর এই অমূল্য সম্পদের চরিত্রটাই বিলকুল বদলে ফেলবে। শুখা খরার সময় গাছেদের ওপর এর প্রভাব আরও তীব্রতর হবে কেননা গাছেদের তখন শুখা মোকাবেলায় ব্যস্ত থাকতে হয়।
আমাদের ঘরের মা অসুস্থ হলে যেমন সংসারের শৃঙ্খলা ভেঙে পড়ার উপক্রম হয়, ঠিক তেমনি মাটি অসুস্থ হলে তার খেসারত দিতে হবে সমগ্র মানবজাতিকে। এই ক্ষয়ক্ষতি কতটা সুদূরপ্রসারী প্রভাব ফেলবে তা বোধহয় এই মুহূর্তে আন্দাজ করতে পারছিনা আমরা। জৈব বিয়োজ্য প্লাস্টিক হয়তো এই সমস্যার অন্যতম সমাধান হয়ে উঠতে পারে কিন্তু তা কখনোই একমাত্র মুশকিল আসান হবেনা। এজন্য চাই গণসচেতনতা এবং প্লাস্টিক ব্যবহার বিষয়ে একটা সামাজিক পরিমিতিবোধ। প্রয়োজন প্লাস্টিকের উৎপাদন ও ব্যাবহারের ওপর কড়া প্রশাসনিক নজরদারি। পাশাপাশি প্লাস্টিকের ব্যবহার সংক্রান্ত বিধিসম্মত সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করার বিধান বলবৎ করা হোক অন্তত পরীক্ষামূলক ভাবে। এই প্লাস্টিস্ফিয়ার এক সর্বগ্রাসী ক্ষুধা নিয়ে ক্রমশই বাড়ছে। এর হাত থেকে বাঁচতে সচেতন হবার এই হয়তো শেষ অবসর।










