কার্তিক পেরিয়ে অঘ্রাণ পড়ল। এই সময় গ্রামবাংলায় ঠিক জাঁকিয়ে না হলেও, অল্পবিস্তর ঠাণ্ডা পড়েই যায়। শহুরে যানবাহন, লোকজনের আধিক্য যেখানে নেই, বাড়িঘর কম – সেখানে শীতকাল প্রলম্বিত তো হবেই।
দোলন বৃষ্টিকে নিয়ে ভিতরের ঘরের খাটে বালাপোশের নিচে সেঁধিয়ে যাওয়ার পরে অপু বাইরের ঘরের চৌকিতে চুপচাপ বসে রইল খানিকক্ষণ। পুবপাড়ার আবহাওয়ায় তাত বাড়ছে। বহুকালের বাসিন্দা মানুষগুলো স্পষ্ট দুটো পক্ষে ভাগ হয়ে গিয়েছে। একপক্ষের ঝামেলা না-পসন্দ। রাষ্ট্রশক্তির সঙ্গে লড়ে জেতা যায় না, এই তাদের অভিমত। সরকার যা দিচ্ছে, সেটুকু হাত পেতে নিয়ে পাততাড়ি গুটোনোই শ্রেয় – বেশি লম্ফঝম্প করলে আম ছালা দুটোই যাবে বলে ভয় পাচ্ছে তারা। অন্য পক্ষ ভিটেমাটি কামড়ে পড়ে থাকতে চায় – জমির টান অদম্য, প্রাণ থাকতে ক’টা টাকার বিনিময়ে পূর্বপুরুষের মাটি বহিরাগতদের কিনে নিয়ে যেতে দেবে না তারা। এই দ্বিতীয় পক্ষই দলে ভারি এখনও পর্যন্ত। তবে তলে তলে ভাঙন ধরছে কিনা জানে না অপু। নিজের ব্যাপারেও কী সে নিশ্চিত?
শীতবোধ বাড়তে থাকায় ওয়াড়বিহীন পাতলা লেপটা গায়ের উপর টেনে শুয়ে পড়ল সে। এতোলবেতোল চিন্তা করতে করতেই কখন যেন ঘুম এসে গিয়েছিল। একটা লঘু স্পর্শে ছিঁড়ে গেল তন্দ্রাজাল।
নাকে গন্ধতেলের হালকা সৌরভ, বুকের উপর পরিচিত কয়েকটা আঙুলের চপল আনাগোনা, কানের লতিতে গরম নিশ্বাসের ফোঁসফোঁসানি – অপু বুঝল, দোলন এসেছে তার বিছানায়, লেপের ওমের মধ্যেই দ্রুত অনাবৃত করছে নিজেকে। ভীষণ অবাক হলো সে, কিন্তু ঐ উষ্ণ নিরাবরণ নারীদেহের স্পর্শও তার হিমশীতল শরীরে পৌরুষের বিন্দুমাত্র উত্থান ঘটাতে পারল না – কোনও উত্তেজনা, কোনও আলোড়নই টের পেল না অপু।
পরদিন সকালে গণ্ডগোলের খবর এলো স্টেশন চত্বর থেকে। ঝোড়ো হাওয়ার মুখে উড়ন্ত খড়কুটোর মতো দুঃসংবাদ এলো উড়তে উড়তে – হাইওয়ে ধরে ক্রেন আর বুলডোজার এসে পৌঁছে গিয়েছে পুবপাড়া স্টেশনের ওপাশে। আজই হয়ত আরম্ভ হবে ভাঙার কাজ।
খবরটা পেয়ে নিজের সাইকেলটা ঠেলে বাড়ি থেকে বেরোতে গিয়ে বউকে পথ আগলে দাঁড়াতে দেখে বিস্মিত হলো অপু।
”কি হলো?”
”তুমি যেতে পাবে না!” – দোলনের সংক্ষিপ্ত জবাব।
”মানে?”
”যাবেটা কোতায় শুনি?”
”বাচ্চু বলে গেল শোনোনি? দোকানের ওদিকেই গণ্ডগোল বেধেছে — একবার দেখে আসব না?”–
”কোনো দরকার দেখচি না! বলি, খবর কিছু রাখো? অনন্ত দোকানির ভাইকে যে দুটো সাগরেদ সমেত কাল তুলে নিয়ে গ্যাছে পুলিশ, জানো সে কতা?”
এই খবরটা নতুন। বিকাশ গত কয়েকদিন ধরেই পাড়ায় পাড়ায় ছোট ছোট মিটিং করে বেড়াচ্ছিল, জানে অপু। ওরা একটা উচ্ছেদ প্রতিরোধ কমিটি তৈরি করেছে। যারা কোনো মূল্যেই জমি বা বসতভিটে সরকারের হাতে তুলে দেবে না, তারা রয়েছে সেই কমিটিতে। নিতাই, অনন্তদা, ব্রজকাকা তো আছেই, অপ্রত্যাশিত ভাবে সাহাবাড়ির বিধবা গিন্নিও নাম লিখিয়েছেন – তিনি একা মেয়েমানুষ, অতিকষ্টে শাড়ির ব্যবসাটাকে দাঁড় করাবার চেষ্টা করে যাচ্ছেন – কিছুতেই চালকলের জমির মালিকানা তিনি বেহাত হতে দেবেন না, প্রাণ যায় সে-ও ভাল।
বীথির চাকরিটা চলে গিয়েছে। রুণুবৌদি প্রথম ক্ষতিপূরণ নিয়েছে। অকর্মা স্বামী নিয়ে বিপ্লব করা সম্ভব নয়, এই ভেবেই পরিস্থিতির সঙ্গে আপস করে নিয়েছে বেচারী। রাখাল বিশ্বাস, মনু চাকলাদার, ইব্রাহিম কশাই – এইরকম আরো কয়েকজন প্রথম দিনেই ক্ষতিপূরণের চেক নিতে ছুটেছিল বিডিও আপিসে।
আরও অনেকের মতো অপুও মনস্থির করে উঠতে পারেনি।
গত সপ্তাহে স্থানীয় এমএলএ শক্তিপদ সাহার ডান হাত সুব্রত মণ্ডল এসেছিল তার কাছে – তাকে নরমে গরমে প্রচুর বুঝিয়েছে লোকটা।
পুবপাড়ায় মোটরসাইকেলের কারখানা হলে তার চাকরি নিশ্চিত, এমন কথাও বলেছে।
নিজের ভিটে, বুকের রক্ত জল করা দোকান – সব ছেড়ে দিতে হবে, ভাবতেই মনটা ভেঙে আসছিল অপুর। তবু শেষ অবধি ক্ষতিপূরণটা নিতে হয়ত যেতেই হবে তাকে, এটাও বুঝতে পারছিল সে। কারণ আর কিছুই নয়, লোভ। একটা ফিটফাট চাকরির বড্ড লোভ তার। কে জানে, যদি একটা কেতাদুরস্ত চাকরি থাকত তার, তাহলে দোলন হয়ত —–
তবে বিকাশের গ্রেফতারির খবরটা আনকোরা, চোরা আতঙ্কেরও বটে।
দোলনের সঙ্গে অপুর চাপানউতোরের মাঝখানে ইলেকট্রিশিয়ান সোমেন এলো ছুটতে ছুটতে। অপুর পড়শি সে।
”অপুদা, শুনেছ সব?” হাঁপাচ্ছিল সোমেন।
”কি শুনব?”
”বাউরিপাড়ার ওদিকে যন্তর নামিয়েছে গো। সব ভেঙে দিচ্ছে! বাড়ি ঘরদোর — গাছপালা – সঅব! যারা টাকা নিয়েছে তাদেরগুলো তো ভাঙছেই, যারা নেয়নি, তাদেরও ছাড়ছে না। বিশাল গণ্ডগোল হচ্ছে গো, গুলিও চলেছে শুনলাম।” -শেষের দিকে গলাটা একটু কেঁপে গেল সোমেনের।
ওদের উত্তেজিত কথাবার্তার মধ্যেই দেখা গেল একটা ভিড় এগিয়ে আসছে এদিকে। পাড়ারই লোকজন সব। সকলেই শুনেছে বাউরিপাড়ার ঘটনা। সবাই সামনে গিয়ে দেখতে চায়। আগুন একবার যখন লেগে গিয়েছে, কারোর ঘরই বাঁচবে না সে কথা সকলেই বুঝছে। সর্বহারাদের আর কিসের ভয়?
দোলনের আপত্তি, বৃষ্টির কান্না, সব পিছনে পড়ে রইল – ভিড়ে মিশে অপু এগোতে লাগল অকুস্থলের দিকে।
গণ্ডগোলের আওয়াজ এখন স্পষ্ট। এপক্ষও কম হল্লা করছে না। সবাই জানে গুলি চলেছে। তবু নকল বুঁদির গড়ের রক্ষকের মতো লাঠি, টাঙি, বাঁশ, কাটারি — যে যা পেয়েছে হাতের কাছে তাই নিয়ে দৌড়েছে। বাউরিপাড়ার মুখটায় এসে থামতে হলো সকলকে। কে যেন একটানা চিৎকার করতে করতে ছুটে আসছে পিছনে। ”অপুউ, অপুউউউ, দাঁড়াও একটু, দাঁড়াও তোমরা” –
নিজের নাম কানে যেতে খানিকটা থমকালো অপু।
বীথি! এলোমেলো পায়ে দৌড়ে আসছে সে। চুল উস্কোখুস্কো, মুখে ভাঙচুর। হাঁপাতে হাঁপাতে অপুর সামনে এসে দাঁড়িয়ে বীথি শুধু দু’টো কথাই বলতে পারল – ”ফিরে চলো”।
অবাক অপু শুধোলো -”কেন? কী হয়েছে?”
বীথি মাথাটা নামিয়ে চুপ করে দাঁড়িয়ে রইল কয়েক মুহূর্ত। তারপর মুখ তুলে শান্ত গলায় কেটে কেটে উচ্চারণ করল– ”গণাদাদু এইমাত্র চলে গেল। শেষ কাজটা তো আমাদেরই করতে হবে। বাড়ি চলো”।
চিতার আলো প্রায় নিভে এসেছে। একটা বিনবিনে বিলাপ শোনা যাচ্ছিল কিছুক্ষণ আগে অবধি। সেটাও আর শোনা যাচ্ছে না। ক্লান্ত অনিমা ক্ষান্ত দিয়েছে বুঝি। শেষ সূর্যের আলো পড়ে চিকচিক করছিল গঙ্গার জল। অনেকেই এসেছে। বিশেষ কথাবার্তা বলছে না কেউ। বলবার আছেটাই বা কী? ইতিমধ্যেই খবর ছড়িয়ে গিয়েছে যে বাউরিপাড়ার গণ্ডগোল দু’রাউন্ড গুলিতেই দমিয়ে দেওয়া হয়েছে। স্টেশনঘেঁষা বাজারপাড়ার কুণ্ডুদের ইস্কুলে পড়া ছেলেটার পায়ে গুলি লেগেছিল। এমএলএ শক্তিপদ সাহার লোকজন তাকে ঠাণ্ডাগাড়িতে চাপিয়ে কলকাতার বড় হাসপাতালে নিয়ে গেছে — সব খরচাপাতি নাকি তাদের। এরপর আর কিছু বলার বাকি থাকে না।
স্তব্ধ ভিড়টার এককোণে দাঁড়িয়ে অপু আর বীথি নিভন্ত চিতার কমলা দীপ্তির দিকে তাকিয়েছিল একদৃষ্টে।
নৈঃশব্দ্য ভেঙে প্রথম কথা বলল বীথি -”এইভাবেই শেষ হয়ে যাবে, না গো?”
অপু বুঝতে পারে না। বলে –”কী? কীসের শেষ”?
কেমন খাপছাড়া খেয়ালি হাসি হাসে বীথি। বলে -”তুমি, আমি, আমাদের পাড়া, এই উথালপাথাল সময় – সবকিছু!”
”কী সব বলছ, কিচ্ছু বুঝতে পারছি না” —অপুর সত্যিই সব গুলিয়ে যাচ্ছিল।
ঘেমো আঁচল দিয়ে মুখটা একবার মুছে নেয় বীথি। তারপর কেজো গলায় বলে ওঠে –”কিছু না। চলো, ছাইটুকু মা গঙ্গায় ভাসাতে হবে তো। এদিকে তো হয়েই এলো প্রায়” –
বীথির কথার মধ্যেই অপু মুখ ফিরিয়ে দেখল শ্মশানবন্ধুদের পাতলা হতে থাকা ভিড়ের প্রান্তে দোলন এসে দাঁড়িয়েছে বৃষ্টির হাত ধরে। কেমন অদ্ভুত, করুণ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে তার আর বীথির দিকে। অপু দেখতে পায়, বৃষ্টি হঠাৎই মায়ের হাত ছাড়িয়ে ছুটে আসছে এদিকে –“বাবা, ও বাবা, বাবা” –
অপু জলের ধার থেকে উঠে পড়ে – টলমলে পায়ে হাঁটতে থাকে মেয়ের দিকে।
নিভু নিভু দিনের আলোয় গঙ্গার বুকে নেমে বীথির হঠাৎ মনে হয়, কাল এখানে সরকারি বুলডোজার চলবে। এই দাহস্থানটুকুর অস্তিত্বও আর থাকবে না। আরও কিছুদিন বাদে ভাঙা হয়ে যাবে বাউরিপাড়ার সব বাড়ি। সন্তানসন্ততি, গাঁটরি, তোরঙ্গ ঘাড়ে করে ছিন্নমূল মানুষগুলোর নিরুদ্দেশ যাত্রা আরম্ভ হবে। কোথায় পথের শেষ, কোথায় যাত্রাসিদ্ধি কেউ জানবে না। পুবপাড়া শ্মশানঘাটের শেষ পোড়া লাশ হয়ে গণাদাদু তাদের ভিটেমাটিরুজির মতো কোন অনন্তে বিলীন হয়ে গেল – তার খবরও কেউ রাখবে না কোনওদিন।
(শেষ)












