ছাত্রছাত্রীরা অবস্থান বিক্ষোভে বসেছে প্রিন্সিপাল অফিসের সামনে। সন্ধ্যা গড়িয়ে রাত হতে চললো, ঘড়ির কাঁটা আটটা পেরিয়ে গেছে। একজন অধ্যাপক এলেন, মোবাইলে অবস্থানরত ছাত্রছাত্রীদের ভিডিও রেকর্ড করলেন, এবং তারপর ছাত্রদের পাশ কাটিয়ে ঢুকে গেলেন প্রিন্সিপালের অফিসে। এবং ঠিক তারপরই শুরু হলো ছাত্রছাত্রীদের উপরে বিজেপির বহিরাগত গুন্ডাদের হামলা। ‘ডাক্তারদের চামড়া, গুটিয়ে নেব আমরা’ স্লোগানে ফ্যাসিস্ট বাহিনী সন্ত্রাস চালিয়ে গেল এশিয়ার প্রাচীনতম মেডিকেল কলেজের বুকে। এই হামলার পিছনে যার অদৃশ্য হাতকে দায়ী করছে অনেকেই, সেই অধ্যাপকের পরিচয়টা ঠিক কী? তিনি সম্রাট চক্রবর্তী, স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা বিভাগের অধ্যাপক, এবং NMO (ন্যাশনাল মেডিকোস অর্গানাইজেশন – আরএসএস বিজেপির চিকিৎসক শাখা)-র মেডিকেল কলেজ কলকাতা শাখার সভাপতি। তিনি আগে ছিলেন Associate Professor (এই পরিচয়ই এখনো আছে মেডিকেল কলেজের ওয়েবসাইটে)। আর এই নভেম্বরে বেশ কিছু সিনিয়রকে টপকে তাঁর পদোন্নতি হয়েছে, তিনি পুরোদস্তুর Professor এখন। অথচ মেডিকেল এডুকেশন সার্ভিসের চিরাচরিত ধারা মেনে পদোন্নতির সাথে সাথে বদলির প্রথা মুলতুবি রাখা হয়েছে তাঁর জন্য। কেন? সম্ভবত শাসক দলের সংগঠনে তাঁর গুরুত্বের কথা মাথায় রেখে। গুরুত্ব ঠিক এতটাই যে তিনি কলেজ কাউন্সিলের সদস্য না হওয়া সত্ত্বেও অবস্থান বিক্ষোভের মাঝে অবলীলায় প্রিন্সিপালের ঘরে ঢুকে দণ্ডমুণ্ডের কর্তা হয়ে বসেন। শোনা যায়, সেই গুরুত্বের জোরেই তাঁর বিরুদ্ধে বারংবার দুর্ব্যবহারের লিখিত অভিযোগও বাজে কাগজ হয়ে পড়ে থাকে। হ্যাঁ, এতটাই গুরুত্বপূর্ণ তিনি।
বাইরে ফ্যাসিস্ট গুণ্ডামি ও ভিতরে প্রশাসনিক পঙ্গুত্ব দেখে ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা এহেন গুরুত্বপূর্ণ প্রফেসর ডাঃ সম্রাট চক্রবর্তীকে ঘিরে স্লোগান দিয়েছে, ধিক্কার দিয়েছে, কর্তৃপক্ষের মতে ‘অসভ্যতা’ও করেছে। তাদের সিনিয়র হিসেবে আমি সত্যি বলতে মোটেও খুশি নই। এইরকম লোকের সাথে এই আচরণের ফলাফল ঠিক কী হতে পারে, সেটা কি ওরা জানেনা? আরে ভাই, একবার ঠ্যাঙ্গারে বাহিনীর হাত থেকে বেঁচে গেছিস মানেই কি সবসময় বাঁচবি? প্রাণের মায়া নেই রে তোদের?












