ডাক্তার এতদিন দু’রকম জানতাম, সরকারি আর প্রাইভেট। এখন দেখছি ভুল জানতাম।
নতুন হিসেবে কেউ রাত জেগে নাইট ডিউটি করলে সে নকশাল। স্টাইপেন্ড চাইলে ইনসার্জেন্ট। রোগীকে প্রাইভেটে পাঠাতে আপত্তি করলে তো কথাই নেই, সোজা মাওবাদী। আর যার হাতে বন্দুক নেই অথচ মাথায় প্রশ্ন আছে, তার জন্য নতুন শব্দ বেরিয়েছে, “মানসিক মাওবাদী”।
তিরিশ বছর ডাক্তারি করে আমি নিজের ক্যাটাগরিটা এখনও বুঝে উঠতে পারলাম না। মাঝেমধ্যে প্রশ্ন তো করি।
আদর্শ ডাক্তার কে, সেটা অবশ্য এখন পরিষ্কার। মুখ বন্ধ রাখবেন, মাথা নিচু রাখবেন, আর কান খোলা রাখবেন শুধু ওপরতলার কথা শোনার জন্য।
এ লেখা পড়ে হাসলে সাবধানে থাকবেন, তালিকায় নাম উঠে যেতে পারে।











