Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

সময়ের খাতায় কোনও FIR জমা পড়ে না। সেখানে শুধু সাক্ষ্য জমা থাকে।

IMG_5e2a5da5-c960-455f-8948-c9ce3f8be2fa
Dr. Arunachal Datta Choudhury

Dr. Arunachal Datta Choudhury

Medicine specialist
My Other Posts
  • November 28, 2026
  • 8:46 am
  • No Comments

১. রাতের চায়ের দোকান

মেডিকেল কলেজের দুনম্বর গেটের কাছে নিতাইয়ের চায়ের দোকানটা সেই কবে থেকে আছে, কেউ জানে না। কলেজের কত প্রিন্সিপাল এসেছেন, কত সুপার বদলেছেন, কত ছাত্র পাশ করে ডাক্তার হয়েছেন, কত আন্দোলন হয়েছে—নিতাই সব দেখেছে। তার দোকানের বেঞ্চিতে বসেই একসময় ছাত্ররা আন্দোলনের রণকৌশল ঠিক করত। আবার সেই বেঞ্চিতেই পরদিন সকালে বসে চা খেতে খেতে আন্দোলনের নেতাদের গালাগালিও দিত।

সেদিন রাতেও দোকানে ভিড়।

একদিকে বসে আছেন ডাঃ অরিন্দম সেন। মেডিকেল কলেজের প্রাক্তনী। অবসর নিয়েছেন কয়েক বছর হলো। ছাত্রজীবনে আন্দোলন করেছেন, পরবর্তী জীবনে শিক্ষকতাও করেছেন। এখন মাঝেমধ্যে কলেজে যান, পুরোনো ছাত্রদের সঙ্গে দেখা করেন।

তাঁর পাশে বসে আছেন ডাঃ নির্মাল্য রায়। একসময় অরিন্দমের আন্দোলনের সঙ্গী ছিলেন। এখন সরকারি স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে যুক্ত। ছাত্রজীবনের পুরোনো বন্ধুত্ব এখনও আছে, কিন্তু রাজনৈতিক অবস্থান অনেকটাই আলাদা।

দোকানের অন্য বেঞ্চিতে বসে আছে অনির্বাণ, মেডিকেল কলেজের একজন ইন্টার্ন। চোখেমুখে ক্লান্তি। গত কয়েকদিন ধরে তার ঘুম নেই।
সঙ্গে এসেছে তার বন্ধু সায়ন, একজন পোস্টগ্র্যাজুয়েট ট্রেনি।
নিতাই চা দিতে দিতে বলল,— কী গো ডাক্তারবাবুরা, আবার কী একটা গোলমাল হয়েছে নাকি? আজকাল তোমাদের কলেজের নাম শুনলেই ভয় করে।

অনির্বাণ মৃদু হেসে বলল,— গোলমাল না কাকু, আমাদেরই বোধহয় এবার কলেজে ঢোকা বন্ধ হয়ে যাবে।

অরিন্দম তাকালেন।— কেন? কী হয়েছে?

অনির্বাণ একটু ইতস্তত করে বলল,— স্যার, আমরা তো শুধু সেদিনের ঘটনাটা সাংবাদিকদের বলেছিলাম। এখন শুনছি ডিউটি ফাঁকি, শৃঙ্খলাভঙ্গ, কর্তৃপক্ষের সঙ্গে দুর্ব্যবহার—কত কী!

নির্মাল্য চায়ের কাপ নামিয়ে বললেন,— দেখো, কলেজ চালাতে গেলে একটা শৃঙ্খলা দরকার। সবাই যদি নিজের ইচ্ছেমতো চলে, তাহলে প্রতিষ্ঠান চলবে কী করে?

অরিন্দম হেসে বললেন,— একদম ঠিক কথা। তবে একটা প্রশ্ন। প্রতিষ্ঠান কি শুধু ছাত্রদের শৃঙ্খলার ওপরেই চলে? কর্তৃপক্ষের কোনো দায়িত্ব নেই?

নির্মাল্য একটু অপ্রস্তুত হলেন।— তা নিশ্চয়ই আছে।

— তা হলে সেই দায়িত্বের হিসাবও তো একদিন দিতে হবে!

নিতাই চুপচাপ চা বানাচ্ছিল। হঠাৎ বলে উঠল,— বাবুরা, একটা কথা বলি? আমাদের মতো ছোটলোকের দোকানে ঝগড়া হলে দুপক্ষকেই কথা বলতে দিই। শুধু যে বেশি জোরে চেঁচায়, তার কথা শুনে বিচার করি না।

কেউ উত্তর দিল না।

২. শতাব্দী প্রাচীন যে কলেজের দেওয়াল কথা বলে

পরদিন সকালে অরিন্দম একা কলেজে এলেন। পুরোনো বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে অনেকক্ষণ তাকিয়ে রইলেন।

মনে পড়ল ১৮৪১ সালের কথা। কলেজ প্রতিষ্ঠার মাত্র ছয় বছরের মাথায় ছাত্রবিক্ষোভ। নেতৃত্বে রাজেন্দ্রলাল মিত্র। তৎকালীন প্রধান বিচারপতি এডোয়ার্ড রায়ানের হুমকি—কলেজ বন্ধ করে দেওয়া হবে।
অধিকাংশ ছাত্র পিছিয়ে গিয়েছিল। কিন্তু রাজেন্দ্রলাল মিত্র এবং আরও দুজন ছাত্র কলেজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন। তাঁদের একজন কার্তিকেয় চন্দ্র রায়, কবি ও গায়ক দ্বিজেন্দ্রলাল রায়ের পিতা।
অরিন্দম যেন দেখতে পেলেন, সেই ঔপনিবেশিক কলকাতার তরুণদের মুখ। ভবিষ্যৎ অনিশ্চিত, কিন্তু আত্মসম্মানের প্রশ্নে আপস নেই।

তারপর মনে পড়ল ১৮৬২ সালের ধর্মঘট।

এক ভারতীয় ছাত্রের বিরুদ্ধে চুরির মিথ্যা অভিযোগ, পুলিশের হাতে তুলে দেওয়া, ভারতীয়দের অপমান—সব মিলিয়ে মেডিকেল কলেজে ছাত্রদের ধর্মঘট। বিদ্যাসাগরের হস্তক্ষেপে কর্তৃপক্ষ পিছু হটেছিল। কিন্তু আন্দোলনের নেতা বিজয়কৃষ্ণ গোস্বামী কলেজ ছেড়ে চলে গিয়েছিলেন। পরে তিনি আধ্যাত্মিক পুরুষ হিসেবে পরিচিত হন।

অরিন্দম মনে মনে বললেন,— কী আশ্চর্য! এই কলেজের ইতিহাসে কতবার ছাত্ররা কর্তৃপক্ষের সঙ্গে সংঘাতে জড়িয়েছে! অথচ আজ ছাত্রদের প্রতিবাদ করাটাই যেন নতুন অপরাধ!

ঠিক তখনই পিছন থেকে একটা গলা।— স্যার, কী দেখছেন?

ঘুরে দাঁড়ালেন। ডাঃ মৈত্র। কলেজের প্রবীণ অধ্যাপক। বহু বছর ধরে এখানে শিক্ষকতা করছেন।

অরিন্দম বললেন,— ইতিহাস দেখছি।

মৈত্র হেসে বললেন, — ইতিহাস তো আর এখন কেউ পড়ে না। সবাই বর্তমান নিয়ে ব্যস্ত।

— বর্তমানকে বুঝতে গেলে ইতিহাসই তো দরকার।

মৈত্র একটু গম্ভীর হলেন।— কিন্তু একটা কথা মানবেন, স্যার? ছাত্রদের ভাষা এখন অনেক খারাপ হয়েছে। শিক্ষকদের উদ্দেশে যা বলা হচ্ছে, তা মেনে নেওয়া যায় না।

— মানি। কিন্তু শিক্ষকরা কি সবসময় ছাত্রদের সঙ্গে শিক্ষকসুলভ আচরণ করছেন?

মৈত্র কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,— সব শিক্ষক একরকম নন।

— সব ছাত্রও একরকম নয়।

দুজনেই হেসে ফেললেন। কিন্তু হাসির মধ্যে একটা অস্বস্তি রয়ে গেল।

৩. অভিযোগের খাতা

দুপুরে কলেজের একটি ঘরে কয়েকজন শিক্ষক ও প্রশাসনিক আধিকারিক বসেছেন। টেবিলের ওপর কাগজপত্রের স্তূপ। একপাশে প্রিন্সিপাল, অন্যপাশে ভাইস প্রিন্সিপাল। আলোচনার বিষয় সাম্প্রতিক ছাত্র আন্দোলন।

একজন আধিকারিক বললেন,— এই ধরনের স্লোগান বরদাস্ত করা যায় না। একজন শিক্ষককে চামড়া ছাড়িয়ে নেওয়ার হুমকি দেওয়া হয়েছে!

প্রিন্সিপাল বললেন,— অভিযোগ গুরুতর। তবে ঘটনার সম্পূর্ণ প্রেক্ষাপটটাও জানা দরকার।

ভাইস প্রিন্সিপাল একটু বিরক্ত হয়ে বললেন,— আমাকে ঘেরাও করা হয়েছিল। পরিস্থিতি অত্যন্ত অপমানজনক ছিল।

একজন অধ্যাপক জিজ্ঞেস করলেন,— শারীরিক নিগ্রহের ঘটনাও কি ঘটেছিল?

ঘরে নীরবতা।

ভাইস প্রিন্সিপাল বললেন,— আমি নিরাপত্তাহীন বোধ করেছি।

প্রিন্সিপাল বললেন,— নিরাপত্তাহীনতা এবং শারীরিক নিগ্রহ এক বিষয় নয়। আমাদের প্রত্যেকটি অভিযোগ আলাদা করে দেখতে হবে।

অন্য একজন শিক্ষক বললেন,— কিন্তু বহিরাগতদের দিয়ে ছাত্রদের ওপর হামলার যে অভিযোগ উঠেছে, সেটাও তো তদন্ত হওয়া দরকার।

ভাইস প্রিন্সিপাল মুখ তুলে তাকালেন।— সেটা আলাদা বিষয়।

প্রিন্সিপাল বললেন,— না, আলাদা নয়। কলেজের ভিতরে যে কোনও অন্যায়ের তদন্ত হওয়া উচিত।

ঠিক তখনই দরজায় টোকা।
একজন কর্মচারী ঢুকে একটি কাগজ প্রিন্সিপালের হাতে দিলেন। পুলিশের অভিযোগ সংক্রান্ত নথি।

প্রিন্সিপাল কাগজটা পড়লেন। তাঁর মুখের ভাব বদলে গেল।— পুলিশে অভিযোগ চলে গেল?

ভাইস প্রিন্সিপাল বললেন,— পরিস্থিতির প্রয়োজন ছিল।

প্রিন্সিপাল কিছুক্ষণ চুপ করে থেকে বললেন,— তাহলে কলেজ কাউন্সিলের ভূমিকা কী রইল?

কেউ উত্তর দিল না।

৪. সেই রাতের ইন্টার্নরা

সেদিন সন্ধ্যায় অরিন্দমের বাড়িতে অনির্বাণ, সায়ন এবং আরও দুজন ইন্টার্ন এল।

ড্রয়িংরুমে বসে অনির্বাণ বলল,— স্যার, আমাদের বিরুদ্ধে বলা হচ্ছে, আমরা নাকি ডিউটি ফাঁকি দিয়ে সাংবাদিকদের সামনে গিয়েছিলাম।

অরিন্দম বললেন,— সেদিন তোমাদের ডিউটি কারা দিয়েছিলেন?

সায়ন উত্তর দিল,— আমাদের বেশিরভাগেরই নির্দিষ্ট ডিউটি ছিল না। দুর্ঘটনার খবর পেয়ে আমরা নিজেরাই হাসপাতালে চলে যাই।

— তোমাদের তত্ত্বাবধায়করা কী বলেছিলেন?

— কেউ তো বলেননি যে আমরা কাজ ফেলে চলে গিয়েছি। হাউসস্টাফ বা পিজিটিদের তরফেও এমন অভিযোগ আমাদের জানা নেই।

অরিন্দম বললেন,— তোমরা ইন্টার্ন। MBBS-এর শেষ পর্যায়ের আবশ্যিক প্রশিক্ষণ। stipend পাও, কিন্তু স্বাধীনভাবে সার্ভিস দেওয়া কর্মী নও। তোমাদের কাজ তত্ত্বাবধান ও নির্দেশনার মধ্যে হয়। সেদিন তোমাদের দায়িত্বে থাকা কেউ যদি অভিযোগ না করেন, তাহলে ডিউটি ফাঁকির অভিযোগের ভিত্তিটা কোথায়?

অনির্বাণ বলল,— স্যার, আমরা তো সাংবাদিকদের ডাকিনি। ওঁরা সেখানে ছিলেন। আমাদের জিজ্ঞেস করেছিলেন, আহতদের কেন অন্য হাসপাতালে পাঠানো হচ্ছে। আমরা যা দেখেছি, তাই বলেছি।

সায়ন যোগ করল,— আহতদের চিকিৎসা করব, না কী হচ্ছে সেটা নিয়ে প্রশ্ন করব, এই দ্বিধাটা তৈরি হয়েছিল। আমরা তো ডাক্তার হতে এসেছি। কিন্তু হাসপাতালের ব্যবস্থার অপ্রতুলতা দেখেও কি চুপ করে থাকব?

অরিন্দম বললেন,— একদম চুপ করে থাকা উচিত নয়। তবে বক্তব্যের ভাষা এবং তথ্যের নির্ভুলতা খুব জরুরি। প্রতিবাদ করতে গেলে দায়িত্বও থাকে।

অনির্বাণ একটু রেগে বলল,।— কিন্তু স্যার, আমাদের কি কথা বলার অধিকারটুকুও থাকবে না?

অরিন্দম তার দিকে তাকিয়ে রইলেন। তারপর বললেন,— অধিকার থাকবে। আর সেই অধিকার রক্ষার জন্যই তো একদিন আমাদের আগের প্রজন্ম লড়েছিল।

৫. অরুণাচলের প্ল্যাকার্ড

অরিন্দম আলমারির একটি পুরোনো ড্রয়ার খুললেন। অনেক কাগজ, পুরোনো ছবি, কিছু হলদে হয়ে যাওয়া পোস্টার। একটা পোস্টার বের করলেন।

তাতে লেখা— ‘আমরা সবাই অরুণাচল’।

অনির্বাণ অবাক হয়ে বলল,— এটা কী স্যার?

— কয়েক বছর আগের আন্দোলনের স্মৃতি। ডাঃ অরুণাচল দত্তচৌধুরী ডেঙ্গু নিয়ে প্রকৃত তথ্য সামনে আনার পর তৎকালীন সরকার তাঁকে সাসপেন্ড করেছিল। তবে তোমাদের সঙ্গে তফাৎ আছে। অরুণাচল সরাসরি সার্ভিস রুলের আওতায় ছিলেন। তোমরা কিন্তু তা নও।
আমরা প্রতিবাদে স্বাস্থ্যভবন অভিযান করেছিলাম।

সায়ন বলল,— বর্তমান স্বাস্থ্যমন্ত্রীও কি সেই মিছিলে ছিলেন?

অরিন্দম একটু ভেবে বললেন,— সঠিক মনে নেই। তবে সেই সময়ের আন্দোলনে তিনি আমাদের সহযোদ্ধা ছিলেন।

নির্মাল্য তখনই ফোন করলেন।— অরিন্দম, কাল একটা অনুষ্ঠানে যাচ্ছি। মন্ত্রীর সঙ্গে দেখা হতে পারে। শুনলাম তুমি আবার ছাত্রদের নিয়ে বেশ সরব হয়েছ।

অরিন্দম বললেন,— সরব তো হবই। ভুল করলে ছাত্রদের শাস্তি হোক। কিন্তু প্রশাসনের ভুল হলে তারও বিচার চাই।

নির্মাল্য বললেন,— তুমি সবসময় বিষয়টা আবেগ দিয়ে দেখো।

অরিন্দম একটু হেসে বললেন, — আর তুমি এখন সবকিছু প্রশাসনিক দৃষ্টিতে দেখো। মনে আছে, একদিন তুমিই বলেছিলে, ‘সরকারের কাজের সমালোচনা না করলে সরকার নিজের ভুল বুঝবে কী করে?’

ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা।

তারপর নির্মাল্য বললেন,— সময় বদলায়, অরিন্দম।

— সময় বদলায়। নীতিবোধও বদলাতে হবে নাকি?

ফোনটা কেটে গেল।

৬. মুখোমুখি

পরদিন মেডিকেল কলেজের একটি অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসেছেন। নিরাপত্তারক্ষী, সাংবাদিক, প্রশাসনিক আধিকারিক—সব মিলিয়ে বেশ আয়োজন।

অনুষ্ঠানের শেষে প্রাক্তনীদের সঙ্গে দেখা করার জন্য কিছুটা সময় রাখা হয়েছে।

অরিন্দমও সেখানে উপস্থিত।

মন্ত্রী তাঁকে দেখে এগিয়ে এলেন। — আরে অরিন্দমদা! অনেক দিন পর। কেমন আছেন?

— ভালো আছি। আপনি কেমন?

— চলছে। অনেক দায়িত্ব, অনেক চাপ। বুঝতেই পারছেন।

অরিন্দম মৃদু হেসে বললেন, — দায়িত্বের চাপ তো আমাদের সময়েও ছিল। শুধু চেয়ারের উচ্চতা আলাদা ছিল।

মন্ত্রী একটু হেসে বললেন, — কী ব্যাপার? আজও কি ছাত্রদের হয়ে সওয়াল করতে এসেছেন?

— ছাত্রদের হয়ে নয়। মেডিকেল কলেজের হয়ে।

— বলুন।

অরিন্দম বললেন,— একটা কথা জিজ্ঞেস করব। আপনি তো এই কলেজের ছাত্র ছিলেন। আন্দোলন করেছেন। ঘেরাও করেছেন। কর্তৃপক্ষের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন। এখন ছাত্ররা একই ধরনের আন্দোলন করলে এত অসহিষ্ণুতা কেন?

মন্ত্রী বললেন, — অরিন্দমদা, তখন আর এখন এক নয়। এখন প্রশাসনের দায়িত্ব অনেক বেশি। শৃঙ্খলা বজায় রাখতে হয়।

— ঠিক কথা। কিন্তু শৃঙ্খলা কি শুধু ছাত্রদের জন্য?

মন্ত্রী একটু থামলেন।

অরিন্দম এবার আরও স্পষ্ট করে বললেন, — একজন শিক্ষককে উদ্দেশ করে হুমকির স্লোগান সমর্থনযোগ্য নয়। কিন্তু ছাত্রদের ওপর বহিরাগতদের হামলার যে অভিযোগ উঠেছে, তার কী হলো? ভাইস প্রিন্সিপাল সত্যিই শারীরিকভাবে নিগৃহীত হয়েছিলেন কি না, সেটাও তো স্পষ্ট নয়। ইন্টার্নদের বিরুদ্ধে ডিউটি ফাঁকির অভিযোগের ভিত্তি কী? সেদিন তাঁদের দায়িত্বে থাকা হাউসস্টাফ বা পিজিটিদের কেউ কি অভিযোগ করেছেন?

মন্ত্রী বললেন,— এসব তদন্তের বিষয়।

— তা হলে তদন্তের আগেই এত প্রশাসনিক তৎপরতা কেন?

— কলেজে শৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার।

— শৃঙ্খলা ফিরবে ন্যায়বিচারের মাধ্যমে, ভয় দেখিয়ে নয়।

মন্ত্রী এবার একটু কঠিন গলায় বললেন, — আপনি কি বলতে চাইছেন, ছাত্ররা যা খুশি করবে আর প্রশাসন চুপ করে থাকবে?

অরিন্দম শান্ত গলায় বললেন,— না। আমি বলছি, ছাত্রদের যা খুশি করার অধিকার নেই। কিন্তু প্রশাসনেরও যা খুশি করার অধিকার নেই।

কথাটা শুনে আশপাশের কয়েকজন চুপ করে গেলেন।

অরিন্দম আরও বললেন, — আপনি কি মনে করতে পারেন, অরুণাচলকে যখন সাসপেন্ড করা হয়েছিল, আমরা কীভাবে প্রতিবাদ করেছিলাম? আপনি তখন আমাদের সঙ্গে ছিলেন সেটা আমি নিশ্চিত। আপনি সেই সময়ের আন্দোলনের সঙ্গে পরিচিত ছিলেন। আজ এই ইন্টার্নদের কথা শুনে কি আপনার একবারও সেই দিনগুলোর কথা মনে পড়ছে না?

মন্ত্রী কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর বললেন, — অরিন্দমদা, সবকিছুর একটা প্রশাসনিক ব্যাখ্যা আছে। আমি বিষয়টা দেখছি।

অরিন্দম বললেন, — প্রশাসনিক ব্যাখ্যা চাই না। ন্যায়সংগত উত্তর চাই।
কেউ আর কথা বলল না।

৭. যে খবর ছাপা হলো না

সেই সন্ধ্যায় সাংবাদিক মধুমিতা সেন একটি প্রতিবেদন তৈরি করছিলেন। তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অরিন্দম ও মন্ত্রীর কথোপকথনের কিছু অংশ শুনেছিলেন।

সম্পাদক ফোন করে বললেন, — প্রতিবেদনটা একটু সাবধানে লিখবে। বেশি বিতর্কিত কিছু যেন না হয়।

মধুমিতা বললেন,— কিন্তু প্রশ্নগুলো তো যথেষ্ট গুরুত্বপূর্ণ।

— প্রশ্ন গুরুত্বপূর্ণ হলেই সব ছাপা যায় না। তুমি জানো না, কত রকম চাপ থাকে?

মধুমিতা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, — তা হলে সাংবাদিকতার কাজ কী? শুধু বিবৃতি ছাপা?

সম্পাদক বিরক্ত হয়ে বললেন, — তুমি নতুন নও। বাস্তবটা বোঝো।

ফোন কেটে গেল।

মধুমিতা কম্পিউটারের পর্দার দিকে তাকিয়ে রইলেন। প্রতিবেদনটির শিরোনাম লিখলেন— ‘প্রতিবাদের অধিকার কি ক্ষমতার সঙ্গে বদলে যায়?’

তারপর লিখতে শুরু করলেন। কোনও অভিযোগকে প্রমাণিত ঘটনা হিসেবে লিখলেন না। ছাত্রদের স্লোগানের সমালোচনাও করলেন। কিন্তু একই সঙ্গে প্রশাসনের কাছে জবাব চাইলেন।

প্রতিবেদনটি শেষ করে পাঠিয়ে দিলেন।
পরদিন কাগজে সেটি প্রকাশিত হলো না।
তবে সামাজিক মাধ্যমে তাঁর নিজের পেজে লেখাটি প্রকাশিত হলো। কয়েক ঘণ্টার মধ্যে বহু মানুষ পড়লেন।

৮. পরিণতি

পরের কয়েক সপ্তাহে পরিস্থিতি আরও জটিল হলো।

অনির্বাণ ও তার সহপাঠীরা প্রশাসনিক পদক্ষেপের মুখোমুখি হলো। তদন্তের নোটিশ এল। কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হলো। কারও কারও বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগও চলল।

অন্যদিকে, বহিরাগতদের হামলার অভিযোগ এবং হাসপাতালের পরিকাঠামোগত প্রশ্ন নিয়েও কিছু শিক্ষক ও প্রাক্তনী লিখিতভাবে তদন্তের দাবি জানালেন।

প্রথম দিকে কেউ বিশেষ গুরুত্ব দিল না।

কিন্তু অরিন্দম হাল ছাড়লেন না। তিনি কয়েকজন প্রাক্তনীকে নিয়ে একটি আবেদন তৈরি করলেন। সেখানে পরিষ্কার করে বলা হলো—
১. ছাত্রদের বিরুদ্ধে ওঠা প্রতিটি অভিযোগের নিরপেক্ষ তদন্ত চাই।
২. শিক্ষকদের বিরুদ্ধে ওঠা অভিযোগও একইভাবে তদন্ত করতে হবে।
৩. বহিরাগতদের হামলার অভিযোগের সত্যতা যাচাই করতে হবে।
৪. ইন্টার্নদের বিরুদ্ধে ডিউটি ফাঁকির অভিযোগের ভিত্তি প্রকাশ করতে হবে।
৫. কলেজ কাউন্সিলকে কার্যকর ভূমিকা নিতে দিতে হবে।
৬. ছাত্রদের প্রতিবাদের অধিকার এবং শিক্ষকদের মর্যাদা—দুটিই রক্ষা করতে হবে।

আবেদনে অনেক প্রাক্তনী স্বাক্ষর করলেন। কয়েকজন শিক্ষকও সমর্থন জানালেন।

নির্মাল্য প্রথমে স্বাক্ষর করতে রাজি হননি।

তিনি অরিন্দমকে ফোন করে বললেন,— তুমি জানো, এই আবেদনে সই করলে আমার অসুবিধা হতে পারে?

অরিন্দম বললেন,— জানি। কিন্তু একদিন আমরাও তো অসুবিধার কথা ভেবে আন্দোলন করিনি।

নির্মাল্য দীর্ঘশ্বাস ফেললেন।— তুমি এখনও আগের মতোই আছ।

— আর তুমি?

নির্মাল্য উত্তর দিলেন না।

পরদিন সকালে অরিন্দম দেখলেন, আবেদনে নতুন একটি স্বাক্ষর যোগ হয়েছে। ডাঃ নির্মাল্য রায়।

তিনি কিছুক্ষণ কাগজটার দিকে তাকিয়ে রইলেন।

কিন্তু গল্পের শেষটা এত সহজ হলো না।

কোনো রাতারাতি সমাধান এল না। FIR প্রত্যাহার হলো কি না, সব অভিযোগের নিষ্পত্তি হলো কি না, ছাত্রদের বিরুদ্ধে সমস্ত ব্যবস্থা বন্ধ হলো কি না—কোনোটাই সঙ্গে সঙ্গে ঘটল না। তদন্ত চলল। প্রশাসন নিজের অবস্থান বজায় রাখল। ছাত্রদের মধ্যেও মতভেদ দেখা দিল। কেউ আপসের পক্ষে, কেউ আন্দোলন চালিয়ে যাওয়ার পক্ষে।

অনির্বাণ একদিন অরিন্দমকে ফোন করল। — স্যার, আমরা কি শেষ পর্যন্ত কিছুই করতে পারলাম না?

অরিন্দম বললেন, — কেন? তোমরা প্রশ্ন তুলেছ। প্রশ্নগুলো এখন আর শুধু তোমাদের নয়। শিক্ষকরা করছেন, প্রাক্তনীরা করছেন, সাংবাদিকরা করছেন। এটাই তো একটা বড় পরিবর্তন।

অনির্বাণ বলল, — কিন্তু আমাদের ভবিষ্যৎ?

অরিন্দম একটু থেমে বললেন, — তোমাদের ভবিষ্যৎ শুধু একটা কলেজের প্রশাসনিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে না। তোমরা ডাক্তার হতে এসেছ। সেই দায়িত্বটা ভুলে যেও না। তবে ডাক্তার হওয়ার অর্থ এই নয় যে অন্যায়ের সামনে নির্বাক থাকতে হবে।

ফোন রাখার পর অরিন্দম অনেকক্ষণ চুপ করে বসে রইলেন।

৯. শেষ দৃশ্য: আয়নার সামনে

কয়েক মাস পর কলেজের পুরোনো অডিটোরিয়ামে একটি প্রাক্তনী সম্মেলন হলো।

মঞ্চে বক্তৃতা চলছে। কেউ কলেজের গৌরবের কথা বলছেন, কেউ চিকিৎসাশিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন, কেউ ছাত্রদের শৃঙ্খলার কথা বলছেন।

একজন প্রবীণ প্রাক্তনী উঠে বললেন, — আমাদের সময়ে আন্দোলন হতো, কিন্তু এখনকার মতো ছিল না। আজকালকার ছেলেমেয়েরা খুব বেশি কথা বলে।

পিছনের সারি থেকে অনির্বাণ উঠে দাঁড়াল। — স্যার, আপনাদের সময়েও কি ছাত্ররা কথা বলত না?

প্রবীণ প্রাক্তনী একটু বিরক্ত হয়ে বললেন, — বলত। কিন্তু আমাদের একটা সীমা ছিল।

অনির্বাণ শান্ত গলায় বলল, — সেই সীমাটা কে ঠিক করতেন? ছাত্ররা, না কর্তৃপক্ষ?

অডিটোরিয়ামে হাসির রোল উঠল। কিন্তু প্রবীণ প্রাক্তনী হাসলেন না।

অরিন্দম উঠে দাঁড়ালেন। — একটা কথা বলি? আমাদের ইতিহাসের গৌরব শুধু এই নয় যে আমরা ভালো ডাক্তার তৈরি করেছি। আমাদের গৌরব এটাও যে, অন্যায়ের বিরুদ্ধে এই প্রতিষ্ঠানের ছাত্ররা কখনো কখনো দাঁড়িয়েছে। সেই ইতিহাসকে সম্মান করতে গেলে ছাত্রদের সব কথা মেনে নিতে হবে না। কিন্তু তাদের কথা শোনার অধিকারটুকু দিতে হবে।

মঞ্চের সামনে বসে থাকা স্বাস্থ্যমন্ত্রীও সেদিন উপস্থিত ছিলেন। তিনি মাথা নিচু করে কিছু কাগজ দেখছিলেন।

অরিন্দম তাঁর দিকে তাকিয়ে বললেন, — আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করতে চাই। একদিন আপনি এই কলেজের ছাত্র ছিলেন। একদিন আপনিও হয়তো কর্তৃপক্ষের সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়েছেন। একদিন আপনিও হয়তো মনে করেছেন, আপনার কথা কেউ শুনছে না। আজ আপনি ক্ষমতায়। আপনার সামনে যারা দাঁড়িয়ে প্রশ্ন করছে, তারা কি আপনারই অতীতের প্রতিচ্ছবি নয়?

মন্ত্রী মাথা তুললেন।

কিছুক্ষণ দুজনের চোখাচোখি হলো।

মন্ত্রী মাইক্রোফোনের কাছে এগিয়ে এসে বললেন,— অরিন্দমদা, আমি আপনার কথা শুনেছি। তবে দায়িত্বের জায়গা থেকে সব সিদ্ধান্ত নিতে হয়। সব সিদ্ধান্ত সবার পছন্দ হবে না।

অরিন্দম বললেন, — ঠিক। কিন্তু সব সিদ্ধান্ত যে ন্যায়সংগত, তার নিশ্চয়তা কী?

মন্ত্রী আর উত্তর দিলেন না।

অনুষ্ঠান শেষ হলো।

মানুষজন বেরিয়ে যাচ্ছে। করিডরে দাঁড়িয়ে অনির্বাণ অরিন্দমকে বলল,
— স্যার, আজও তো কোনও উত্তর পাওয়া গেল না।

অরিন্দম তার কাঁধে হাত রাখলেন।— সব প্রশ্নের উত্তর সঙ্গে সঙ্গে পাওয়া যায় না। কিছু প্রশ্নের উত্তর সময় দেয়। কিছু প্রশ্নের উত্তর ইতিহাস দেয়। আর কিছু প্রশ্নের উত্তর দিতে হয় পরবর্তী প্রজন্মকে।

অনির্বাণ বলল, — আর যদি পরবর্তী প্রজন্মও ক্ষমতায় গিয়ে একই কাজ করে?

অরিন্দম একটু হেসে বললেন, — তা হলে আবার কেউ প্রশ্ন করবে।

দুজনেই কলেজের গেটের দিকে হাঁটতে লাগল।

গেটের বাইরে নিতাইয়ের চায়ের দোকান। নিতাই এখনও বসে আছে। দোকানের দেওয়ালে পুরোনো একটি ছবি ঝুলছে। ছাত্রদের মিছিল। সামনে হাতে প্ল্যাকার্ড—’আমরা সবাই অরুণাচল’।

তার পাশেই নতুন একটি সাদা কাগজে কালো কালিতে এখনের একটা পোস্টারে লেখা— ‘প্রশ্ন করা অপরাধ নয়।’

অরিন্দম দাঁড়িয়ে পড়লেন।

নিতাই বলল, — কী হলো ডাক্তারবাবু? পোস্টারের লেখাটা ভালো হয়েছে?

অরিন্দম বললেন, — খুব ভালো। খুবই ঠিক।

নিতাই বলল, — তা হলে একটা কথা বলি? এতদিন ধরে দেখছি, এই কলেজে কত ছাত্র আসে, কত শিক্ষক আসে, কত মন্ত্রী আসে। সবাই একদিন চলে যায়। শুধু কলেজটা থেকে যায়। দেওয়ালগুলো সব দেখে।

অরিন্দম বললেন, — হ্যাঁ, দেওয়ালগুলো মনে রাখে।

নিতাই চায়ের কেটলি নামিয়ে বলল, — তা হলে একদিন দেওয়ালই বিচার করবে।

অরিন্দম মৃদু হেসে বললেন, — দেওয়াল বিচার করে না, নিতাই। দেওয়াল সাক্ষী থাকে। বিচার করে মানুষ।

নিতাই বলল, — মানুষ যদি বিচার না করে?

অরিন্দম কোনও উত্তর দিলেন না।

সেদিন রাতে বাড়ি ফিরে তিনি আবার পুরোনো ড্রয়ার খুললেন। ‘আমরা সবাই অরুণাচল’ লেখা প্ল্যাকার্ডটার পাশে নতুন কাগজে লিখলেন—
‘আমরা সবাই প্রশ্নকারী’।

তারপর অনেকক্ষণ বসে রইলেন।

মনে পড়ল লালন সাঁইয়ের গান।

‘তোমার ঘরে বাস করে কারা, ও মন, জানো না? তোমার ঘরে বসত করে কয়জনা, মন, জানো না?’

তিনি ভাবলেন, মানুষের ভিতরে কতগুলো মানুষ বাস করে, তা সত্যিই কি মানুষ নিজে জানে?

একজন ছাত্র একদিন শিক্ষক হয়। একজন আন্দোলনকারী একদিন প্রশাসক হয়। একজন প্রতিবাদী একদিন ক্ষমতাবান হয়। কিন্তু সেই পরিবর্তনের মধ্যে কোথাও কি তার পুরোনো মানুষটি হারিয়ে যায়?
নাকি সে বেঁচে থাকে, শুধু কথা বলতে পারে না?

অরিন্দম ডায়েরির পাতায় লিখলেন— ‘ছাত্ররা ভুল করতে পারে। শিক্ষকরা ভুল করতে পারেন। প্রশাসন ভুল করতে পারে। এমনকি আন্দোলনও ভুল করতে পারে। কিন্তু ভুলের বিচার করতে গিয়ে প্রশ্ন করার অধিকারটাকেই যদি কেড়ে নেওয়া হয়, তা হলে ভুল শুধরে নেওয়ার পথটাই বন্ধ হয়ে যায়।

ক্ষমতার সবচেয়ে বড় বিপদ ক্ষমতার অপব্যবহার নয় শুধু। ক্ষমতা যখন নিজের ভুল শুনতে অস্বীকার করে, তখনই তার পতনের শুরু।’

পরদিন সকালে খবরের কাগজে একটি ছোট খবর বেরোল। মেডিকেল কলেজের সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে আরও তদন্তের দাবি উঠেছে। কর্তৃপক্ষের তরফে কোনও নতুন ঘোষণা নেই।

খবরটা পড়ে অরিন্দম কাগজ ভাঁজ করে রাখলেন।

সব সমস্যার সমাধান হয়নি। সব অভিযোগের বিচারও হয়নি। কিন্তু একটা জিনিস বদলেছে—প্রশ্নগুলো আর শুধু ছাত্রদের মুখে আটকে নেই।

এখন প্রশ্ন করছেন শিক্ষক, প্রাক্তনী, সাংবাদিক, এমনকি একসময়ের প্রশাসনের ঘনিষ্ঠ মানুষও।

হয়তো এটাই প্রথম পরিণতি।

আর চূড়ান্ত পরিণতি?

সেটা হয়তো এখনও লেখা হয়নি।

কারণ ইতিহাসের সবচেয়ে কঠিন প্রশ্নগুলোর উত্তর কখনো ক্ষমতাবানরা নিজেরা লিখে দিতে পারেন না।

সেই উত্তর লেখে সময়। আর সময়ের খাতায় কোনও FIR জমা পড়ে না। সেখানে শুধু সাক্ষ্য জমা থাকে।

PrevPreviousমুক্ত করো ভয়!
Nextসংগ্রামী গণ মঞ্চের প্রেস বিজ্ঞপ্তিNext
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

অভয়া মঞ্চের সহযোগিতায় ভাঙড়ের নির্যাতিতা উদ্ধার

November 28, 2026 No Comments

 

সংগ্রামী গণ মঞ্চের প্রেস বিজ্ঞপ্তি

November 28, 2026 No Comments

২৬ নভেম্বর ২০২৬ পশ্চিমবঙ্গের এস আই আর সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে শেষ শুনানিতে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ দুটি নির্দেশিকা দেয়। ১) ট্রাইব্যুনালে বিবেচনাধীন ভোটারদের শুনানি

মুক্ত করো ভয়!

November 27, 2026 No Comments

মুক্ত করো ভয়! ভয়ের শাসনের বিরুদ্ধে সাহসের মিছিল। আজ তিন ইন্টার্ন চিকিৎসককে কলেজ কর্তৃপক্ষের দায়ের করা মিথ্যা মামলার জেরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। হাসপাতাল

মা- বাদী

November 27, 2026 No Comments

মাওবাদী নই ম‍্যাঁওবাদী নই, আমরা দাদা মা-বাদী চাইছি কেবল আমার মায়ের শেকল থেকে আজাদি আরে আরে চটেন কেন, এই আজাদি টুকরে নয় দেশের কী হাল

তোমার ঘরে বসত করে কয়জনা, মন, জানো না ………..

November 27, 2026 No Comments

এতো কাল শুনে এসেছি? ‘শতং বদ মা লিখ’। এখন তো লেখাপড়া উঠে গেছে, তাই কথাই চলছে, আর রাজনীতিবিদদের তো কথা বেচেই খেতে হয়, চুপচাপ কাজ

সাম্প্রতিক পোস্ট

অভয়া মঞ্চের সহযোগিতায় ভাঙড়ের নির্যাতিতা উদ্ধার

Abhaya Mancha November 28, 2026

সংগ্রামী গণ মঞ্চের প্রেস বিজ্ঞপ্তি

Sangrami Gana Mancha November 28, 2026

সময়ের খাতায় কোনও FIR জমা পড়ে না। সেখানে শুধু সাক্ষ্য জমা থাকে।

Dr. Arunachal Datta Choudhury November 28, 2026

মুক্ত করো ভয়!

West Bengal Junior Doctors Front November 27, 2026

মা- বাদী

Arya Tirtha November 27, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

704792
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]