মাওবাদী নই ম্যাঁওবাদী নই, আমরা দাদা মা-বাদী
চাইছি কেবল আমার মায়ের শেকল থেকে আজাদি
আরে আরে চটেন কেন, এই আজাদি টুকরে নয়
দেশের কী হাল সে দুঃখতে কাঁদুন পরে ডুকরে নয়
এখন শুনুন, আমার মত মা-বাদী সব বলছে কী
না বাম না ডান, ভানার মতো পাইনি কোনো দল-ঢেঁকি
ভারতভূমির যেই প্রদেশের জাতক শেখে বাংলা রা,
সেই জননীর অধম ছেলে, তাকেই ডাকি বাংলা মা।
আমার ভাষা বাংলা কেটে আসলে কুমীর বঙ্গাল-এর
দুগগা পুজোর ঢাক বানাবো এবার তবে তার ছাল-এর
ইউ পি বিহার বা গুজরাট, সকল প্রদেশ মাথায় থাক
বাংলা-মাকে দখল করার চেষ্টা হলেই ভাঙবো নাক
জানি জানি , এসব করে মার খাব আর জেল যাব
এমন ধারায় ধরবে পুলিশ শ্রাদ্ধ হলে বেল পাব
কিন্তু আমার মায়ের পায়ে শেকল দেওয়া মানবো না,
জেলের ভেতর বাংলা ভাষায় যাবে কোরাস গান শোনা।
আমরা ভাসি ভাষার ভেলায়, কিন্তু কাটামারন তা
হাজার ঢেউয়ের চাপ এড়িয়ে হয়নি জিভে বারণ যা
সংস্কৃত ফারসি ছিল, তারপরে ঠায় ইংরাজি,
আমার মা’কে জায়গা দিতে সবাই ছিল নিমরাজি
তবুও মা-এর বুকের দুধে ভারত এমন পুষ্টি পায়
বাংলা আসে সবার জিভে যে কেউ দেশের তুষ্টি গায়,
একখানা গান স্বয়ং রবি’র, আরেকটি গীত বঙ্কিমী,
পুরো আধা গাক না যেটাই, বাংলাতে গায় সব টিমই।
গুজরাট বা ইউ পি করার চেষ্টা করেই দেখুন না,
অমনি সেটা ঘটতে দেব অমন শীতল এ খুন না,
আমরা শুধু দেখছি এবং মাপছি যাবেন কদ্দুরে
লাগলে পিছু কী দশা হয় জানে সেসব শত্তুরে,
সবাই-কে দিই মান যদিও,তাই বলে নই হাবা-টি
আমরা কেমন বদল করি খবর জানেন মা- মাটি
ভলক্যানোকে যায় না রোখা যতই ভাবেন চাপা দি
শান্ত আছি, খেপলে কিন্তু শহর ডোবার লাভা দি।
বাম-বাদী নই , ডান-বাদী নই, আমরা কেবল মা-বাদী।











