চোরাবাগানের দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যুর সংখ্যাটা আরও বাড়তে পারত সেদিন, যদি না মেডিকেল কলেজের ইন্টার্ন ডাক্তাররা ঝাঁপিয়ে পড়ে মারাত্মকভাবে আহতদের চিকিৎসা করতে নিজেদের উজাড় করে দিতেন।কিন্তু যথাযথ চিকিৎসা করাই সম্ভব হচ্ছিল না অতি প্রয়োজনীয় ওষুধ পত্রের অভাবে, ক্ষোভে তাঁরা তখন ফেটে পড়েন।কারণ মেডিকেল কলেজে সেদিন কর্তব্যরত নবীন চিকিৎসকরা সবেমাত্র স্নাতক হতে না হতেই বুঝলেন যে চিকিৎসা বিজ্ঞানে শেখা বিদ্যে প্রয়োগট্টুকুও করা যাচ্ছে না শুধুমাত্র সরকারের ক্ষমাহীন অব্যবস্থা আর বারংবার বলা সত্বেও নিঃসীম অবহেলায়। প্রতিদিন বহু মানুষের মৃত্যুর কারণ সরকারের অবহেলা। বহুবার বলা সত্বেও ইমারজেন্সিতে থাকে না মানুষকে বাঁচাবার জন্য প্রয়োজনীয় ওষুধপত্র। এটা কি সরকারের বিরুদ্ধে একটি কেবলই অভিযোগ? মানুষকে বাঁচাবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা না করে থাকাটা অপরাধ নয় ? সেটা চোখের সামনে দেখিয়ে দেওয়াটা অপরাধ? শাক দিয়ে মাছ ঢাকবার জন্য সেদিন তড়িঘড়ি করে রাজ্য সরকার মেডিকেল কলেজের ব্যর্থতা ডাকবার জন্য গুরুতর আহতদের চিকিৎসা করতে পাঠিয়ে দিয়েছিল অ্যাপোলো হাসপাতালে। এই সিদ্ধান্ত থেকেই প্রমাণিত হয় যে সরকার মেনে নিয়েছে সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় বিপন্ন মানুষকে বাঁচিয়ে তোলার অবস্থা নেই।
এটা কি কোন সভ্য দেশের সরকারি স্বাস্থ্য ব্যবস্থার লক্ষণ হতে পারে? তিন ইন্টার্ন ডাক্তার সদ্য চিকিৎসক হওয়ার পর খুন ধরা এই স্বাস্থ্যব্যবস্থায় মানুষের স্বার্থে পরিবর্তন আনার জন্য সেদিন জনসমক্ষে ক্ষোভে ফেটে পড়েছিলেন। সেটা অপরাধ? নাকি তাদের কণ্ঠ রোধ করবার চেষ্টা করাটা অপরাধ? ক্ষমতায় থেকে যে সত্যকে মিথ্যা বলে প্রমাণ করার চেষ্টা করে সেই স্বাস্থ্য প্রশাসন থেকে শুরু করে স্বাস্থ্যমন্ত্রী কি জবাবদিহির জন্য প্রস্তুত? তাহলে তারা জানান ঐদিন ইমারজেন্সিতে ওই সময় কি কি ওষুধ ছিল আর ছিল না কেন কর্তব্যরত চিকিৎসকরা কেন চিকিৎসা করতে না পেরে এ কথা বলতে বাধ্য হয়েছিলেন?
আশ্চর্যের বিষয় যে চিকিৎসকরা মানুষের স্বার্থে নিজেদেরকে ক্যারিয়ারকে বিপন্ন করে সত্যকে সামনে আনলেন। পরে তাদেরকেই আক্রমণ করল সরকারের পোষিত গুন্ডাবাহিনী। জনস্বাস্থ্যের গুরুতর বিষয়টিকে রাজনৈতিক দলবাজির ইস্যু করে তোলা হলো কুটির চালে পোষা মিডিয়াকে ব্যবহার করে। পতনন্মুখ সমাজের স্বার্থপর শিক্ষিত মধ্যবিত্ত সমাজ এমন একটি প্রাণান্তকর ইস্যুতেও রাজনৈতিক ঠুলি চোখে দিয়ে শাসক বিরোধী তরজায় মেতে উঠেছে। যে সমাজ বাঁচতে চাওয়ার পথটাও পেতে চায় না তাকে জাগাবে কী করে?
চিকিৎসক সমাজ বারবার এই মুমূর্ষু বাঙালি সমাজকে নিজের সামনে দাঁড় করিয়ে দিয়েছে।মেরুদন্ডহীন সুবিধাবাদ যে ক্রমশ দেউলিয়া করে দেয় সেটা বুঝতে বুঝতে বাঙালি আজ উগ্র সাম্প্রদায়িক রাজনীতিতে পথ খুঁজছে। দশকের পর দশক স্বাস্থ্য ক্ষেত্রে চরম উদাসীনতা শেষে চরম দুর্নীতিতে পরিণত হয়েছে। স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে সাধারণ নির্ভেজাল নিরপেক্ষ চিকিৎসকদের উপর রাজনৈতিক জুলুম চলেছে নিরন্তর।শেষে বাড়তে বাড়তে একটার পর এক চিকিৎসকের রহস্যজনক মৃত্যু পর্যন্ত ঘটিয়েছে ,তারও যদি সময় মত তদন্ত হয়ে প্রতিরোধ গড়ে তোলা যেত তাহলে আর জি করে অভয়াকাণ্ড ঘটত না, কারণ অভয়ার আগেও ওই হাসপাতালে অপমৃত্যু ঘটেছে আরও চিকিৎসকের।স্বাস্থ্য দপ্তর কোনো ক্ষেত্রেই তার তদন্ত করে দোষী চিহ্নিত করে নি।ফলে ঘুঘুর বাসা তৈরি হয়েছে রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে সর্বস্তরে। অভয়াকাণ্ড এই ব্যবস্থার কুফল।
বাংলার মানুষ পথে নেমে আন্দোলনে তার বিচার চেয়েছে কিন্তু কুটিল রাজনীতির ঘোর প্যাঁচে সমস্ত কুশীলব যে যার স্থানে রয়ে গেছেন।
ক্ষমতা বদল হলেও সেই দুষ্টচক্রের কোনো পরিবর্তন ঘটেনি। আশা করা গিয়েছিল সেদিনের আন্দোলনের অন্যতম মুখ যখন স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন তখন হয়তো বিড়ালের গলায় ঘন্টা পড়ানো হবে। কিন্তু দেখা গেল বিড়াল মন্ত্রীর চরিত্র চেনে। তাই সেই মন্ত্র জানে যাতে একসময়ের আন্দোলনকারী চিকিৎসকও মন্ত্রী হলেও সেই মুখোশধারী বেড়ালদের কথা শুনে চলতে বাধ্য হন। ক্ষমতা বদল হয়। মুখোশও রং পাল্টায়, কিন্তু বিড়ালরা থেকেই যায়! তৃণমূলী দুষ্কৃতীর জায়গায় এখন মেডিকেল কলেজে প্রকাশ্যে হামলা চালাচ্ছে এ ভি বি পি গুন্ডা। কী চায় এরা? সেটা স্পষ্ট। জনস্বাস্থ্য ধ্বংস করে বছরে বছরে টেন্ডার মারফত কোটি কোটি টাকা লুঠ। ব্যান্ডেজ থেকে রক্ত,ওষুধ থেকে অক্সিজেন , আলাদা করে বলতে গেলে স্বাস্থ্য ব্যবস্থার দুর্নীতি নিয়ে খড়ের গাদায় ছুঁচ খুঁজতে হবে!
চোরাবাগানের ঘটনার পর নিজেদের ক্যারিয়ার বিপন্ন করে সেই দিকেই আঙুল তুলেছিলেন মেডিকেল কলেজের তিন ইন্টার্ন, এবং অন্য চিকিৎসকরা শুধু সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা ঠিক রাখতে। তাতেই তাদের ওপর নামিয়ে আনা হয়েছে রাষ্ট্রীয় সন্ত্রাসের খাঁড়া। সাসপেনশান ,শোকজ থেকে শুরু করে রেজিস্ট্রেশন বাতিল, এমনকি রীতিমতো শারীরিক আক্রমণের হুমকি। জামানা বদল হলেও সেই থ্রেড কালচার চলেছে সমানে। তারই প্রতিবাদে আজ সাধারণ মানুষের জীবন সুরক্ষা ও সুস্থ চিকিৎসা ব্যবস্থার স্বার্থে পথে নেমেছে প্রতিবাদী চিকিৎসক সমাজ। পাল্টা তাদের কন্ঠরোধ করতে নখদাঁত নিয়ে নেমে পড়েছে রাজ্যের সরকার।
বাঙালি কি মেরুদণ্ড বিক্রি করে শাসকের দাস হয়ে গেছে? এরপরেও চুপ থাকবে?










