ডাক্তারদের মায়ের অভাব হয় না। সব মহিলা রোগীদের মা বলে ডাকার একটা আনন্দ আছে। সেই ১৪ বছরের বাচ্চা মেয়েটিকে ৮০ বছরের বৃদ্ধা। একটা ডাকেই বিশ্বাস, ভরসা, ভালোবাসা সব প্রকাশ পায়। গাইনোকোলজিস্ট যদি পুরুষ হয় এটা আরও বেশি জরুরি। এই মাইরা কেউ নিজের হাতে আই লাভ ইউ কার্ড নিয়ে আসে তো কেউ গোপালপুজোর প্রসাদ। কেউ বাচ্চা হবার পর লাস্ট কনসালটেশনে যখন আসে তখন খুশি হবার বদলে মন খারাপ করে। কারণ আর দেখা হবে না। এরকম বিজয়া দশমী আমাদের চেম্বারে লেগেই থাকে। নাড়ি কাটা গেলেও তো সম্পর্ক সেখানেই শেষ হয়ে যায় না। ডাক্তার -রোগীর সম্পর্ক অনেক সময় রক্তের সম্পর্ক থেকেও বেশি।
মেডিকেল কলেজের এক স্যার বলেছিলেন তুমি তোমার বাড়ির লোকের জন্য যেরকম ডাক্তার চাও সেরকম ডাক্তার হও। এরকম হতে পারলে আর যাই হোক ভালোবাসার অভাব হয় না। আর এই সম্পর্ক রক্ষার দায় দু তরফেরই। স্বাস্থ্য ব্যবস্থা আর ডাক্তার রোগীর সম্পর্ক উন্নত হোক, কোন মা-বাবা সন্তানকে যেন অসময়ে হারিয়ে যেতে না হয়। চিকিৎসক এবং রোগী একে অপরকে ভরসা, বিশ্বাস যেন করতে পারে।
ভরসা থাকুক চিকিৎসকের ওপর
ছবি: জয়ন্ত বিশ্বাস











