Skip to content
Facebook Twitter Google-plus Youtube Microphone
  • Home
  • About Us
  • Contact Us
Menu
  • Home
  • About Us
  • Contact Us
Swasthyer Britte Archive
Search
Generic filters
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Menu
  • আরোগ্যের সন্ধানে
  • ডক্টর অন কল
  • ছবিতে চিকিৎসা
  • মা ও শিশু
  • মন নিয়ে
  • ডক্টরস’ ডায়ালগ
  • ঘরোয়া চিকিৎসা
  • শরীর যখন সম্পদ
  • ডক্টর’স ডায়েরি
  • স্বাস্থ্য আন্দোলন
  • সরকারি কড়চা
  • বাংলার মুখ
  • বহির্বিশ্ব
  • তাহাদের কথা
  • অন্ধকারের উৎস হতে
  • সম্পাদকীয়
  • ইতিহাসের সরণি
Search
Generic filters

ঘাসজন্ম চতুর্থ পরিচ্ছেদ

maxresdefault (1)
Dr. Sukanya Bandopadhyay

Dr. Sukanya Bandopadhyay

Medical Officer, Immuno-Hematology and Blood Bank, MCH
My Other Posts
  • November 16, 2026
  • 8:34 am
  • No Comments
পাড়ার সেদিনের ঘটনাটা পল্লবিত হয়ে কানে এসেছিল ছিল বীথির। গণাদাদুকে রাতের খাবার দিতে এসে ফলাও করে গল্প করছিল অনিমা। চৌকাঠে হাঁটু গেড়ে বসে সে কাহিনী হাঁ করে গিলছিল তার ভাইবৌয়েরা। গাঁ-ঘরের এমন হাতে গরম মুখরোচক কিসসা – কোথায় লাগে টিভি সিরিয়ালের গল্প!
বীথি কি দুঃখ পেয়েছিল খুব? খুব কি কান্না পেয়েছিল তার? আকাশ ফাটানো তীব্র হাহাকারের মতো কান্না? কিংবা বাকি জীবন গুমরে গুমরে মরার মতো শোক? নাকি রাগ হয়েছিল তার? মারাত্মক, চণ্ডালী, খুনে রাগ?
রুণুবৌদির কাজে কামাই দিয়েছিল কি সে? নাকি, অনির্দিষ্টকালের জন্য ভুলে মরেছিল গণাদাদুর শতচ্ছিন্ন লুঙ্গি আর ফতুয়ার কথা?
কিছুই হয়নি তো। শুধু অন্তঃসলিলা ফল্গুর সরসতা কখন যেন ফাঁকি দিয়ে হারিয়ে গিয়েছিল বুকের ভিতর থেকে।
তার দিনগুলো আগেও ধূসর ছিল, এখন আরও ফ্যাকাশে হয়ে গেল মনের আকাশ – জল চোঁয়ানো বর্ষার মেঘ যেন চিরকালের জন্যই বসত করল সেখানে।
দৈনন্দিন কাজকর্মে অবিশ্যি তার এতটুকু ছায়াও পড়েনি – পড়তে দেয়নি বীথি।
আগের দিন জোর বাদলা ছিল – সঙ্গে ঝোড়ো হাওয়া। কাজ সেরে ফেরার পথে হাতের ছাতা উলটে খানিকটা ভিজে গিয়েছিল বীথি। পরদিন সকাল থেকেই মাথা ভার, টাগরায় জ্বালা আর কাঁচা সর্দি – সেদিন আর বাড়ি থেকে বের হয়নি সে – বল্টুর মোবাইল থেকে রুণুবৌদিকে ফোন করে জানিয়ে দিয়েছিল সন্ধেবেলাও যেতে পারবে না কাজে।
দুটো জ্বর সর্দির বড়ি খেয়ে বিকেলের দিকে মাথাধরা একটু ছাড়ল তার। বাইরে মিঠে মতো একটু রোদ রয়েছে দেখে ছাদে গেল বীথি, চুলটা বেঁধে নেবে এইবেলা। তখনই নজরে পড়ল, উদভ্রান্তের মতো সাইকেল নিয়ে নিজের বাড়ি থেকে টলমলে পায়ে বেরিয়ে এল অপু। সামনের রাস্তায় সাইকেলটা টাল খেল বার দুয়েক, যেন ব্যালেন্স রাখতে পারছে না আরোহী – তারপর এলোমেলোভাবেই গড়িয়ে গড়িয়ে হারিয়ে গেল সাহাবাবুদের চালকলের পিছনে। ওদিকে তো পুবপাড়া শ্মশানের রাস্তা – অপু ওদিকে যাচ্ছে কেন? বীথির মনে হঠাৎ কু ডেকে উঠল – স্থির থাকতে পারল না সে। নিজের অজান্তেই ছাদ থেকে দুদ্দাড় করে নেমে সদর পেরিয়ে পথে পা রেখেছিল বীথি। সাইকেলের চাকার সঙ্গে পাল্লা দেবার জোর তার পায়ের আছে কিনা, সাতপাঁচ না ভেবেই দৌড়েছিল অপুর পিছনে।
শ্মশানের ঘাটলায় পৌঁছে এদিক ওদিক তাকিয়েও কাউকে দেখতে পেল না বীথি। কোনো মড়াও পুড়তে আসেনি, তাই ওপাশে লোকজন নেই। বাঁয়ে ফিরতেই বুড়ো বটগাছতলায় একটা মানুষের অবয়ব দেখা গেল। কিছুটা হাঁটার পর চেনা গেল মানুষটাকে। অপু। সাইকেলটা গাছের গায়ে হেলান দিয়ে দাঁড় করানো রয়েছে।
বীথি কাছাকাছি আসতে অপু মুখ ঘুরিয়ে তাকাল তার দিকে। সেই চোখের দিকে চেয়ে বুকটা ছ্যাঁৎ করে উঠল তার। এমন সর্বহারা, নিঃস্ব দৃষ্টি তার বিস্তৃত অভিজ্ঞতাতেও কখনো দেখেনি বীথি।
অপুর চুল উস্কোখুস্কো। আধময়লা টি শার্টটার বগলের কাছে ছেঁড়া। অজস্র ভাঁজপড়া সস্তা সুতির প্যান্টে ঢাকা পা দুটো সামনে ছড়িয়ে গাছের গায়ে হেলান দিয়ে আলগোছে বসে রয়েছে মানুষটা।
.
খানিকক্ষণ সেই রকম দৃষ্টিতে বীথির দিকে তাকিয়ে থেকে আবার ধুধু জলের দিকে চোখ ফেরালো অপু। তার শূন্য দৃষ্টি বহুদূরে প্রসারিত। তোবড়ানো গালে ক’দিনের না কামানো দাড়ি, খড়ি ওঠা শুকনো হাত, রগের কাছে পাকিয়ে ওঠা শিরা – সব, সমস্ত কিছু লক্ষ্য করতে করতে অবর্ণনীয় এক মায়ায় ভরে উঠছিল বীথির মন। কোনকাল থেকে দেখে আসছে লোকটাকে, পাড়ারই মানুষ। ঘনিষ্ঠতার প্রয়োজন হয়নি, সেই রকম তাগিদও কোনওদিন অনুভব করেনি দু’জনের কেউই। বটতলার চুড়োভাঙা পুরোনো শিবমন্দিরের মতো, সাহাদের বন্ধ চালকলের দেওয়াল ফুঁড়ে গজানো ঝাঁকড়া অশথগাছের মতো, স্টেশনের কাঁচারাস্তার পাশের কচুবনের মধ্যে পড়ে থাকা জংলা বিলের জলের মতো অপুর নিশ্চিত কিন্তু গুরুত্বহীন অস্তিত্বের প্রতি উদাসীন ছিল বীথি। কিন্তু আজ তার ঐ রিক্ত, বেদনার্ত চাহনি যেন ওলটপালট করে দিল বীথির সমস্ত অনুভব। তার একান্ত নিজস্ব অব্যক্ত যন্ত্রণা আর অপ্রাপ্তির অপমানের উপর সান্ত্বনার শীতল প্রলেপ পড়ছিল ধীরে ধীরে।
এগিয়ে গেল বীথি। অপুর পাশটিতে হাঁটু গেড়ে বসে পরম মমতায় তার কাঁধে একটা হাত রেখে আর্দ্র কন্ঠে বলে উঠল – “ছি! এমন করে নিজেকে কষ্ট দিতে আছে?”
কি সংবেদ ছিল সেই স্বরে কে জানে, অপু আর নিজেকে সংবরণ করতে পারল না। নিমেষের মধ্যে ঘুরে বসে বীথির কোলের ওপর উপুড় হয়ে পড়ল সে। উদগত কান্নার আবেগে ভেসে যেতে লাগল বীথির কোল। অপুর রুখু মাথায়, তার কড়াপড়া আঙুলগুলো বোলাতে বোলাতে কত যে অলীক সান্ত্বনাবাক্য আউড়ে যাচ্ছিল বীথি, নিজেও খেয়াল করেনি সম্ভবত। তার চোখও আর শুকনো ছিল না তখন।
তার কেবলই মনে হচ্ছিল, এই নিঃস্বার্থ প্রীতি আর সহমর্মিতার কাছে ফিল্মে দেখা রগরগে রোম্যান্স, জৈবিক আকর্ষণ সব যেন নিতান্ত তুচ্ছ।
তার কুহকাচ্ছন্ন মনের যেন শাপমুক্তি ঘটে যাচ্ছিল প্রতি মুহূর্তে। কখনও কখনও অন্যের মনের আশ্রয় হয়ে ওঠাও যে এত তৃপ্তি দেয়, তার জানা ছিল না একদম।
আর অপু?
অনেক, অনেক বছর পরে একটি নারীর শরীরে সে যেন তার মায়ের গন্ধ পাচ্ছিল। কান্নার প্রতিটি দমকের সঙ্গে সে অনুভব করছিল, মা যেন আরও কাছে এসে দাঁড়িয়েছে।
একটু দূর থেকে সবটাই দেখতে পেল বৃষ্টি।
কি আশ্চর্য, তার মনের কোণে গত কয়েকদিন ধরে জমে থাকা গুমোটটা কেটে যাচ্ছিল আস্তে আস্তে।
জন্মে ইস্তক বীথিকে দেখছে সে – তাদের বাড়ির কয়েকটা বাড়ি পরেই তো থাকে। খুব ছোট্টবেলায় ভাইপো পল্টুর দস্যিপনার অত্যাচার থেকে তাকে অনেকবার বাঁচিয়ে দিয়েছিল এই মাসিটা। লক্ষ্মণের দোকান থেকে কচুভাজা বা মৌরি লজেন্সের প্যাকেট কিনে ফেরার সময় গুণ্ডাছেলে পল্টু কতবার চড়াও হয়ে কেড়ে নিতে এসেছে তার সওদা – বীথিমাসি দেখতে পেলেই কানে মোচড় বা চড় থাপ্পড় মেরে ছিনতাই হওয়া জিনিস ফিরিয়ে দিয়েছে বৃষ্টিকে। ঘোর বর্ষায় কতদিন ইস্কুল থেকে বীথিমাসির ছেঁড়া ছাতার ভরসায় বাড়ি ফিরেছে বৃষ্টি – মাসি নিঃশব্দে ভিজেছে, তবু তার মাথায় জল লাগতে দেয়নি। স্বপনদের এঁড়ে বাছুরটার আলটপকা গুঁতোয় একদিন পথের পাশের নয়ানজুলিতে পড়েই যাচ্ছিল বৃষ্টি – মাসি বোধহয় ফিরছিল কাজ থেকে, খেয়াল করে পিছন থেকে জাপটে না ধরলে আছাড় খেয়ে পড়ে ওর কবজিখানা ঠিক ভেঙে যেত সেদিন। কিন্তু এইটুকুর বাইরে তো বীথিমাসিকে চেনাই হয়নি তার। কালোকুলো রুগ্ন শরীর, ঢলঢলে ব্লাউজ আর রঙ জ্বলে যাওয়া সস্তার ছাপা শাড়ির বাইরে বীথিমাসিকে ভাল করে লক্ষ্যই করেনি তার একমুখী মন।
ঠিক ঐ মুহূর্তে নদীর পারে হুহু হাওয়ার মাঠে দাঁড়িয়ে বৃষ্টি মনস্থির করে ফেলল – এবার পুজোর সময় সে বাবা আর বীথিমাসির সঙ্গে শহরে ঠাকুর দেখতে যাবে। যাবেই যাবে।
এই বছর বর্ষা ভাল হয়নি। প্রথম আষাঢ়ে ঢেলে জল হলেও শ্রাবণ মাস প্রায় শুখাই গিয়েছে। আমন চাষ তাই মার খেয়েছে খুব।
ভাদ্রের শুরুতে আকাশে এখন শরতের মেঘের আনাগোনা।
পুজোর খুব দেরিও নেই অবশ্য। সন্ধের দিকে রুণুবৌদির দোকানে কাজের চাপ বেশি থাকে খুব। পুবপাড়ায় মেয়েদের জন্য দর্জির দোকান এই একটিই। আগে ক্যাটালগ দেখে হরেক ডিজাইনের ব্লাউজ বা সালোয়ার বানাতো বীথি। কিন্তু আজকাল বৌদি মোবাইল থেকে কি সব রিল দেখে দেখে নানারকম বাহারি ব্লাউজের কাটের ছবি তুলে বীথিকে হুকুম করে।
পশ্চিমদিকের বড়লোক পাড়ার কেতাদুরস্ত বউঝিদের তুষ্ট করার জন্য নিত্যনতুন ছাঁটে চোলি-কুর্তা বানাতে বানাতে বীথি হিমশিম খায়।
রুণুবৌদিও কাজে হাত লাগায় অবিশ্যি – নয়ত ষষ্ঠীর আগে সব অর্ডার উঠবে নাকি?
সন্ধেয় সময় পাবে না বলে আজ সকালবেলাতেই স্টেশনবাজারের উদ্দেশে বেরিয়ে পড়েছিল বীথি। যত সামান্য পুঁজিই তার থাকুক না কেন, অল্পবিস্তর কেনাকাটা তো করতেই হবে।
শহুরে ফ্যাশন ক্যানসারের মতো ছড়িয়েছে সর্বত্র – এই আধা গঞ্জ পুবপাড়াও তার ব্যতিক্রম নয়। ছেলেদের পোশাক আশাক তা-ও চেনা যায়, কিন্তু মেয়েদের – বিশেষত অল্পবয়সী মেয়েদের ওই হাঁটু অবধি ঝুলওলা চামড়া আঁকড়ানো চোঙাপ্যান্ট, ঝোলা পাজামা আর ঘাগরার বাহার দেখে চোখ কপালে ওঠে বীথির। ভাগ্যিস ভাইগুলোর দু’টিই পুত্রসন্তান – উঠতি বয়সের মেয়ের জন্য কেনাকাটা করতে গেলেই হয়েছিল আর কি!
শাড়ি কেনার ঝামেলা নেই। সাহাবাড়ির বিধবা বউটা শাড়ির ব্যবসা করে। নিজের আর দুই ভাইবৌয়ের শাড়ি সাহাবৌদির থেকেই ধারে নেবে বীথি। আখেরে দাম একটু বেশিই পড়বে, কিন্তু কি আর করা যাবে! নগদে কেনার রেস্ত নেই তার। আজ ভাইপোদের জামা আর দুই ভাইয়ের জন্য দু’খানা পাঞ্জাবি কিনবে মনস্থ করে বেরিয়েছে সে। পয়লা বৈশাখে পাজামা কিনে দিয়েছিল – পুজোয় তাই শুধু পাঞ্জাবি। দুটো একসঙ্গে কিনে দেবার ক্ষমতা নেই বীথির।
এতেই অনেকগুলো টাকা চলে যাবে। তিল তিল করে জমানো টাকা। তবে রুণুবৌদি লোক খারাপ নয় – পুজোয় কাজের চাপ বেশি থাকে বলে হাজারদুয়েক টাকা বোনাস দিয়েছে বৌদি।
ভাদুরে গরমে বেলা এগারোটার রোদেই ঘেমে একেবারে নেয়ে উঠেছিল বীথি। মনে করে ছাতাটা নিয়ে বেরিয়েছিল, তাই বাঁচোয়া।
গত মাসে অপু কিনে দিয়েছে ছাতাটা। সদরে নিজের দোকানের মাল আনতে গিয়ে কিনে এনেছিল তার জন্য।
অপুর জন্যেও একখানা পাঞ্জাবি কিনতে হবে। ওকে তো আর নতুন বছরে পাজামা দেওয়া হয়নি ভাইদের মতো – একখানা পাজামাও কিনতে হবে সেই জন্য। হাঁটতে হাঁটতে হিসেব করতে থাকে বীথি – হাতে যা আছে তাতে কুলোবে কি?
অনন্তদার দোকানে এই সকালবেলাতেও বেশ ভিড়। ছাতা বন্ধ করে দোকানের ভিতরে সেঁধিয়ে গেল বীথি।
পর্ষদ এলাকায় বিদ্যুতের জোর কম, তাই ফ্যানের স্পিডও কম। একটা ঘুপচি ঘরে অতগুলো লোকের গলদঘর্ম অবস্থা।
কিছুক্ষণের মধ্যেই বীথি টের পেল, ভিড়টা ঠিক কেনাকাটার খরিদ্দারদের নয়। কিছু ছুটকো ক্রেতা আছে ঠিকই, কিন্তু বাকি জমায়েতটা স্থানীয় দোকানি আর হাটুরেদের – বেশিরভাগই পরিচিত মানুষজন।
কোনো বিষয়ে খুব উত্তেজিত আলোচনা চলছিল। বীথি লক্ষ্য করল, আলোচনার কেন্দ্রস্থলে বিকাশ। অনন্তদার ছোট ভাই। পার্টি করে।
বিকাশ চেঁচাচ্ছিল -”ভোট দিয়ে যাদের জেতালে পঞ্চায়েতে, পিছনের দোর দিয়ে তারা যে ন্যাংটো করে দিয়ে গেল – তা কি আদৌ বুঝে উঠতে পারলে তোমরা?”
ডেকোরেটরের দোকানের মালিক ব্রজকাকা বলে উঠল – ”মোটেই বুজিনি বাপ! অ্যাখোনো ভাল বুজছি না। এট্টু খোলসা করে বল্ দিকি!”
নিতাই ফক্কুড়ে ছোঁড়া, বাজারে তার মোবাইল সারানোর দোকান আছে।
সে কাঁধ ঝাঁকিয়ে বলে উঠল — ”আঃ, এটুকুও বুঝলে না ব্রজকা, আমরা উন্নয়নের বলি হতে চলেছি, মানে যাকে বলে বাস্তুচ্যুত!”
ব্রজকাকা ফ্যালফ্যাল করে চেয়ে আছে দেখে, হোমিওর দোকানদার রাখাল বিশ্বাস মুখ খুলল –.”বেশি কাগুজে বুলি আওড়াসনি নেতাই, মোদ্দা কথাটা হচ্চে, ক্ষতিপূরণ নেব কি নেব না?”
নিতাই মুচকি হেসে বলল -.”ক্ষতিপূরণ আদৌ দেয় কিনা দ্যাখো! আগের বারে কম শিক্ষেটা তো হয়নি গরমেন্টের-”
নিতাইয়ের কথা শুনে একটা চাঞ্চল্য জেগে উঠল ভিড়ের মধ্যে। দোকানের মালিক অনন্তদা একটা উঁচু কাঠের টুলে বসে এতক্ষণ নিবিষ্টচিত্তে বিড়ি ফুঁকছিল — এবার শেষের টুকরোটা সাবধানে মেঝেয় ফেলে, হাওয়াই চটির গোড়ালি দিয়ে সেটাকে চেপে নিভিয়ে উঠে দাঁড়াল। তারপর বিকাশকে উদ্দেশ করে বলল -.”ব্যাপারটা কি হচ্ছে কেউই ভাল বুঝতে পারছে না দেখছি, তুই একটু গুছিয়ে বল দেখি ফের – সবাই আরেকটিবার শুনি।”
বিকাশ বারো ক্লাসে পড়া ইস্তক পার্টি করছে – খুব গুছিয়ে কথা বলতে পারে, ভালোওবাসে।
তার বক্তব্য শুনে বীথির দু’চোখে অবিশ্বাস আর আতঙ্ক ঘনিয়ে এলো। এসব কি সাংঘাতিক কথা! এমন আবার হয় না কি?
শাসকদলের লোকাল কমিটিকে অন্ধকারে রেখে জেলা কমিটির মাথারা মন্ত্রী-সান্ত্রীদের সঙ্গে যুক্তি করে একেবারে পাকা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে পুবপাড়া স্টেশনের পশ্চিমদিকের অনেকটা অংশ, মানে স্টেশনের গা থেকে প্রায় গঙ্গার ঘাট পর্যন্ত – দিশি বিলিতি বড় বড় ব্যবসাদারদের হাতে তুলে দেবে সরকার। কারখানা হবে, হোটেল হবে, হাসপাতাল হবে – ভোলই পাল্টে যাবে পুবপাড়ার।
প্রায় শ্বাসরোধ করে চিত্রার্পিতের মতো দাঁড়িয়ে বীথি শুনতে লাগল – কীভাবে স্টেশন লাগোয়া প্রায় সমস্ত দোকানপাট ভাঙা পড়বে, ভাঙা পড়বে গেরস্তের ঘরসংসার, দালানকোঠা, মাথা গোঁজার ঠাঁই। আর সেই সঙ্গে বেবাক লোপাট হয়ে যাবে বিঘের পর বিঘে দো-ফসলি চাষের জমি।
(ক্রমশ)
PrevPreviousঘাসজন্ম তৃতীয় পরিচ্ছেদ
Nextডাক্তারদের মায়ের অভাব হয় না।Next
0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
guest
0 Comments
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত পোস্ট

শীতকালেও সান স্ক্রিন?

November 16, 2026 No Comments

ডাক্তারদের মায়ের অভাব হয় না।

November 16, 2026 No Comments

ডাক্তারদের মায়ের অভাব হয় না। সব মহিলা রোগীদের মা বলে ডাকার একটা আনন্দ আছে। সেই ১৪ বছরের বাচ্চা মেয়েটিকে ৮০ বছরের বৃদ্ধা। একটা ডাকেই বিশ্বাস,

ঘাসজন্ম তৃতীয় পরিচ্ছেদ

November 15, 2026 No Comments

সেই ঝড়ের সন্ধেরাতের মিনিট সাতেক সময় ছিল বীথির এতদিন বাঁচা বেরং জীবনের সবচেয়ে রোমাঞ্চকর সাত মিনিট! মুকুন্দর ঘামে আর বৃষ্টিতে ভেজা শার্টের সঙ্গে লেপ্টে ওর

বিচারহীন ২৭ মাস l মুক্তচিন্তার কণ্ঠরোধ প্রতিরোধে l অভয়া মঞ্চ

November 15, 2026 No Comments

উইলিয়াম ব্রুক ও’শনেসি – উপনিবেশিক ভারতের প্রথম মেডিক্যাল বিজ্ঞানী

November 15, 2026 No Comments

(শুরুর কথাঃ ও’শনেসির মতো বিজ্ঞান প্রতিভা এবং মৌলিক অনুসন্ধানী বিজ্ঞানীর, যিনি মেডিক্যাল তাঁর ছাত্রদের মাঝে “স্পিরিট অফ ফ্রি থিঙ্কিং” জাগাতে চেয়েছিলেন এবং কেমিস্ট্রি জেনে ছাত্ররা

সাম্প্রতিক পোস্ট

শীতকালেও সান স্ক্রিন?

Dr. Koushik Lahiri November 16, 2026

ডাক্তারদের মায়ের অভাব হয় না।

Dr. Indranil Saha November 16, 2026

ঘাসজন্ম চতুর্থ পরিচ্ছেদ

Dr. Sukanya Bandopadhyay November 16, 2026

ঘাসজন্ম তৃতীয় পরিচ্ছেদ

Dr. Sukanya Bandopadhyay November 15, 2026

বিচারহীন ২৭ মাস l মুক্তচিন্তার কণ্ঠরোধ প্রতিরোধে l অভয়া মঞ্চ

Abhaya Mancha November 15, 2026

An Initiative of Swasthyer Britto society

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

Contact Us

Editorial Committee:
Dr. Punyabrata Gun
Dr. Jayanta Das
Dr. Chinmay Nath
Dr. Indranil Saha
Dr. Aindril Bhowmik
Executive Editor: Piyali Dey Biswas

Address: 

Shramajibi Swasthya Udyog
HA 44, Salt Lake, Sector-3, Kolkata-700097

Leave an audio message

নীচে Justori র মাধ্যমে আমাদের সদস্য হন  – নিজে বলুন আপনার প্রশ্ন, মতামত – সরাসরি উত্তর পান ডাক্তারের কাছ থেকে

Total Visitor

701416
Share on facebook
Share on google
Share on twitter
Share on linkedin

Copyright © 2019 by Doctors’ Dialogue

wpDiscuz

আমাদের লক্ষ্য সবার জন্য স্বাস্থ্য আর সবার জন্য চিকিৎসা পরিষেবা। আমাদের আশা, এই লক্ষ্যে ডাক্তার, স্বাস্থ্যকর্মী, রোগী ও আপামর মানুষ, স্বাস্থ্য ব্যবস্থার সমস্ত স্টেক হোল্ডারদের আলোচনা ও কর্মকাণ্ডের একটি মঞ্চ হয়ে উঠবে ডক্টরস ডায়ালগ।

[wppb-register]