আমি আমার বেণী কেটে ভাসিয়ে দিয়েছি
কারুন নদীর জলে
আমার ছেঁড়া হিজা়ব ভাসে হাওয়ায়
আর সেফিদ-রুদ্এর জলে তার দীঘল চোখের মায়া
আমি চেয়েছি আমার মতো হাঁটতে,এই পথে
জাগ্রোস-এর চূড়ায় উঠে গাইতে আমার গান
কিন্তু আমার পথ যে আজ রক্তে ভেজা নদী
ছড়িয়ে আছে আমার শিশুর লাশ
মুক্তি দেওয়ার মিথ্যে কথাচ্ছলে
ওরা আমার দখল করল শরীর
ভেঙে পড়ছে ঘর, আকাশ জুড়ে আগুন, ওরা মেতেছে তাণ্ডবে
আমার বোরখা হিজা়ব, আমার মাখমালবাফ….
কেউ জানে না আমরা কোথায় বাঁচব এবার?গাজা়য় নাকি কবরখানায়?
আমার দু’চোখ ঝলসে যাচ্ছে সভ্যতার উল্লাসে….
[নামকরণের ঋণ: জা়ফর পানাহি]









