বিপদ বুঝলে, ফের সার্কাস নেতাজি ইন্ডোরে।
আইন-মারা ভুল করব দেদার, চেঁচাব খুব জোরে।
মাস্টারেরা, ত্রিশঙ্কু প্রায়, থাকবি সবাই ঝুলে,
যদ্দিন না ভাগ্য ঢাকছে ঘাসফুলে ঘাসফুলে।
পুলিশ তোমরা পাহারা দাও, কেউ না যেন আসে।
জনগণকে হুকুম, সবাই মুখ দিয়ে চল্ ঘাসে।
সময় মত লাঠির চোটে সবটা যাবি ভুলে।
ছাব্বিশ ফের ভরিয়ে দেব ঘাসফুলে ঘাসফুলে।
আমায় নিয়ে ট্রোল করেছিস। ভাবিস আমায় গাধা?
দিল্লির মসনদে আসীন মাসতুতো এক দাদা।
তার সঙ্গে মকফাইটের জিগিরটুকু তুলে,
বাংলার মাঠ ভরিয়ে দেব ঘাসফুলে ঘাসফুলে।
এখন তো খুব চুরির গন্ধ, সারাটা দেশ জুড়ে
এসব থেকে বাঁচতে আমার পুত্র ফরেন ট্যুরে।
ঝড় থামলেই ফিরবে বাছা, এ ক্ষীর নদীর কুলে।
সব ইভিএম ভরিয়ে দেবে ঘাসফুলে ঘাসফুলে।
‘শ্রী’এর গুঁতোয়, ডিএর ছুতোয় চাকরি যাবেই ভোগে।
তবুও যদি ভুগিস তোরা বাঁচতে চাওয়ার রোগে,
প্রতিশ্রুতির ফ্ল্যাগ ওড়াব মিথ্যের মাস্তুলে
জগন্নাথ আর ইনশা আল্লা, ঘাসফুলে ঘাসফুলে।











