১৬ই আগস্ট, ২০২৫
সংবাদ মাধ্যমে পাঁশকুড়া হাসপাতালে যে ধর্ষণের ঘটনা আমরা জানতে পারি, তাতে যে তীব্র ঘৃণা, ক্রোধ এবং যন্ত্রণা আমাদের হচ্ছে তা প্রকাশ করার কোন ভাষা নেই। নারী নির্যাতনের ঘটনা কি তাহলে এ রাজ্যের স্বাভাবিক ঘটনা হয়ে গেল? অভয়ার ন্যায়বিচার আজও অধরা। অপরাধীরা হয়তো সদম্ভে ঘুরে বেড়াচ্ছে। আর ঠিক এরকম ঘটনা থেকেই সাহস পাচ্ছে অন্ধকারের বীভৎস জীবরা।
কর্মক্ষেত্রে একাধিক মহিলা স্বাস্থ্যকর্মীর যৌন হেনস্থার কথা শোনা যাচ্ছে ঐ হাসপাতালে। এ কোন অসহ্য অদ্ভুত আঁধার?!! নারী নিরাপত্তা শূন্যতে এসে ঠেকেছে এ রাজ্যে।
আমরা তীব্র ধিক্কার জানাই হাসপাতাল কর্তৃপক্ষ তথা প্রশাসনকে। অপরাধীদের কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি অতি দ্রুত সুনিশ্চিত করতে হবে। যে ঠিকাদারী সংস্থার কর্মী এই অপরাধ ঘটিয়েছে, সেই সংস্থাও ঘটনার দায় এড়াতে পারে না। পাঁশকুড়া হাসপাতাল সহ সমস্ত কর্মক্ষেত্রে মহিলাদের নিরাপত্তা ব্যবস্থায় সর্বোচ্চ নজরদারি প্রশাসনের কর্তব্য। বারে বারে এই গাফিলতি আমাদের হতাশ করছে। এখনই এই বিষয়ে জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে হবে। রাজ্যবাসীর সহ্যের সীমা অতিক্রান্ত। প্রতিকার হোক।








