মোমবাতিদের বৃথাই জ্বলা, বৃথাই মিছিল মৌনতার
উল্লাসে আজ দেশ ভেসে যায় বিচারবিহীন যৌনতার।
নগ্ন মিছিল মণিপুরে, ফেসবুকে আর ইনস্টাগ্রামে
বিকোয় তারা, হাঁটছে যারা, বিকোয় তারা অল্প দামে।
দশভুজা ছিলিস তো তুই, লড়াই ছিল রোগের সাথে
জানিস নাতো কিছু লড়াই, অসুর আসে গভীর রাতে।
লড়াই আরও, তাদের সাথে, জেগেও যারা ঘুমিয়ে থাকে-
লড়তে হবে, বিরুদ্ধে সে – যে মিথ্যে দিয়ে সত্যি ঢাকে।
নিরাপত্তার জায়গা পেতে লড়তে হবে, লড়াই চাই,
বিচার পেতেও লড়া, নয়তো বিকিয়ে যাবে বিচারটাই।
হাসপাতালে, হাথরসেতে, কামদুনিতে সর্বনাশ
যত্নে ঢাকি কান্না দিয়ে বিনা সুতোর মেয়ের লাশ।
ঘুমিয়ে গেলি? চির ঘুমে? লড়তে হবে, জাগবি না?
আগুন জ্বালো, আগুন জ্বালো – আরেকটা বার ডাকবি না?
দুর্গা মাগো, ‘অসুরদলন’ সত্যি এবার হও না তুমি
মৃত্যু থেকে এবার ফেরো- ডাকছে তোমায় মাতৃভূমি।










