একটা ছোট্ট কথা বলার আছে। কথা বলতে, মতামত – একান্তই নিজস্ব মতামত।
এসএসসি দুর্নীতি ইস্যু (কেউ কেউ তার সঙ্গে অভয়ার ধর্ষণ-খুনের ঘটনাকেও জুড়েছেন) থেকে নজর ঘোরাতেই নাকি কাশ্মীরে এই উগ্রপন্থী হামলা ঘটানো হয়েছে – বন্ধুবৃত্তের বেশ কিছু মানুষের মুখে শুনলাম এমন বক্তব্য।
প্লিজ, এমন কথা বলা বন্ধ করুন। কেননা কথাটা শুধু হাস্যকরই নয়, বিপজ্জনকও।
ইসলামিক মৌলবাদকে পুঁজি করে বা তার ভয় দেখিয়ে এদেশে সংখ্যাগুরুর সাম্প্রদায়িক মনোবৃত্তি বাড়ছে – ইসলামোফোবিয়া তৈরি করা ও বাড়িয়ে তোলা হচ্ছে – কথাগুলো যে ঠিক সে নিয়ে তর্কের অবকাশ নেই। কিন্তু পাশাপাশি এ-ও সত্য যে ইসলামিক মৌলবাদ কোনও মনগড়া ব্যাপার নয়। ইসলামিক মৌলবাদ যে খুব বাস্তব একটা সমস্যা এবং তা যে ভয়ঙ্কর একটা বিপদ – এই সত্যিটাও একইরকম অনস্বীকার্য।
মৌলবাদী হামলা কঠোরভাবে নিন্দার যোগ্য। আমাদের দেশের এতগুলো মানুষের প্রাণ যারা নিলো, সেই মৌলবাদীরা ঘৃণার যোগ্য।
বন্ধুবৃত্তের যাঁরা এই নিন্দনীয় ঘটনাকে অন্য ইস্যুর থেকে নজর ঘোরানোর ছক হিসেবে দেখার মতো আশ্চর্য অপরিণত কনস্পিরেসি থিওরির অবতারণা করছেন, তাঁদের চিন্তাভাবনা শিশুসুলভ তো বটেই, উপরন্তু তাঁদের এই অর্বাচীনতা অসাম্প্রদায়িক ও মৌলবাদবিরোধী মানসিকতার মানুষজনের বিশ্বাসযোগ্যতা ও সততা নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে। যে প্রশ্নচিহ্ন পরবর্তীকালে সাম্প্রদায়িক শক্তির এজেন্ডাকেই শক্তিশালী করবে। মৌলবাদীদের এই নৃশংস কাজের নিন্দে করতে যদি বাধোবাধো ঠেকে, তাহলে, অন্তত এই সময়টুকু, একটু মুখ বন্ধ রাখুন, প্লিজ।











একদম ঠিক কথা বলেছেন।