১১ নভেম্বর ২০২৫
সম্প্রতি জলপাইগুড়ির একটি স্কুলের প্রধান শিক্ষিকার, পুরসভার বর্তমান চেয়ারম্যান দ্বারা নিগ্রহের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ঘটনাচক্রে উক্ত প্রধান শিক্ষিকা শ্রীমতি সুতপা দাস শুরু থেকেই অভয় আন্দোলনের এক সক্রিয় কর্মী, বর্তমানে জলপাইগুড়ি অভয়া মঞ্চের অন্যতম সংগঠক।
ঘটনার সূত্রপাত ২০২৫ এর ৪ জানুয়ারি। দেড় শতাব্দী প্রাচীন সুনীতি বালা সদর গার্লস হাই স্কুলের ম্যানেজিং কমিটির প্রধান সৈকত চট্টোপাধ্যায় নবনিযুক্ত সহকারি প্রধান শিক্ষিকা অরুনিমা মৈত্রের যোগদান এবং প্রশাসনিক আরও কিছু বিষয় নিয়ে আপত্তি তোলেন। ম্যানেজিং কমিটির প্রধান এবং সহ প্রধান শিক্ষিকার মধ্যে উচ্চস্বরে তর্ক বিতর্ক হয়। কমিটির প্রধান বলেন যেহেতু প্রধান শিক্ষিকার উপস্থিতিতে সহ প্রধান শিক্ষিকা উচ্চস্বরে কথা বলেছেন তার দায়িত্ব প্রধান শিক্ষিকার। প্রধান শিক্ষিকাকে কান ধরে উঠবস করতে বাধ্য করা হয়।
এই ঘটনার পরেই প্রধান শিক্ষিকা কমিশনার অফ স্কুল এডুকেশন এবং বিচার বিভাগে অভিযোগ জানান। কিন্তু কিন্তু তিনি ন্যায় বিচার পাননি। বরং নিগ্রহকারীর পদোন্নতি হয়েছে।
আমাদের মনে পড়ে যাচ্ছে ভাঙরের সেই ঘটনা যেখানে আরাবুল ইসলাম কলেজের শিক্ষিকাদের দিকে জলের জগ ছুঁড়ে দিয়েছিল।
অভয়া মঞ্চ প্রধান শিক্ষিকার নিগ্রহের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং ন্যায় বিচার চায়। কেবল মেডিকেল কলেজগুলিতে নয়, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে রাজ্যের প্রতিটি কোণে হুমকির সংস্কৃতির অবসান চায় অভয়া মঞ্চ।









