রাজার হ্যাঁতে হ্যাঁ মিলাতে থাকবে যে ভিড় , সবার জানা।
জটলা হবে পায়ের নিচে বুদ্ধিজীবীর, সবার জানা।
বলবে তারা শাসক সেরা এই পৃথিবীর, সবার জানা।
তোষামোদ আর গদির ভারী সখ্য নিবিড় , সবার জানা।
সে মান পেয়ে মান কমে যায় লেখক কবির, সবার জানা।
ভাত ছড়ালে বায়সপাখির হয় না অভাব , সভার জানা।
নির্বাচিত হলেও শাসক বাদশা নবাব, সভার জানা।
নিরোর মতোই পুড়লে স্বদেশ বাজান রবাব, সভার জানা।
ডিগ্রীধারীর প্রশ্নকারীর হয় না স্বভাব। সভার জানা।
হচ্ছেটা কী কেউ খোঁজে না সেসব জবাব, সভার জানা।
সওয়াল হলেই জামিনবিহীন তৈরি লক-আপ, সভার জানা।
এক দুজনাই নেবেন যে দিক যেতে মানা , সবার যা না।
সভায় মানা বেঠিক কথার ঠিক ঠিকানা, সবার যা না ।
লিখবে কলম এমন কথা ডাকবে থানা, সবার যা না।
একটা লেখায় গাল দেবে ট্রোল হাজারখানা, সবার যা না।
ছাপতে গেলেই কারণ-বিহীন টালবাহানা, সবার যা না।
এক দুজনাই লেখক কবি, ভাবীর চাবি যাদের জানা,
সবার যা না।
যুগ পেরোলে তাঁদের এবং স্রেফ তাঁদেরই নেয় আগামীর উড়ান-ডানা।
সবাই যা না।










