সরকারি হাসপাতাল তথা শিক্ষাপ্রাঙ্গণের বুকে সংঘটিত ৯ আগস্টের সেই নৃশংস অপরাধ আজও বিচারহীন। সময় পেরিয়েছে, ক্যালেন্ডারের পাতা বদলেছে, কিন্তু ন্যায়বিচারের পথ আজও অধরা।
তদন্তভার গ্রহণের পর দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও তদন্তের অগ্রগতি নিয়ে মানুষের অসংখ্য প্রশ্নের সন্তোষজনক উত্তর মেলেনি। চার্জশিট দাখিল হয়েছে, কিন্তু বিচারের বাস্তব অগ্রগতি এখনও সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ইতিমধ্যে প্রশাসনিক ও রাজনৈতিক স্তরে নানা পরিবর্তন এসেছে। ক্ষমতার পালাবদল হয়েছে, নতুন করে তদন্তের আশ্বাস এসেছে, নতুন বিশেষ তদন্তকারী দল (SIT) গঠনের ঘোষণা হয়েছে। তদন্তকারী সংস্থার গুরুত্বপূর্ণ কর্মকর্তাদেরও বদলি করা হয়েছে। কিন্তু এতসব পরিবর্তনের পরেও মূল প্রশ্নটি একই রয়ে গেছে।
বিচার কোথায়?
দল বদলেছে, রং বদলেছে, প্রতিশ্রুতির ভাষা বদলেছে। বদলায়নি শুধু বিচারহীনতার বাস্তবতা। দীর্ঘ দুই বছর ধরে মানুষের বুকে জমে আছে ক্ষোভ, বেদনা, হতাশা এবং এক গভীর অনিশ্চয়তা। এই বিচারহীনতা কেবল একটি পরিবারের নয়। এটি সমগ্র সমাজের নিরাপত্তাবোধ, রাষ্ট্রের জবাবদিহি এবং ন্যায়বিচারের প্রতি মানুষের আস্থার প্রশ্ন।
এই কারণেই West Bengal Junior Doctors’ Front আগামী ৯ আগস্ট (রবিবার), দুপুর ১টা ৩০ মিনিটে, কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত একটি প্রতিবাদী পদযাত্রার আহ্বান জানাচ্ছে।
এই মিছিল কোনো রাজনৈতিক পালাবদলের উদ্যাপন নয়। এটি বিচারহীনতার বিরুদ্ধে নাগরিকের কণ্ঠস্বর। এটি স্মরণ, প্রতিবাদ এবং জবাবদিহির দাবি। এটি সেই অঙ্গীকার, যা বলে, সময় যতই পেরিয়ে যাক, বিচার না হওয়া পর্যন্ত এই লড়াই থামবে না।
আমরা সকল শুভবুদ্ধিসম্পন্ন, গণতন্ত্র ও ন্যায়বিচারে বিশ্বাসী মানুষকে আহ্বান জানাই, এসে দাঁড়ান এই প্রতিবাদী পদযাত্রায়। আপনার উপস্থিতিই প্রমাণ করবে, আমরা ভুলিনি। আমরা আপস করিনি। আমরা বিচার না হওয়া পর্যন্ত নীরব থাকব না।
৯ আগস্ট শুধু একটি তারিখ নয়। এটি আমাদের বিবেকের পরীক্ষা।
বিচার না হওয়া পর্যন্ত পথ চলা থামবে না।












