ভাঙা তো সহজ, গড়াটা কঠিন
হাতুড়ি থাকলে ছেনি হাতে নিন
শুধু যদি হন হাতুড়ি-মালিক,
দুনিয়া পেরেক মনে হবে ঠিক
হাতুড়ি একলা হাতে বেমানান
তার জানা শুধু ভাঙার বানান
অন্য হাতটা যদি থাকে ফাঁকা
মুশকিল কিছু না ভেঙে থাকা
হতে পারে সেটা হকার-বিপণি
আইনি হয় না যারা কোনোদিনই
অথচ রোজের বিকিকিনি-কাঁখে
খুব সৎ কিছু ঘাম লেগে থাকে
অথবা ক্ষুব্ধ ছাত্রের ঢল
আগামী যাদের হল বেদখল
ভাঙতে মিছিল হাতুড়ি-প্রহারে
পেলেট-এর গুলি বুকে পিঠে ঘাড়ে
কিংবা হাতুড়ি কলেজের গেটে
বিরোধী হাওয়ায় যারা টার্গেটে
চেনা ঘোষ-এ দোষ, তবু আফশোষ
হাতুড়ি জানে না কে নন্দ বোস ।
সব বলে দিলে ধ্বংস ও ক্ষতি,
অবিচার হবে হাতুড়ির প্রতি,
সেও তো হাতুড়ি, যার ঘা’য় চিড়
ওরা-আমরা’র চীনের প্রাচীর।
আপনার নয় তেমন হাতুড়ি
দেওয়াল ভাঙাটা মানা পুরোপুরি
ভুল করে কেউ তা ভাঙতে গেলে
হাতুড়ি পেটায় তাকে ভুঁইয়ে ফেলে
এত উঁচু আজ আপনি আসীন
শুনতে পাবেন তার আশা ক্ষীণ
তবুও যাচ্ছি বলে প্রতিদিন,
দেশের মাটির শোধ দিতে ঋণ..
ভাঙাটা সহজ গড়াটা কঠিন
হাতুড়ির সাথে ছেনি হাতে নিন।










