এতো কাল শুনে এসেছি? ‘শতং বদ মা লিখ’। এখন তো লেখাপড়া উঠে গেছে, তাই কথাই চলছে, আর রাজনীতিবিদদের তো কথা বেচেই খেতে হয়, চুপচাপ কাজ করার দিন বহু কাল আগেই অস্তমিত।
তাই, যে যা প্রাণে চাইছে বলে যাচ্ছে। আমরা অনিয়ন্ত্রিত ভুলভাল বলে ভাবলে কী হবে, হয়তো সবই হচ্ছে অত্যন্ত হিসেব করে। আমাদের কাছে যা বিশ্রম্ভালাপ লাগছে, তা হয়তোবা অতি পরিকল্পিত ‘আলাপ’ মাত্র। যাহোক, এক বছর আগে হলে নাহয় আমাদের বর্তমান স্বাস্থ্যমন্ত্রীকে বলা যেতো, ‘কী সব বকছো?’ বা ‘কী করছো!’ না, এখন ওসবের প্রশ্নই নেই, তাছাড়া এখন প্রশ্ন করাই খুব বিপজ্জনক। কোনো প্রশ্নই এখন আর নিরীহ, নিরাপদ বা গোবেচারি বলে গণ্য করা হয় না, যদিও ‘গো’কে বর্তমানে ‘ বেচারি বা বেচারা সম্বোধন কতটা যুক্তিযুক্ত বলা খুব কঠিন ।
আসলে, একটা জিনিস মেনে নেওয়া ভালো যে ক্ষমতার বহিঃস্থলে আর ক্ষমতার অন্তঃস্থলে দুটো মানুষ বোধহয় এক নয়। তাছাড়া, একটা মানুষেরই কতগুলো পরিচয় আছে, তার হদিসই বা কী করে পাওয়া যাবে?
লালন সাঁই এর একটা গান ছিল না,
” তোমার ঘরে বাস করে কারা, ও মন, জানো না
তোমার ঘরে বসত করে কয়জনা, মন, জানো না
তোমার ঘরে বসত করে কয়জনা …. ”
তাই, কোনো মানুষের মধ্যে কত চরিত্র লুকিয়ে আছে, তা কি আর সাধারণ দৃষ্টিতে ধরা পড়ার কথা না সত্যিই বোঝা সম্ভব?
মেডিকেল কলেজের ইতিহাসে আন্দোলন কি কোনো নতুন ঘটনা? আমাদের সময়ে কেন, এর শুরু তো বহু আগে। ১৮৪১ সালে মানে প্রতিষ্ঠার ৬ বছরের মাথায় প্রথম ছাত্রবিক্ষোভ হয় রাজেন্দ্রলাল মিত্রের(পরবর্তী কালে এশিয়াটিক সোসাইটির প্রথম ভারতীয় প্রেসিডেন্ট) নেতৃত্বে। তৎকালীন হাইকোর্টের প্রধান বিচারপতি এডোয়ার্ড রায়ান ভয় দেখান কলেজ বন্ধ করে দেওয়ার। বেশিরভাগ ছাত্র নতিস্বীকার করলেও রাজেন্দ্রলাল ও আরো দুজন ছাত্র কলেজ ছেড়ে বেরিয়ে আসেন। তাদের মধ্যে একজন হলেন কবি ও গায়ক দ্বিজেন্দ্রলাল রায়ের পিতা কার্তিকেয় চন্দ্র রায়।
১৮৬২ সালে এক ভারতীয় ছাত্রকে চুরির মিথ্যা অপবাদে পুলিশের হাতে তুলে দেওয়া এবং ভারতীয়দের চোর বলার প্রতিবাদে মেডিকেল কলেজে ছাত্র ধর্মঘট হয়, সম্ভবত ভারতবর্ষে সর্বপ্রথম ছাত্র ধর্মঘট।
বিদ্যাসাগর মহাশয়ের হস্তক্ষেপে কর্তৃপক্ষ পিছু হঠলেও আন্দোলনের নেতা বিজয়কৃষ্ণ গোস্বামী বিরক্ত হয়ে মেডিকেল কলেজ ত্যাগ করেন। পরবর্তীকালে তিনি আধ্যাত্মিক পুরুষ হিসেবে পরিচিতি লাভ করেন।
মেডিকেল কলেজে আন্দোলনের সেই ধারা স্বাধীনতা পরবর্তী সময়েও বজায় ছিল। আমাদের সময়ে ও তার পরে অবস্থান-বিক্ষোভ ও ঘেরাও তো প্রায় নিয়মিত রূপ নেয় প্রিন্সিপাল, সুপার বা কলেজ কাউন্সিলের বিরুদ্ধে। শুনেছি বর্তমান স্বাস্থ্যমন্ত্রীও অংশীদার ছিলেন তার ছাত্রজীবনে। আর, সেই সব বিক্ষোভে যে সমস্ত বাক্য বা শব্দবন্ধ ব্যবহার করা হতো কর্তৃপক্ষের উদ্দেশ্যে, তা যে সবই বিশুদ্ধ শাস্ত্রসম্মত ছিল, এরকম দাবি কোনো প্রাক্তন আন্দোলনকারীও কোনো দিন করেছেন বলে শুনিনি। বস্তুতঃ, ছাত্রজীবনে বিভিন্ন সময়ে যা যা আচরণ করেছি, তা অনেক ক্ষেত্রেই হয়তো স্বাভাবিক রীতিনীতিকে লঙঘন করেই। কিন্তু সেটা তো সেই বয়সেরই characteristic feature..
বাড়ির লোকের সঙ্গেও তো একই রকম ব্যবহার করা হয়েছে।
তবে তার জন্য তো বাড়ি থেকেও বার করে দেয়নি আর কলেজেও কর্তৃপক্ষ পুলিশে FIR করেনি।
বাস্তবিক ক্ষেত্রে,মেডিকেল কলেজে ঐ ১৮৬২ সালে প্রিন্সিপাল নর্মান শিভারস্ ছাড়া আর কেউ কি কোনো দিন পুলিশে অভিযোগ করেছে ছাত্রদের বিরুদ্ধে, অন্তত আন্দোলনের কারণে? আমার অন্তত জানা নেই।
স্ত্রী রোগ বিভাগের শিক্ষককে ‘চামড়া ছাড়িয়ে/ গুটিয়ে নেওয়ার’ শ্লোগান নিশ্চয়ই সমর্থনযোগ্য নয়। কিন্তু কলেজে বহিরাগত গুণ্ডাদের ডেকে এনে ছাত্রদের বিরুদ্ধে হামলার যে অভিযোগ ঐ শিক্ষকের বিরুদ্ধে, তার জন্য কোনো FIR হয়েছে কি? অন্ততঃ, আমাদের জানা নেই, যেমন জানা নেই সেই হামলার জন্য আদৌ কেউ গ্রেফতার হয়েছে কিনা।
অবস্থান-ঘেরাওয়ের সময়ে সত্যিই কি ভাইস প্রিন্সিপাল শারীরিক ভাবে নিগৃহীত হয়েছেন? এটা আদৌ সম্ভবপর বলে মনে হয় না, কারণ তাহলে তো বাকি ছাত্রছাত্রীরাই তার প্রতিবাদ করতো। বা, অন্য শিক্ষকরা এবং অবশ্যই প্রিন্সিপাল প্রতিবাদ করতেন। জরুরী ভিত্তিতে ডাকা কলেজ কাউন্সিলেও তা নিয়ে আলোচনা হতে পারতো।
প্রশ্নটা হলো, ভাইস প্রিন্সিপাল কি নিজেই স্বতঃপ্রণোদিত হয়ে
থানায় FIR করেছেন, না ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে করেছেন? সেক্ষেত্রে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে নির্দেশ কি আরও ঊর্ধ্বতর কেউ দিয়েছে? এসব কোনো প্রশ্নেরই জবাব পাওয়া সম্ভব নয়। শুধু একটা জিনিসই পরিষ্কার যে মেডিকেল কলেজের কর্তৃপক্ষ যা করেছেন তা একান্ত ভাবেই অ-অভিভাবক সুলভ। ছাত্ররা ভুল করলেও কিন্তু অভিভাবক ও শিক্ষকরা তাদের ভুল শোধরাতে সাহায্য করে, পুলিশের কাছে যায় না। সমস্যার সমাধান নয়, সমস্যাকে উত্তরণ করানো হলো বৃহত্তর স্তরে, ইচ্ছাকৃত ভাবেই। তাই, প্রাথমিকভাবে কলেজ কাউন্সিলের সদর্থক ভূমিকাও রয়ে গেল একেবারে গুরুত্বহীন, পরিত্যক্ত।
এসব কিছুর আরম্ভ আবার সেই চোরবাগানে ভিড়ের চাপে মৃত্যুর চরম বিপর্যয়ের ঘটনার রাত্রে ইন্টার্নদের সাংবাদিকদের মুখোমুখি হওয়া থেকে। সেখান থেকেই আমরা জানতে পারি যে ঐ রাতেই মেডিকেল কলেজ থেকে আহতদের স্থানান্তরিত করা হয়েছিল বেসরকারি করপোরেট হাসপাতালে। ইন্টার্নদের বিরুদ্ধে অভিযোগ করা হয় তারা ডিউটি ফাঁকি দিয়ে সাংবাদিক সম্মেলন করেছে। ইন্টার্নশিপ হলো MBBS কোর্সের অন্তিম পর্যায়ের আবশ্যিক ট্রেনিং পর্ব। তারা stipend পায়, কোনো payment নয়, সার্ভিসের তো কোনো প্রশ্নই নেই। তারা কাজ করে হাউসস্টাফ, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনি (পিজিটি) বা তার ঊর্ধ্বে কারুর তত্ত্বাবধানে ও নির্দেশে। সে রাত্রে শেষোক্তদের মধ্যে কেউ না কেউ কি আদৌ কোনো অভিযোগ করেছিলেন যে তাদের নির্দেশিত কাজ ফেলে রেখে ইন্টার্নরা সাংবাদিক সম্মেলন করতে চলে গিয়েছিলো? আসলে, সেদিন যে ইন্টার্নরা হাসপাতালে ছিল, তাদের বেশিরভাগেরই কোনো ডিউটি ছিল না। মর্মান্তিক দুর্ঘটনার খবর পেয়ে ঝাঁপিয়ে পড়েছিল আহতদের চিকিৎসায় প্রায় সবাই। কিন্তু যখন দেখলো সরকারি উদ্যোগে আহতদের করপোরেট প্রতিষ্ঠানে পাঠানো হচ্ছে, তখনোই তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে উপস্থিত সাংবাদিকদের সামনে। কোথাও কোনো সাংবাদিককে আমন্ত্রণ জানিয়ে ডাকা হয় নি। সাংবাদিকদের সামনে মুখ খোলায় কি কোনো নিষেধাজ্ঞা আছে?
তাছাড়া ভুলটা কি বলেছিল? পরবর্তী কালে সরকারের শীর্ষস্থানীয়র কাছ থেকে আমরা জানতে পারি মেডিকেল কলেজের থেকে করপোরেট হাসপাতাল অনেক উন্নত এবং সেখানে চটজলদি স্থানান্তরিত করা হয়েছিল বলেই সমস্ত আহতদের প্রাণরক্ষা হয়। ওষুধ ও যন্ত্রাংশ নিয়ে পরবর্তী সরকারি বিজ্ঞপ্তিও (local purchase সংক্রান্ত) কিন্তু হাসপাতালে তাদের অপ্রতুলতাকেই পরোক্ষে স্বীকার করা হয়। তরুণ ইন্টার্নরা যা করেছে সেটা হলো whistleblower এর কাজ। কয়েক বছর আগে যখন ডেঙ্গু রোগের বিষয়ে প্রকৃত তথ্য সামনে আনার জন্য ডাঃ অরুণাচল দত্তচৌধুরীকে পূর্বতন সরকার সাসপেন্ড করে, সেদিন তো আমরা সবাই তার প্রতিবাদ করেছিলাম। মনে আছে সেই বিশাল স্বাস্থ্যভবন অভিযানের কথা যেখানে প্রত্যেকের হাতে ছিল ‘আমরা সবাই অরুণাচল’ লেখা প্ল্যাকার্ড। সেই মিছিলে বর্তমান স্বাস্থ্যমন্ত্রী ছিলেন কিনা মনে নেই, কিন্তু সেই সময়ের আন্দোলনে তিনি আমাদের সঙ্গেই ছিলেন। মনে রাখতে হবে অরুণাচল কিন্তু সরাসরি সার্ভিস রুলের আওতায় ছিল। আর এই ইন্টার্নরা তো সার্ভিস থেকে বহু যোজন দূরে।
এই সাংবাদিকদের কাছে মুখ খোলা কি সত্যিই এত বড়ো অন্যায় কাজ হয়েছে যে তাকে টানতে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে ?! ভূতপূর্ব মেডিকেল কলেজের ছাত্র/ প্রাক্তনী, এক সময়ের আন্দোলনের সহযোদ্ধা ও বর্তমানে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী, আপনি কী বলেন?
মেডিকেল কলেজের ছাত্র ও জুনিয়ার ডাক্তারদের বিরুদ্ধে সাম্প্রতিক পদক্ষেপগুলি কি সত্যিই খুব যুক্তিযুক্ত??











