হয়তো দেখবে তোমাকেই ভালোবেসে
করেছি যুদ্ধ, চেয়েছি শান্তি
যুগপৎ, অক্লেশে।
হয়তো দেখবে তোমাকেই ভালোবেসে
নিহতের শ্বাস নিয়েছি আমিই
যুদ্ধ জয়ের শেষে।
হয়তো দেখবে তোমাকেই ভালোবেসে
পরাভূত, তবু বিজয়ের ঘ্রাণ
মিশে আছে বিশ্বাসে।
হয়তো দেখবে তোমাকেই ভালোবেসে
শান্তি খুঁজেই যুদ্ধ পেয়েছি
দোটানার নাগপাশে।
হয়তো দেখবে তোমাকেই ভালোবেসে
মাটিতে মিশেও সূর্য খুঁজেছি
আকাশের আশেপাশে।
হয়তো দেখবে তোমাকেই ভালোবেসে
ধ্বংস দেখেও তোরণ এঁকেছি
সৃষ্টির উল্লাসে।
হয়তো দেখব তোমাকেই ভালোবেসে
নিজেকে খুঁজেই তোমাকে পেয়েছি
যুদ্ধের অবশেষে।
হয়তো দেখব তোমাকেই ভালোবেসে
তোমাকে চেয়েই নিজেকে পেয়েছি
শান্তির বারোমাসে।
হয়তো দেখব আমাকেই ভালোবেসে…
সঙ্গের এ আই পেইন্টিং: অন্যক্ষেত্র










