মার্চ ১২, ২০২৬
এরাজ্যের রাজ্য সরকারী কর্মচারী, শিক্ষক ও শিক্ষিকারা আগামী ১৩মার্চ ধর্মঘটে শামিল হতে চলেছেন। বকেয়া মহার্ঘ্য ভাতা প্রদান, অস্থায়ী কর্মচারীদের নিয়মিতকরণ ও রাজ্য সরকারের ৬ লক্ষ শূন্য পদে অবিলম্বে নিয়োগের দাবি জানিয়ে এরাজ্যের কোষাগার থেকে বেতনপ্রাপ্ত শিক্ষক কর্মচারীরা কর্মক্ষেত্রে ধর্মঘট ডেকেছেন। দীর্ঘ ১০ বছর ধরে চলা মামলার পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্ট গত ৫ফেব্রুয়ারী চূড়ান্ত রায়দানের পর চরম বঞ্চনা করা হচ্ছে রাজ্যের শিক্ষক কর্মচারীদের সঙ্গে। সুপ্রিম কোর্টের চূড়ান্ত রায়ে এটা স্বীকৃত যে দীর্ঘ ১০ বছর ধরে এরাজ্যের শিক্ষক কর্মচারীরা আর্থিকভাবে চরম বঞ্চনার শিকার, এবং একই সঙ্গে এ আই সি পি আই অনুযায়ী রাজ্যের কর্মচারীদের মহার্ঘ্যভাতা পাওয়া ‘আইনত বলবৎযোগ্য অধিকার’। রায়দানের সঙ্গে সঙ্গে বকেয়া মহার্ঘ্যভাতা কিভাবে দিতে হবে তা নিয়েও নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট যা মানতে রাজ্য সরকার বাধ্য। তা সত্বেও এই রায়কে মান্যতা না দিয়ে পুনর্বার রাজ্য সরকার সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন পেশ করেছেন যার একমাত্র উদ্দেশ্য সময় নষ্ট করা, যেহেতু রিভিউ পিটিশনে মূল রায় অপরিবর্তিতই থাকে। এছাড়াও এর অন্য উদ্দেশ্য আপামর কর্মচারী শিক্ষক সমাজের মধ্যে এক বিভাজন তৈরী করা। রাজ্য সরকারী শিক্ষক কর্মচারী ও রাজ্য কোষাগার থেকে বেতনপ্রাপ্ত কর্মচারী ও শিক্ষকদের মধ্যে বিভাজন করার উদ্দেশ্যেই রাজ্য সরকারের এই উদ্যোগ। স্মরণ করানো প্রয়োজন, ক্ষমতায় আসবার আগে বর্তমানে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন মহার্ঘভাতা কর্মচারীদের অধিকার, যে সরকার এ আই সি পি আই অনুযায়ী মহার্ঘ্যভাতা দিতে পারবেন না সেই সরকারের ক্ষমতায় থাকবার অধিকার নেই। আজ কি উত্তর দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী?
প্রায় ৬ লক্ষ শূন্যপদে নিয়োগ না করে স্বল্প ভাতা দিয়ে অস্থায়ী কর্মচারী নিয়োগ ও পুনর্নিয়োগের মধ্য দিয়েই সরকারী কাজ চালানো হচ্ছে। কোনস্তরে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ হচ্ছে না। অপরিসীম দুর্নীতি। স্পষ্ট নির্দেশনামা থাকা সত্ত্বেও কোন অস্থায়ী কর্মচারীকে নিয়মিতকরণ করা হচ্ছে না। সমকাজে সমবেতনের কোন বালাই নেই এরাজ্যে। সমস্ত দিক থেকে সরকারী কর্মচারী ও শিক্ষকরা আজ বঞ্চিত, কোণঠাসা। সুনির্দিষ্ট দাবির ভিত্তিতে শিক্ষক কর্মচারীরা ধারাবাহিক আন্দোলন করে যাচ্ছেন। এ অত্যন্ত লজ্জার যে শিক্ষক কর্মচারীরা নিজেদের দাবিতে মিছিল করতে গিয়ে, সভা করতে গিয়ে পুলিশের দ্বারা আক্রান্ত, প্রশাসনিক চরম নির্যাতনের শিকার,গ্রেফতার বরণ করেছেন, জেল খেটেছেন, শহীদ মিনার ময়দানে অস্থায়ী তাঁবু গেড়ে বছরের পর বছর শিক্ষক কর্মচারীরা অবস্থান চালাচ্ছেন। এমতপরিস্থিতিতে প্রত্যাঘাতের লক্ষ্যেই রাজ্যের শিক্ষক কর্মচারীরা আগামী ১৩মার্চ, শুক্রবার কর্মক্ষেত্রে যে ধর্মঘটের ডাক দিয়েছেন তাকে সমর্থন করছে আমাদের এই মঞ্চ।
‘সংগ্রামী গণমঞ্চ’ এই ধর্মঘটকে সর্বাত্মক ও সফল করবার আহ্বান জানাচ্ছে। রাজ্যের সমস্তস্তরের মানুষকে আবেদন করছে এই ধর্মঘটীদের পাশে দাঁড়াতে। আহ্বায়কমন্ডলী, সংগ্রামী গণমঞ্চ









