১৫ ই আগস্ট, ২০২৫
১৪ ই আগষ্ট ২০২৫ আবার হলো রাত দখল। মেয়েরা, প্রান্তিক লিঙ্গ যৌনতার মানুষজন রাত ১২ টায় তুললেন জাতীয় পতাকা। এই রাত যতটা তোমার ততটাই আমার, উচ্চারিত হলো সেই কথা। গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন সংগঠন, ব্যক্তি মানুষ রাত জাগলেন। অভয়া মঞ্চের সহযোগী বিভিন্ন সংগঠন শতাধিক জায়গায় দৃঢ় ভাবে, শিরদাঁড়া সোজা করে গলা তুললেন we deserve justice। ন্যায় বিচারের দাবি, সমানাধিকারের দাবিতে মেয়েদের লড়াই। মেয়েরা রাস্তা ছাড়বে না। এ আমাদের অঙ্গীকার। কয়েক পা হেঁটেছি, আরো অনেক পথ বাকি। একসাথে করতে হবে অধিকারের লড়াই। অভয়ার ন্যায়বিচারের লড়াই আমরা ছাড়ছি না। বিচার আমরা ছিনিয়ে আনবোই। এই ১৪ই আগষ্ট আর জি কর হাসপাতালে ভাঙচুর করে যারা প্রমাণ লোপাট করেছিল তাদের এক বছরে প্রশাসন খুঁজে পেলো না? নাকি লুকিয়ে রাখার দায়িত্ব নিল? সিবিআই ঠিক কি করলো এই এক বছর, কেউ জানতে পারলাম না। প্রশ্নগুলোর উত্তর পাইনি। অভয়া জাগিয়ে দিয়ে গেছে আমাদের। এই শত শত জায়গায় অভয়া মঞ্চের সদস্যরা মানুষকে সাথে নিয়ে রাতের পথে জানান দিলো, মেয়েদের সুরক্ষা, মেয়েদের অধিকার, মেয়েদের স্বাধীনতা জন্মগত অধিকার। কারও কাছে চাওয়ার নয়। শাসক এবং সমাজের সেই পিতৃতন্ত্রের ধারক বাহকরা বুঝে নাও, আর মেয়েরা ভয় পাচ্ছে না।
“বাধা দিলে বাধবে লড়াই, মরতে হবে।
পথ জুড়ে কি করবি বড়াই সরতে হবে।
লুঠ করা ধন করে জড়ো,
কে হতে চাস সবার বড়,
এক নিমেষে পথের ধুলায় পড়তে হবে।”











