। নয়ই আগস্ট, ২০২৫।
নেতানেত্রীরা বললেন, ফয়সালা হয়ে গেছে তো,
ওই যে ,’যাবজ্জীবন’!
স্থানীয় শাসক বললেন, যাকে ধরেছিলাম, দেখলে তো সাজা পেলো সেই বাছাধন!
স্থানীয় বিরোধী বললেন. আমাদেরই ক্রেডিট, ওপর
থেকে চাপ সৃষ্টি না করলে..
স্থানীয় মানুষেরা কিছুই বললো না, আবার খামোখা বাড়িতে পুলিশ এসে পড়লে.
নাহ! তার কথা বললো না দেশের সারথি বলে রশি ধরা কেউ,
শুধু মাটি আকাশকে ডেকে যেন বলে কাঁদছিস কেন এত,
ওকে কেউ মনে আর রাখেনি আদৌ।
বিচারক বললেন, বিরলের মধ্যে বিরলতম, ছোঃ! রোজ ঘটে এরকম দুর্ঘটনারা,
কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা বললেন, আরো কত কাজ আছে, লাভ নেই পিছে দিয়ে তাড়া।
সেসময় সিঁটিয়ে যাওয়া দণ্ডমুণ্ডের কর্তারা বললেন,
হাতে মাথা কাটা যাবে আগের মতোই
সেসময় গর্জে ওঠা বেশ কিছু গণ্যমান্য বললেন, বুঝলে হে,
না চাপলে ফস্কাবে মঞ্চের মই।
সে সময়ের বিচারের দায়িত্বে থাকা কোনো মানুষেরই আর তার কথা মনে নেই..
শুধু আগস্ট মাসের উপুরঝুপুর বৃষ্টিতে কান্না লুকিয়ে,
গাছেরা বারংবার হারাচ্ছে খেই।
পাড়ার চা’য়ের দোকানের সরগরম আড্ডায় চেনা বিজ্ঞটি বললেন,
সরকার না চাইলে কিসসু হওয়ার নয়!
দেশ উদ্ধারে রাজা-উজির মারা ডেলি প্যাসেঞ্জারের মধ্যে থেকে একজন বলে উঠলেন,
বিকেলে আবার মিছিল না বেরোয়!
ক্লাবের শারদীয়া মিটিংয়ে যাওয়ার আগে সভাপতি সেক্রেটারিকে মেসেজে বললেন,
‘ওর নাম নিলে কিন্তু এক লাখ দশ..’
মলের সুবেশা তরুণীটি পাশের ঝকঝকে যুবকটির দিকে তাকিয়ে বললো
‘ রাখির দিনে আমাদের ভ্যলেন্টাইন দিবস।’
যারা হেঁটেছিলো, যারা ফেটেছিলো, সবাই এখন ‘যারা ঘেঁটেছিলো’ র পাতা ফাঁদে..
শুধু অসহ্য নির্জনতায়, আর জি কর-এর কোণে পাথরের চিৎকার একা একা কাঁদে।
নিস্পৃহ শহর যখন নিরাসক্ত প্রদেশে আর নির্লিপ্ত দেশে
ধর্ষণের দৈনন্দিনতায় তুলছে হাই,
রাজনৈতিক দাদা-দিদিরা সেই মেয়েটার স্থিতির সমস্ত
স্মৃতি আবছা করে দিতে তৎপর সদাই,
ঠিক তখনই..
বসের ইঙ্গিত পাওয়া ল্যাপটপ-ক্রীতদাস আইটি’র মেয়েটি,
ধুঁকে রাতে বাড়ি ফেরা মাতাল-সম্মুখীন সিক্যুরিটি মেয়েটি,
ভিড়ের নোংরা ছোঁয়া ঝেড়ে ফেলে বাড়ি ঢোকা চোখ মোছা মেয়েটি
‘আর জি কর’ করে দেবো মাস্তান-শাসানি শোনা রাতজাগা ডাক্তার মেয়েটি..
আরও আরও অনেক কোণায় প্রায়-ধর্ষণ সয়ে বেঁচে থাকা মেয়েরা,
প্রাণপণে হাত মুঠো করে চুপচাপ সেই মেয়েটাকে করছে স্মরণ,
সে ঢুকে যাচ্ছে এক মন থেকে আরেক মনে,
নিঃসাড়ে, বিনা-উচ্চারণ।
লাভা তো নীরবই থাকে পাহাড়ে ভেতরে,
যতদিন না ঘটে প্রচলিত মুছে দেওয়া অগ্নি-বিস্ফোরণ
আর্যতীর্থ









