একদিন, মানুষেরা প্রতিবাদ করা ছেড়ে দেবে।
মেনে নিতে শিখে যাবে সব ,
মানিয়ে পাশ কাটিয়ে দিন কেটে যাবে,
কেউ গলা তুলে বলবে না গরমিল স্পষ্টত কোথায় হিসেবে,
যা আদেশ করবেন রাষ্ট্র , ধর্ম , সমাজ , রাজনীতি আর সে যুগের হাওয়া,
ভাবনায় আসবে না কারো তার বিপরীত যাওয়া,
বাধ্য মানুষেরা আদিষ্ট কর্ম সব করে যাবে নিখুঁত প্রোগ্রাম করা রোবটের মতো,
একদিন,
জঞ্জালে চলে যাবে মিছিল ধর্মঘট অনশন ধর্নারা,
ইতিহাস থাকবে না দ্রোহে বিব্রত।
সেইদিন ,
হেসে উঠবেন হুগো ডি ভ্রিজ আর চার্লস ডারউইন,
তখন থাকবেন যারা পোষ্য বিজ্ঞানে,
বিবর্তনের সেই প্রত্যক্ষ প্রমাণে,
শিউরে শুনবেন তাঁরা সন্ধিৎসু অতীত থেকে ভেসে আসা সেই উল্লাস..
ভদ্রমহোদয় ও ভদ্রমহিলাগণ,
এভোলিউশনে রেভোলিউশন এই মিউটেশন ,
সারভাইভাল অফ দি কোয়াইটেস্ট,
আজকের পৃথিবীর তুরুপের তাস।
রাষ্ট্র, ধর্ম, সমাজ , রাজনীতি ও যুগের হাওয়া’র অনুমতিসাপেক্ষে
তাতে তালি অথবা গালি দেবে
সদ্য বিবর্তিত নতুন প্রজাতি,
হোমো ডোমেস্টিকাস।









