এই বছরের মহাষ্টমীতে বাসি সন্দেশ দিয়ে বন্ধুস্বজনদের মিষ্টিমুখ করাচ্ছি — ক্ষমাপ্রার্থী।
লোলচর্মা বৃদ্ধার প্রসাধনের মতো কিছু মেরামতি হয়েছে এই লেখার। শ্রী তেমন ফেরেনি যদিও।
আজ মহাষ্টমী
**************
দেবী প্রপন্নার্তি হরে
প্রসীদ
প্রসীদ মাতর্জগতোহখিলস্য
প্রসীদ বিশ্বেশ্বরী পাহি বিশ্বং ত্বমীশ্বরী দেবী চরাচরস্য
১
খুব ভোরবেলা ঘুম ভেঙে গেল ডাক্তার বাসুর। কাঁচের জানলা শক্ত করে আঁটা। মোটা সিল্কের পর্দা ভেদ করে পুবের রোদ ঢুকবে, সাধ্যি কী? আট ইঞ্চি পুরু কার্লনের গদি – পাশ ফিরলে ডুবে যেতে হয়। স্প্লিট এসিটা কুড়িতে চলছে – তাও ছ’টা নাগাদ ঘুমটা ঠিক ভেঙে গেল তাঁর। কেন?
অভ্যাস। সাতটায় মেডিল্যাণ্ডে সময় দেওয়া আছে না? প্যানক্রিয়াসের মাথায় টিউমার ভদ্রমহিলার – কামড়ে ধরেছে পড়শি গলব্লাডারকে, ছড়িয়ে পড়েছে ক্ষুদ্রান্ত্রের বেশ কিছুটা অংশ জুড়ে। কঠিন কেস।
ধড়মড় করে উঠে পড়েই কেমন ভ্যাবাচ্যাকা খেয়ে গেলেন ডাক্তার বাসু। আরে! সেই অপারেশন তো গত পরশুই সেরে ফেলেছেন তিনি। অবচেতনে খানিক উদ্বেগ কি রয়ে গিয়েছিল রোগিণীর জন্য? সেই জন্যই অসময়ে ঘুম ভাঙল?
মিনিটখানেক বিছানায় ন যযৌ, ন তস্থৌ হয়ে বসে থাকার পরে জানলার কাঁচ আর মোটা পর্দা ভেদ করে, এসির গুনগুনানি ডুবিয়ে কানে ভেসে এলো ঢাকের আওয়াজ। তাই তো, আজ যে দুর্গাপুজোর অষ্টমী! সানি টাওয়ার্সের সুপ্রশস্ত চত্বরে সাজানো গোছানো প্যাণ্ডেলের সামনে সগর্জনে ঢাক বাজছে।
ফ্ল্যাটের অন্যান্য গৃহকর্ত্রীদের সঙ্গে সুবর্ণাও নিশ্চয় এখন সেখানেই। কাল ডিনারের সময় কী সব যেন বলছিল – এবারে সন্ধিপুজো নাকি খুব সকালে হয়ে যাবে, তাই মহাষ্টমীর অঞ্জলি দিতে ভোর ভোর পৌঁছতে হবে মণ্ডপে – ভদকায় চুমুক দিতে দিতে, বিবিসি নিউজে চোখ আটকে ওসব ফ্যাঁকড়ায় আর কান দেননি তিনি। যত্তসব ফালতু সাবার্বান কনভেনশন!
রিমোট টিপে এসির টেম্পারেচারটা সামান্য বাড়িয়ে দিয়ে নিজেকে নরম গদির আরামে আরেকবার সঁপে দিলেন ডাক্তার বাসু – একবার চটকা ভেঙে গিয়েছে, দ্বিতীয়বার কী আসবে ট্রাংকুলাইজার প্রসূত সাধা ঘুম? শুয়ে শুয়ে ভাবতে থাকেন শহরের নামীদামী অঙ্কোসার্জেন দেবোপম বাসু – এই পুজো, শারদোৎসব, দেবীর আরাধনা এসবের কী কোনও মূল্য নেই তাঁর কাছে? আছে বৈকি। তিনদিনের নিরবচ্ছিন্ন ছুটি। মৃত্যুর গন্ধমাখা রোগাক্ত যুদ্ধক্ষেত্র থেকে ছুটি।
দু’চোখে অসময়ের ঘুম মেখে নিতে নিতে আধো জাগরণে আধো অচেতনে ডাক্তার বাসু দেখতে পেলেন একটা দিগন্তবিস্তৃত কাশের বন, একেবারে দিকচক্রবালে গিয়ে মিশে গিয়েছে নীল আকাশের সঙ্গে। অনেকদূর থেকে ভেসে আসছে কোনও দূরপাল্লার ট্রেনের হুইসল – তারপরেই একটা ক্ষয়াটে প্ল্যাটফর্মওয়ালা ছোট্ট খেলনাবাড়ির মতো দেহাতি রেলস্টেশন ঝমঝম করে বেরিয়ে গেল পশ্চিমের মেল। কে যেন ঠেট হিন্দিতে ডাকছে তাঁকে – বৌয়া, এ বৌয়া, তনি ইধর তো আও, মাজী বুলা রহী হ্যায়, দুধ নহি পিনা হ্যায় কা? ডাক্তার বাসুর মনে পড়ে যায় – ও তো রামকিষণ, শঙ্করপুর স্টেশনের লাইনম্যান কাম গেটকিপার, আপিসের সব কাজে বাবার ডান হাত। রামকিষণ কী বেঁচে আছে এখনও? ধুর, তার মাধ্যমিক পাশ করার বছরেই তো বাবা বদলি হয়ে এলেন বর্ধমানে – রামকিষণের খবর কে আর রেখেছে তারপর?
শঙ্করপুরে তখন একটাই পুজো হতো – পুরাতন বাজারে। পুজোর ছুটিতে কলকাতার হোস্টেল থেকে ফিরত দেবু নামে একটা ছোট্ট ছেলে – রামকিষণ তাকে হাত ধরে ঠাকুর দেখাতে নিয়ে যেত সন্ধেবেলা। একটাই তো ঠাকুর, কিন্তু প্যাণ্ডেল ঘিরে বড়সড় এক হাটুরে মেলা বসত – দেবু হরেক বায়না জুড়ত, বাঁশি কিনে দাও রামদাদা – জিলিপি খাবো, মাকে বলে দিও না যেন – একবার নাগরদোলায় চড়াবে না আমাকে?
ছোট ছুটির শেষে ফের হোস্টেলে ফেরার পালা আসত। রামকিষণের হাঁটু জড়িয়ে কি কান্না তখন দেবুর! মা-বাবা যখন বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে যেতেন, রামকিষণ হেঁকে বলত – অরে বৌয়া, ই দো মহিনা তো ঝটাকসে নিকল যাওয়েগা – ফির জাড়া কা মৌসম আওয়ে, বড়াদিন অওর নয়ে সাল আওয়ে – তব তো ছুট্টি হি ছুট্টি – কাহে রোতা তুম?
আধো অচেতনে মোটা বেড কম্ফর্টারটাকে আঁকড়ে ধরেন ডাক্তার বাসু – রামকিষণের পেশিবহুল ঊরু তাঁর দুই হাতের বেড়ে নরম তুলোর মতো গলে গলে পড়তে থাকে।
২
সন্ধেবেলা আয়নার সামনে বসে অনেকক্ষণ ধরে নিজেকে পর্যবেক্ষণ করল রাজশ্রী। কেমন দেখতে তাকে? মাঝারি গায়ের রঙ, চওড়া কপাল, ঠোঁট দু’টোও তত আকর্ষণীয় নয়। গাল একটু ফুলো ফুলো (তাতে নাকি তাকে বেশ সেক্সি দেখায় – রোহিত বলেছে), নাকটা বোঁচা, দাঁত সামান্য উঁচু (প্রিয়াঙ্কা চোপড়ারও তাই অবিশ্যি), চোখদু’টো কিন্তু বেশ টানাটানা তার – দীঘল, দীর্ঘপক্ষ্ম। তবুও অষ্টমীর সন্ধেয় রোহিতের সঙ্গে অ্যাপোর আগে নিজের গ্রিনরুম অ্যাপিয়ারেন্স একটুও সন্তুষ্ট করতে পারল না রাজশ্রীকে।
উঃ, কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছে একতা সঙ্ঘের প্যান্ডেলের উল্টোদিকে ক্যাফে কফি ডে-র সামনে – রোহিতটা এখনও আসছে না কেন কে জানে। জ্যাম তো তোর কি বাপু? এই তো ক’দিন আগেই আঙ্কল ওকে হিরো স্প্লেনডারটা প্রেজেন্ট করলেন। ওতে নাকি স্পিড তোলা যায় সত্তর-আশিতে! ঢাকুরিয়া থেকে বেহালা আসতে কতক্ষণ লাগে রে বাবা? নিজের অজান্তেই কাঁধটা একটু শ্রাগ করে নেয় রাজশ্রী।
আজ কম সে কম দু’ঘন্টা ধরে সেজেছে সে। এবার পুজোয় পিঙ্ক রঙটা ইন – মা ফোনে বলছিল মিষ্টিমাসিকে। রাজশ্রীর পরনে তাই পিঙ্ক রঙের হাফ অ্যান্ড হাফ কাঁথা স্টিচের সিল্ক, কানে গোলাপি পাথরের রাজস্থানী ঝুমকো, গলায় মায়ের কুন্দনের নেকলেসটা গলিয়ে নিয়েছে বেরোনোর আগে। ম্যাচিং ক্লাচ ব্যাগটা ভুলেই যাচ্ছিল শেষ মুহূর্তে। অত খুঁজে সাউথ সিটি থেকে কেনা – ভুললে চলবে? বেরোনোর আগে আয়নায় নিজেকে দেখে পাশ নম্বরের থেকে একটু বেশিই দিয়ে ফেলেছিল সে। একখানা সেলফি তুলে অহনাকে পাঠিয়ে দিয়েছিল সঙ্গে সঙ্গে। অহনা ওর সমবয়সী মাসতুতো বোন। বন্ধুও। ওরা দিল্লিতে থাকে। রোহিতের সঙ্গে ডেটিংএর ব্যাপারটা অহনাকে বলেই রেখেছিল রাজশ্রী।
কমেন্টসের জন্য অপেক্ষা করতে হয়নি। মিনিট খানেকের মধ্যে স্মার্টফোনের স্ক্রিনে অহনার অনেকগুলো লাভ সাইনওয়ালা মেসেজ দেখে নিশ্চিন্ত হয়েছিল সে। রোহিত আজ কিছুতেই চোখ ফেরাতে পারবে না তার থেকে। কিন্তু আধঘন্টা ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ব্যথা হয়ে গেল, আসছে না কেন ছেলেটা?
”আরে ইয়ার, কবসে বুলা রহা হুঁ – ইতনি খোয়ি খোয়ি সি কিঁউ রহতি হো তুম?” রোহিতের গলার আওয়াজে চটকা ভাঙল রাজশ্রীর। বাইকটা কখন ওর প্রায় গা ঘেঁষে এসে দাঁড়িয়েছে, খেয়ালই করেনি। ঈষৎ লজ্জিত হাসিমুখে রোহিতের কথার একটা লাগসই জবাব দিতে গিয়ে ওর দিকে ফিরতেই যেন পাথর হয়ে গেল রাজশ্রী। রোহিতের মোটরবাইক থেকে ওর কাঁধ আঁকড়ে ও কে নামছে? কালো স্কিনটাইট টপ, লাল লেগিংস, খুনখারাপি রঙের লিপস্টিক আর রুপোলী স্টিলেটোয় অসাধারণ ফিগারের এই মেয়েটা কে?
”রাজ, ইয়ে মেরি জিএফ হ্যায়, নম্রতা। অওর নম্রতা, ইয়ে হ্যায় মেরি বেস্ট ফ্রেন্ড রাজশ্রী – বহোওত অচ্ছি লড়কি হ্যায় ইয়ার”–
”কুছ কুছ হোতা হ্যায় টাইপ?”– নম্রতার গলাটা একটু হাস্কি, অনেকটা রানী মুখার্জির মতোই।
হাহা করে হেসে ওঠে রোহিত। আরো কত কি বলতে থাকে, কিছুই কানে ঢোকে না রাজশ্রীর।
ওর শূন্য দৃষ্টির সামনে তখন মুছে যাচ্ছে ট্র্যাফিকসঙ্কুল জেমস লং সরণি, মণ্ডপমুখী সুসজ্জিত জনারণ্য, আশপাশের বহুতলের গা বেয়ে নেমে আসা এলইডি আলোর মালা, রোহিত, নম্রতা – সব!
কোনও প্যাণ্ডেলের মাইক থেকে মন্দ্র উচ্চারণে কানের পর্দায় এসে ধাক্কা মারছে বহুশ্রুত স্তোত্রের পংক্তি –
শরণাগত দীনার্ত পরিত্রাণ পরায়ণে,
সর্বস্যার্তি হরে দেবী, নারায়ণী নমোস্তুতে –
৩
ছুলির ছোপলাগা কপালে যত্ন করে সিঁদুরের টিপটা আঁকতে আঁকতে আনমনে বলে উঠল রেবা – ”আজ তা বলে আর শুঁড়িবাড়ি যেওনি বাপু”–
টালিছাওয়া রান্নাঘরের একপাশে একটুখানি ঘেরা মাটির বারান্দাটায় উবু হয়ে বসেছিল ব্রজেন মিস্তিরি। বিড়ির উদগত ধোঁয়াটা গিলে নিয়ে ঘড়ঘড়ে গলায় বলল – ”ক্যানো? তোর মান যাবে?”
”ক্যামনধারা কতা ঝ্যানো তোমার!”– মুখ ঝামটা দিয়ে ওঠে রেবা।
”বেলা গেল, আজ কাজে গেলিনে যে বড়?” কথা ঘোরায় ব্রজেন।
প্রসাধন শেষ করে দরজায় এসে দাঁড়ায় রেবা – ”খ্যাল কোতায় থাকে তোমার? আজ অষ্টুমী না? বাবুদের বাড়ি থেকে ছুটি নিইচি তো আজ” –
”অ। তা ওবেলা কি রাঁদবি? এবেলা তো কচুর ঘ্যাঁট আর বড়ার ঝাল দিয়ে সারলি” –
রাগে গা পিত্তি জ্বলে গেলেও কটু কথাগুলো গিলে নেয় রেবা। কোন পোলাও কালিয়ার জোগান দেওয়া ভাতার তুমি বাপু, যে লাটের মত ফরমাস করতিছ? সম্বচ্ছরে ছ’মাস বড়জোর কাজ পাও, তা সেই রোজগারটুকুও তো চোলায়ের ঠেক গিলে নিচ্ছে – বলি এই কচুশাক চচ্চড়িও তো রেবার গতর খাটানো পয়সাতেই আসে, না কি?
তারপরেই ভাবে – আহা, সারা বছরই তো গালমন্দ করে লোকটাকে, আজ না-ই বা করল। ঈষৎ নরম গলায় বলে ব্রজেন মিস্তিরির বউ –
”আজ সন্ধেবেলা তুমি আমি আর পোশান মিলে এট্টু ঠাকুর দেখতে যাব, হ্যাঁ? ময়নাগড়ে মেলা ইস্টল বসেচে খাবারের – রাত্তিরে সেখানেই কিছুমিছু খেয়ে নেবানি”– তারপর গলা আর একটু নিচু করে বলে,
”অষ্টুমীতে ঘোরা, খাওয়ার ট্যাকা আমার আলাদা তোলা আছে গো – চিন্তা কোরোনি।”
পোশান অর্থাৎ প্রশান্ত, ওদের একমাত্র সন্তান, স্থানীয় গণিপুর হাইস্কুলে একাদশ শ্রেণীতে পড়ে।
রাত আটটা। রেবা ঘরবার করছে। সারদা পার্কের গীতাবউদির থেকে ইনস্টলমেন্টে নেওয়া চাঁপাহলুদ রঙের টাঙাইলটা যত্ন করে পরেছে আজ, সঙ্গে ‘মেচিন’ ব্লাউজ। কিন্তু ব্রজেন এখনও ফিরছে না কেন?
কিছুক্ষণ পরে আগড় ঠেলে পোশান ঢুকছে, দেখতে পেল রেবা। ছেলের মুখখানায় অমাবস্যার সবটুকু কালো কে যেন উপুড় করে দিয়েছে।
”কী রে, তোর বাপ কই?”
”আর কোথায় থাকবে মা? পাঁচুকাকার ঠেকে বসে আছে। ওঠার ক্ষমতাও নেই” –
রাগে, ঘেন্নায় কুঁকড়ে যাচ্ছিল রেবা। এতবার করে বলে দেওয়া সত্ত্বেও লোকটা আজও চলে গেল মদ গিলতে? মাগ-ছেলের প্রতি এতটুকু দরদ নেই? বারোমাস লোকের বাড়ি বাসন মেজে আর হাঁড়ি ঠেলে কাটে তার, কোনোদিন তো কোনও অভিযোগ জানায়নি সে ঠাকুরের কাছে? তবু আজকের দিনটিতেও নিষ্কৃতি মিলল না? তার মনে হলো, ঈশ্বর তাকে ভুলে গিয়েছেন। তার মতো সকলের পায়ে ঠেলা মানুষের আবার উৎসব? তার আবার দুগ্গাপুজো?
প্রায়ান্ধকার ঘরে চৌকির ওপর দু’হাঁটু জড়ো করে চুপ করে বসেছিল রেবা। হঠাৎ কাঁধে কার আলতো স্পর্শ পেয়ে মুখ ফেরালো সে। প্রশান্ত।
”চলো মা, আমরা দু’জনে ঠাকুর দেখে আসি!”
‘
‘না রে, ভাল লাগতিছে না।”
”বেরোলেই ভাল লাগবে, দেখো! আজ তোমাকে বাটায় নিয়ে যাই চলো। তুমি তো যাওইনি কখনো সেখানে। কি দারুণ মণ্ডপ, কত্ত আলো। খুব ভাল লাগবে, দেখো! আসবার সময় চাউমিন কিংবা রুটি-মাংস কিনে নিও। বাড়ি ফিরে খাব। ততক্ষণে বাবাও এসে যাবে’খন। তিনজনে মিলে খাব, অ্যাঁ?”
বাটানগর নিউল্যান্ড পুজোমণ্ডপের মাঠে তখন আক্ষরিক অর্থেই যেন মিলনমেলা বসেছে। দক্ষিণভারতের মন্দিরের আদলে প্যান্ডেল, সালঙ্কারা সাবেকি মাতৃমূর্তি, চন্দননগরের আলো, সব হাঁ করে গিলছিল রেবা। ছেলের মুঠোয় শক্ত করে ধরা মায়ের হাত –
”ওই দ্যাখো, ওটা হচ্ছে হাই হুইলস, তোমরা বলো নাগরদোলা। ওই যে স্টেজে নাচগান হচ্ছে, ওদের বলে ডিজে, আর এই যে আলো ঘুরছে, একে বলে সাইকোডেলিক লাইট” –
দু’চোখে অচেনা বিস্ময় আর অন্তরে মায়াময় পূর্ণতা নিয়ে উৎসবের প্রসন্নতায় ভেসে যেতে যেতে রেবা চেয়ে চেয়ে দেখছিল তার ছেলেকে – তার মতো অভাগিনীকে জগজ্জননী দশভুজার শ্রেষ্ঠ উপহার!
৪
আজ সকালের রোদের দিকে তাকিয়েই মনটা কেমন যেন করে উঠেছিল ওর। কেমন কাঁচা হলুদবরণ রোদ – তাপ আছে, আবার নেইও তেমন। ক্যালেন্ডারের ধার ধারে না বহুদিন। তবু চিনতে ভুল হয় না, এ হলো আশ্বিন মাসের রোদ। চায়ের কাপটা হাতে গ্রিলঘেরা বারান্দায় এসে বসল ও। সঙ্গে সঙ্গে বেজে উঠল সানাই। পাড়ার পুজোমন্ডপে বাজছে।
তার মনে পড়ে গেল, ছোটবেলায় ব্যারাকপুর শিল্পাঞ্চলের যে সব জায়গায় ও থেকেছে, সেখানকার অবাঙালি অধ্যুষিত পুজো প্যান্ডেলে কানফাটানো হিন্দি গান বাজত।
বাবা বলত ‘খোট্টাদের পুজো’। মা তবু সেই বেগুনি চেলি জড়ানো, ডান নাকে নথ পরা দুর্গাঠাকুরের কাছেই অষ্টমীর অঞ্জলি দিতে যেত – প্রত্যেক বছর।
এখন তো সব থিমের পুজো। মাকড়শার মত অবয়বে, গৌতম বুদ্ধের মুখশ্রী নিয়ে পদ্মাসনা দেবী দুর্গা। আওয়ার গ্লাস ফিগার আর বক্ষে কাঁচুলি – টিভিতে দেখে দেখে চোখ পচে গেছে।
মণ্ডপে ঘুরে ঘুরে ঠাকুর দেখা হয় না কতকাল। কার সঙ্গেই বা যাবে? ওর না আছে কোনও আপনজন, না আছে ঘনিষ্ঠ বন্ধুবান্ধব। আত্মীয়স্বজন নেই বললে ভুল বলা হবে। তারা যে রয়েছে সেটা বিজয়ার পরে ফোন আর মেসেজের বহরে বোঝা যায়। আর বোঝা যায় পরিবারের কারোর বিয়ে-পৈতে-অন্নপ্রাশনে। বাকি সময় শুধু পড়ে থাকে নৈঃশব্দ্য, মুখোমুখি বসবার কেউ থাকে না অবশ্য।
সহকর্মীরা আছে ঠিকই। অফিস বন্ধ হবার আগের দিন সক্কলে যখন সপ্তমী অষ্টমী নবমী কী কী করবে, কোথায় কোথায় বেড়াতে বেরোবে, তার সাড়ম্বর ফিরিস্তি দিচ্ছিল, তাকে চুপ করে বসে থাকতে দেখে হাওড়ার শিবপুরের বাসিন্দা অমিতাভদা বলেছিল – ”দিদি, এই ক’টা দিন বাড়িতে একা একা বোর হবেন, তার চাইতে চলে আসুন আমাদের বাড়ি। সামনেই শালিমারের মাঠে খুব ভাল ঠাকুর হয় – আমার বারান্দায় বসে বসে সন্ধিপুজো দেখবেন। প্রচুর ভোগ দিয়ে যায় ওরা, পুজোর ক’দিন আমার বউকে রাঁধতেই হয়না – আসুন না দিদি এবার” –
আন্তরিকতার অভাব ছিল না। তবু ও যেতে পারেনি। তার ভাল লাগে না। কোথায় যেন বাধে।
চায়ের তলানিটুকু ঠান্ডা হয়ে গিয়েছে। ওটা বেসিনে ঢেলে কাপ আর সসপ্যানটা মেজে রাখল ও। আজ কাঞ্চনদি আসবে না। একার জন্য রান্না আর কে করে? ফ্রিজ খুলে দুধের ডেকচিটা বার করে রান্নাঘরের শেলফ থেকে মুড়ির টিন নামিয়ে আনল ও। ঠান্ডা দুধে একটু বেশি করে মুড়ি মেশাতে মেশাতে ভাবল, এতেই হয়ে যাবে আজ। রাতে অল্প সেদ্ধভাত ফুটিয়ে নিলেই হবে। কালকের মাছের ঝোল একটু পড়ে আছে ফ্রিজে। গরম করে নেবে’খন।
বাবা থাকতে অষ্টমীতে ফ্রায়েড রাইস আর মুরগীর মাংস ছিল বাঁধা মেনু। মায়ের মতন অমন মিষ্টি স্বাদের ফ্রায়েড রাইস রাঁধতে আর কাউকে দেখেনি ও। আজ তো হাতে অখন্ড সময়। মিটসেফটা খুঁজলে অল্প গোবিন্দভোগ চাল, একটু কাজু কিসমিস পাওয়া গেলেও যেতে পারে। একবার চেষ্টা করবে নাকি? যদি মায়ের মতো হয়?
দূর! ইচ্ছেটা ভাবনার নিস্তরঙ্গ পুকুরে একবার বুড়বুড়ি কেটে উঠেই আবার মিলিয়ে গেল। ভাল্লাগে না। ওর আর কিচ্ছু ভাল্লাগে না।
আজ খবরের কাগজও দেয়নি। পুজোর ছুটি। বেলা দেড়টা দুটো নাগাদ, দোতলায় মায়ের বিছানায় গা এলিয়ে শুয়েছিল ও। সকালের দুধমুড়ি কখন তলিয়ে গেছে – একটু খিদে খিদেই পাচ্ছিল এখন।
কয়েকটা বিস্কুট খেয়ে নেবে? হাতের কাছের পুজোসংখ্যাটার পাতা উল্টে দেখতে থাকে ও – যদি অন্যমনস্ক হলে খিদেটা ভুলে থাকা যায়। দু’চারবার নেড়ে ঘেঁটে ছুঁড়ে ফেলে দিল পত্রিকাখানা। এই সব লেখা? অদ্ভুত খিচুড়ি ভাষায় বিজাতীয় সমাজ আর তার অলীক সমস্যার বর্ণনা – ওর ভাল লাগে না কিচ্ছু।
সানাই, পুষ্পাঞ্জলির মন্ত্র, সব পেরিয়ে প্যান্ডেলে এখন পুরোনো বাংলা গান চালিয়েছে। সেই কবেকার ছেলেবেলার গান – ‘রানার চলেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে’ -নিবিষ্ট হয়ে শুনছিল ও, সকাল থেকে এই প্রথম, একটু ভাল লাগা নিয়ে –
হঠাৎ কলিংবেলের শব্দ বাজল। এই অসময়ে আবার কে এল?
দোতলার জানলা দিয়ে নিচের গেটটা দেখা যায় না। অতএব কষ্ট করে সিঁড়ি ভেঙে একতলায় নামতে হলো। হাঁটুদুটো বড় বিদ্রোহ করে আজকাল।
দরজা খুলতেই একখানি কচি মুখ গ্রিলের ফাঁক দিয়ে উঁকি মারল। অচেনা মুখ।
”কে রে তুই?”
”আন্টি, ভোগ প্রসাদ এনেছি। খেয়ে নিও।”
বাড়ানো হাতে একটি অ্যালুমিনিয়মের ফয়েল মোড়া প্যাকেট।
”ক্লাবের দাদারা পাঠিয়ে দিলো। তাড়াতাড়ি খেয়ে নিও কিন্তু। বেলা করে খেলে পিত্তি পড়ে, মা বলেছে” –
আর দাঁড়ালো না ছেলে। লাফাতে লাফাতে মোড়ের বাঁকে অদৃশ্য হলো।
ভোগের বাক্স হাতে নিয়ে দাঁড়িয়ে রইল ও। মন্ডপে তখন উদাত্ত কন্ঠে হেমন্ত বেজে উঠেছেন –
‘কে জানে ক’ঘন্টা, থাকে রে জীবনটা, যেটুকু চোখে পড়ে, মনে ধরে, নিয়ে যা—
যে মনে মন দিতে চাস, দিয়ে যা, দিয়ে যা’ –









