বিবেকানন্দের ছবিযুক্ত আর এস এস পরিচালিত ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পোস্টারে ‘আপত্তিকর ‘ শব্দ লেখার জন্য প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ একজন ছাত্রীকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে এবং এক প্রাক্তন ছাত্রীর ক্যাম্পাসে প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে।
প্রাক্তন ছাত্রী অলিভিয়া তদন্ত কমিটিকে এবং ডিনকে মেলে জানিয়েছেন কোন ভাবেই তিনি বিবেকানন্দকে অপমান করেন নি, তাঁর প্রতিবাদ ABVP র বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন মাসখানেক আগে পড়ুয়াদের গভর্নিং বডি মিটিং চলার সময়ে এবিভিপি-র তরফে সংখ্যালঘু সম্প্রদায়ের সম্পর্কে কুমন্তব্য করা হয়। যে ঘটনাটি যায় একেবারে থানা পর্যন্ত। স্নাতকোত্তর সমাজতত্ত্ব বিভাগের প্রথমবর্ষের গায়ত্রী বলেন তিনি কিছু লেখেন নি কিন্তু এই প্রতিবাদকে সমর্থন করেন। যে ছাত্র সংগঠনের কোনও সদস্য অন্য কোনও ছাত্রের ধর্মীয় বা জাতিগত পরিচয় তুলে অপমান করতে পারে সেখানে এই প্রতিবাদ অযৌক্তিক নয়।
সমালোচনামূলক বৌদ্ধিক ঐতিহ্য বাংলার গর্ব। প্রেসিডেন্সির পোস্টারে লেখা তথাকথিত অপশব্দ যে সংগঠনের বিরুদ্ধে, তারা মনীষীর ছবিকে নিজেদের বিদ্বেষ বিভাজনের রাজনীতির ঢাল বানিয়েছে প্রেসিডেন্সি, SRFTI সর্বত্র।
পোস্টারে লিখে দেওয়া প্রতিবাদের সঠিক পথ কি না, তা নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু এর জন্য ছাত্রছাত্রীদের বহিষ্কার কোনভাবেই সমর্থনযোগ্য নয়। এটা নির্লজ্জ দমননীতি, এবং তা সর্বতোভাবে নিন্দার যোগ্য। মুক্ত চিন্তার হাওয়াই যে বিশ্ববিদ্যালয়ের সব চেয়ে বড় শক্তি ছিল সেই বিশ্ববিদ্যালয় আজ রাষ্ট্রের ভাষায় কথা বলছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।
প্রেসিডেন্সি, SRFTI এবং আরও বহু প্রতিষ্ঠানে ছাত্র শিক্ষকের উপর যে অন্যায় নিপীড়ন নেমে আসছে, বাংলার গণতান্ত্রিক, সুস্থ বিবেকসম্পন্ন মানুষ এর তীব্র বিরোধিতা করছে এবং সমস্ত শাস্তিমূলক ব্যবস্থা প্রত্যাহারের দাবি জানাচ্ছে।











