গাড়িটা নিয়ে ফুটপাথ ঘেঁষে দাঁড় করাতেই নীল জামা পরা পার্কিং অ্যাটেন্ড্যান্ট এসে দাঁড়াল। হাতে মোবাইল ফোন। বলল, “মোবাইল নাম্বার দিন, স্যার?”
“মোবাইল? কেন? ফোন করবেন নাকি?”
“আরে না, না। পার্কিং করতে লাগবে। বলুন।”
অবাক হলাম। তবে ইন্ডিয়া শাইনিং, তাই এসব হবেই। আধার দেখতে চায়নি পরলোকগত অবনী দেবের ভাগ্যি। তাই বললাম মোবাইল নাম্বার। সে বলল, “ওটিপি যাবে।”
ঝাঁ ঝাঁ রোদ্দুর। দেখতে দেখতে গলে মাদার্স ওঅ্যাএক্স মিউজিয়ামের উত্তমকুমার হয়ে যাবার ভয়ে “আচ্ছা,” বলে রওয়ানা দিতে যাব, সে থামিয়ে বলল, “না স্যার, ওটিপি-টা আমাকে দিয়ে যান।”
ফোনের দিকে তাকিয়ে ভুরু কুঁচকে বললাম, “কই, আসেনি।”
“আসবে স্যার, ওটা ছাড়া চলবে না।”
খানিকক্ষণ দাঁড়ালাম। এদিক ওদিক তাকিয়ে দেখলাম ছায়া কোথাও নেই। রুমাল বের করে মুখ মুছে বললাম, “এখনও আসেনি তো।”
সে-ও তার মোবাইল দেখছিল। বলল, “আমারটা যায়নি তো এখনও। নেট স্লো আছে…”
গেঞ্জি নিংড়োন’ যায় এমন দশা যখন, টুং করে মোবাইল জানাল, ওটিপি এসে গেছে – বসন্তের পায়ে পায়ে।
পালিয়ে বাঁচলাম।
দেখতে দেখতে কলকাতা পুলিশের নানা এস-এম-এস ঢুকল। আপনার গাড়ি ওমুক জায়গায় এতটার সময় পার্ক করা হয়েছে। আপনার রেজিস্ট্রেশন নং এত। এখন থেকে এই মোবাইলকে ওই গাড়ির সঙ্গে সংযুক্ত করা হল… ইত্যাদি।
বেরিয়ে যাবার সময়, আমাকে সে বলল, “স্যার, এ-ই ভালো হল। আপনিও পার্কিং না দিয়ে পালাতে পারবেন না, কেউ বেশি চাইতেও পারবে না।”
আমি ভাবলাম, প্রথমটা হবে। দ্বিতীয়টা হবে? কলকাতার বিজনেস ডিস্ট্রিক্টে, সন্ধেবেলা পার্ক স্ট্রিট রাসেল স্ট্রিটে যদি বলে – আপনাকে ৫০ টাকা দিতেই হবে – না দিয়ে আমি পারব?
ক্লিনিকের সামনে এলাম। চেনা পার্কিং অ্যাটেনড্যান্ট। বললাম, “কই, ওটিপি দিবি না?”
বলল, “আমাকে ফোন দেয়নি স্যার। স্মার্ট ফোন লাগবে।”
তা-ও তো বটে।
ক্যামাক স্ট্রিটে গাড়ি থেকে নেমে দেখি অ্যাটেনড্যান্ট-এর হাতে স্মার্ট ফোন। বললাম, “ওটিপি?”
সে বলল, “না স্যার। সার্জেন্টরা বকছে।”
মানে?
বুঝলাম, যতবার ওটিপি জমা পড়ে, এবং গাড়ি বেরিয়ে যায়, ততবার লালবাজারে আন্তর্জালে খবর যায়। ‘বন্ধু’ অ্যাপে আপডেট করতে হয়। সেই কাজ করতে করতে হাঁপিয়ে গিয়ে পুলিশ পার্কিং অ্যাটেনড্যান্টকে খবর দিয়েছে, সকাল থেকে একবারই ওটিপি দেবে, আর দিনের শেষে সে ওটিপি জমা দেবে। বাকি বিজনেস অ্যাজ ইউজুয়াল। অ্যাটেন্ড্যান্ট বলল, “ওটিপি হোনেসে হামলোগকা সুবিধা হোতা হ্যায়। নেহি হোনেসে সার্জেন্টলোগ কা।”
ভালো। কত টাকা খরচ হয়েছে সরকারের এ-সব তামাশার জন্য?









