মোট বওয়ালেই শ্রমিক কেবল? বই বওয়ালে নয় বুঝি?
কোন শিশু আজ শ্রমিক যে নয়, আতিপাতি তাই খুঁজি।
মাথায় কারো ইঁটের বোঝা, কারোর পিঠে বইয়ের ভার,
শিশুশ্রমিক কাদের বলো ? শৈশবই যে নেই রে আর!
তিন বছরের শিশুর হাতে মোবাইল দিলে চুপ থাকে,
দেখতে নারাজ আজ মা বাবা দস্যি দামাল রূপটাকে।
মগজ জাগার সাথে সাথে ফোন-ক্রীতদাস-শ্রমিক সে,
নিজের মতো বড় হওয়ার সুযোগ তো নেই এ বিশ্বে।
বলছো ছোটু স্কুল চলে যা , চা-দোকানে ধুস না প্লেট
কেউ বলো না পড়তে গেলে কোন উপায়ে ভরবে পেট।
মিড ডে মিলের ভিক্ষা দিয়ে ক্লাস এইটে শিক্ষা শেষ
তারপরে সে করবেটা কী, সেদিক দেখায় কই স্বদেশ?
একটা কোনো শিশু দেখাও নিজের মতন বাড়ছে যে,
খেয়াল ঘিরে দেওয়াল তুলি অভিভাবক তার সেজে।
কোচিং ছাড়া খেলার মজা, সিলেবাসের বাইরে বই,
কে দেখাবে তাদের এখন, শ্রমের পরে সময় কই?
শিশু শ্রমিক খিদের জ্বালায়, ভাতের থালা দেয় না কেউ,
শিশু শ্রমিক বইয়ের পড়ায়, মুখ তুললেই ধমক-ঘেউ।
শিশু শ্রমিক যুদ্ধ লেগে , বাপ মা মারে বোমার ঢেউ,
শিশু শ্রমিক শান্তি যখন, সস্তা বেতন মোহন-মৌ।
শিশু যেন শ্রমিক না হয়, বিশ্ব এমন চায় আদৌ?











