মনু যদি বাদ না হতেন মানু হতেন না,
পিতা পুত্র পতির অধীন থাকতো সে কন্যা
অন্তঃপুরে তলিয়ে যেতো গুণাবলি তার যা
পুত্রার্থেই ক্রীয়তে হতেন বাধ্যত সব ভার্যা।
মনু যদি বাদ না হতেন নিয়ম হতো কড়া
এই ক’জনা উঁচু জাতের আর নিচুতে ওরা।
নিচুর ছোঁয়া এবং ছায়া’য় বারণ হতো তবে
মেডেল পাওয়ার স্বপ্নগুলো মুড়োতো শৈশবে।
মনু যদি বাদ না হতেন.. দাঁড়াও পথিকবর,
অত উঁচু তুলো না হে সাম্যবাদের স্বর।
জিতলে যতই হোক সে প্লেয়ার দেশজ বলে প্রিয়
হারলে আসে জাতটা আগে, পরে ভারতীয়।
মনু যদি বাদ না হতেন.. শুনেই মনুবাদী
ইমোজিতে খুঁজতে থাকেন কাঁচাকলার কাঁদি।
গুগল সার্চে গুরুত্বহীন কে কে অলিম্পিকে
নজর ঘোরায় মানুষ বেশি ধর্ম জাতের দিকে।
মনু যদি বাদ না হলেন, করাত সেটা শাঁখের
আসতে যেতে দেশ কেটে কেউ গুছিয়ে নেবে আখের।
থাকলে মনু , আটকে যাবেন ভাবীর মানু ভাখের..









