ঝড় আসবে বলে যদি না আসে,
তাহলে আমরা,
যাদের পাকা বাড়ি,
যাদের শহুরে সড়ক বেয়ে শক্তপোক্ত ছাদওলা কাজের জায়গা,
যাদের ঝড়ের একমাত্র ক্ষতি কয়েকঘন্টা বিদ্যুৎ-এর অভাব,
যাদের একমাত্র ভাবনা বাগানের গাছ আর অ্যাকোয়ারিয়ামের মাছের কী হবে
আর একমাত্র খাবার জমিয়ে ডিমভাজা আর খিচুড়ি
তাদের ভীষণ, ভীষণ মনখারাপ হয়,
আবহাওয়া দপ্তরকে ভয়ানক গালি পেড়ে বলি
‘ এই স্যাটিলাইটের যুগেও এত অপদার্থতা! ‘
ফেসবুকে মার্ক করি আর না করি,
সব ঝড়ের পরে আমরা সবাই সেফ,
গাড়িঘোড়া না পেয়ে হেঁটে হাঁটুজলে বাড়ি ফেরা আমাদের সর্বোচ্চ কষ্ট,
ফোনে চার্জ না দিতে পারা আর কিছুক্ষণের জন্য নেট চলে যাওয়া সর্বোচ্চ দুঃখ,
ঝড় আসবে বলে যদি না আসে,
আমাদের হাঁফ ছেড়ে বাঁচার থেকে হতাশাই হয়ে দাঁড়ায় মুখ্য!
ঝড় আসবে বলে যদি না আসে,
মিডিয়া মোগল’রা ভীষণ ভেঙে পড়েন,
এই চাকরি-শূন্য পৃথিবীতে তাদের বেতনভূক কিছু তালপাতার সেপাই
পৌঁছে গিয়েছেন ঠিক সেইসব জায়গায়,
যেখানে না যেতে পুলিশ ও প্রশাসনের কড়া নির্দেশ।
তাঁদের ওপর নির্দেশ,
সাইক্লোনের ল্যান্ডফলের প্রথম ছবিটা তুলতে হবে,
দরকারে সমুদ্রের মধ্য থেকে গলাজলে ধারাভাষ্য দিতে হবে ‘ আমাদের চ্যানেলই আপনাদের প্রথম দেখাচ্ছে ধ্বংসের প্রতিটি মুহূর্ত’!
অনেক, অনেক দূরে পাকা বাড়িতে বসে থাকা প্রিয়-পরিজনরা
শিউরে উঠে ঈশ্বর-নাম জপ করবেন,
সেই অসহায় ‘সর্বশক্তিমান’
এত যুদ্ধ আর ধ্বংসের মধ্যে কাকে ছেড়ে কাকে যে দেখেন!
ঝড় আসবে বলে যদি না আসে,
তবে এসব কিছুই হবে না,
জলে যাবে আতংকে লগ্নী করা পুরো টাকাটাই ,
টি আর পি বাড়াতে হলে ব্রেকিং নিউজে,
ভয়ে থাকা মানুষকে আরো, আরো ভয়ে রাখা চাই।
ঝড় আসবে বলে যদি ঝড় না আসে,
তবে হাঁফ ছেড়ে বাঁচে ঘর থেকে বহুদূরে সরকারি স্কুলে
গুটিশুটি মেরে থাকা ময়লা জটলাগুলো,
প্রাণ আর পোষ্য নিয়ে পালিয়ে এসেছেন যারা,
কিন্তু পেছনে রেখে এসেছেন বাখারির বেড়া দেওয়া আড়াইখানা কামরা,
বাবার বাঁধানো ফটো,
মায়ের বসার পিঁড়ি,
আয়নার কোণে লাল টিপ
আর বাচ্চার আঁকিবুকি কাটা দেওয়াল আগলে রাখা
সেই একফালি আস্তানা,
যার পোশাকি নাম বাড়ি।
তাঁদের সস্তার মুঠোফোন আর রেডিওতে সর্বদা মনোযোগ ঢালা,
বাড়ির থেকে,
পাড়ার থেকে,
গাঁয়ের থেকে ঝড়টা ঠিক আর কত দূরে,
নোনা জলে ভেসে গিয়ে দোফসলি জমি বাঁজা হবে কিনা,
পুনরায় কবে যাওয়া যাবে মোহানায় মীন সন্ধানে,
উঠোনের পুঁইমাচা আর কতিপয় সব্জির গাছগুলোকে ফিরে পাওয়ার সম্ভাবনা,
যাদের চিন্তাগুলো সেইসব আতিপাতি ভাবনায় ফেরে ঘুরে ঘুরে,
ঝড় আসবে বলে যদি ঝড় নাই আসে,
সেসব মানুষগুলো যুদ্ধজয়ের হাসি হাসে।
ঝড় হলে তাদেরই শুকায় মুখ,
যাদের জীবিকা জীবন কাটে তার কোপে সব হারানোর ত্রাসে।
বাকিরা ঝড়ের ভয় পেতে ভালোবাসে।











আহা!