এই যে, আপনাকে বলছি,
যিনি সন্ত্রাসবাদীর ধর্ম হয় না এখনো বলছেন,
আর আপনাকেও,
যিনি সব সন্ত্রাসবাদীই ইসলামী বলছেন।
আপনাকে বলছি,
যিনি ভারতের প্রথম প্রধানমন্ত্রীকে দুষছেন,
আর আপনাকেও,
যিনি বর্তমান প্রধানমন্ত্রীকে গালি দিচ্ছেন।
আপনাকে বলছি, হে সেকুলারপন্থী,
আর আপনাকেও ,হে হিন্দুত্ব ধ্বজাধারী,
ভারত নামক সার্বভৌম রাষ্ট্রের নাগরিক নথি অধিকারী সবাইকেই বলছি…
আপনাদের হাতে যদি বন্দুক থাকতো, কাকে মারতেন?
পাকিস্তান? তা বেশ , তা বেশ, সে দেশ আমাদের শত্তুরই বটে,
কিন্তু এবারে সেদিকে তাক করার হেতু?
সন্ত্রাসবাদীরা কোনো পরিচয়পত্র ফেলে গেছে?
মেড ইন পাকিস্তান কিছু পাওয়া গেছে?
অন্তত একখানা ফোন বা কাগজ?
নেই? তবে আপনি মারবেন কিসের ভিত্তিতে?
কাশ্মীরি? ঠিকই তো,
অ্যান্টি ইন্ডিয়ান কত আছে ওদের মধ্যে, নির্ঘাত ওদেরই কেউ…
দাঁড়ান দাঁড়ান! কোন কাশ্মীরি? ওই যারা আহতদের পিঠে চাপিয়ে নিয়ে এলো?
কে একটা আবার বন্দুক কাড়তে গিয়ে প্রাণও দিয়েছে,
মুসলিম তো, তাই নাম ভুলে গেছি,
তা হাতের কাছে যে সব কাশ্মীরি আছে, সবই তো এঁরা!
এদের মারবেন? পারবেন?
তাহলে? মুসলমান?
সে তো খুঁজলেই পেয়ে যাবেন,
রাজমিস্ত্রী, কসাই, ঠেলার চালক, সবজি ওয়ালা তো আছেই,
হাতের কাছে ডাক্তার ইঞ্জিনিয়ার মাস্টার উকিল সব পেয়ে যাবেন
আরবি নাম দেখেই মালুম হয়ে যাবে।
ওদেরই গুলি করা যাক, কী বলেন?
কী বললেন? ওদের আপনি চেনেন?
কখনো কিছু করতে দেখেননি?
এরা শান্ত ভদ্র, পাড়ায় আসতে যেতে দেখেন,
হিংস্র জঙ্গী কোনো মুসলমানকে আপনি ব্যক্তিগতভাবে চেনেন না?
যাহ বাবা, আপনার হাতে বন্দুক ধরিয়ে দিলাম,
আর আপনি মারবার একটা লোক খুঁজে বের করতে পারছেন না?
তাহলে সারা ভারত কাঁদানো জল্লাদগুলো কারা?
কোথা থেকে এলো? গেলো কোথায়?
তাদের আসা যাওয়ার কোনো চিহ্ন নেই কেন?
হিন্দু মারতে এসে হিন্দু মহিলা আর বাচ্চাদের ছেড়ে দিলো কেন?
ওই চিরুনি-সারভেইলেন্সের রাজ্যে মাছি গলবার উপায় নেই,
হাতিগুলো গললো কী করে?
নীরবতা, নীরবতা শুধু জারি এর উত্তরে।
বন্দুকটা নামান।
ভুল লোকের গায়ে লেগে যাবে।
এই সওয়ালগুলো জবাব না পাওয়া পর্যন্ত করতে থাকুন,
কাশ্মীর থেকে কন্যাকুমারিকা,
খুব জোরে, আরো জোরে।









