যুদ্ধ হলো , রুদ্ধ জলও ,
সব নাগরিক ক্রুদ্ধ হলো,
মারলো অনেক জঙ্গী ঘাঁটি ড্রোন বিমানের ঝাঁক পিষে,
কিন্তু কোথায় চার অমানুষ,
জ্বলছে মনে ধিকি সে তুষ
সে চারখানার লাশগুলো চাই বদলা নিতে ছাব্বিশের।
চার চেহারা, কোথায় তারা,
মানুষখুনের নিচ্ছে ভাড়া
হয়তো কোথাও, ঘাপটি মেরে ছদ্মবেশে কোন সে দেশে,
শান্তিতে ঘুম রাত্রে মানা,
যতক্ষণ না যাচ্ছে জানা
কোথায় তারা ছক কষে যায় নতুন কোনো সর্বনেশে।
আসবে হাতে, চিরুন-দাঁতে
তল্লাশিতে দিন আর রাতে
লেগেই আছেন আর্মি-পুলিশ, ঠিক বেরোবে গর্ত থেকে ,
মারার আগে জানতে হবে,
প্ল্যান আগামীর কোথায় কবে,
জানতে হবে ওদের সাথে ফোন যোগাযোগ করতো কে কে।
অন্ধ রাগেও ধন্দ লাগে,
সন্দ মেশা গন্ধ জাগে,
সত্যি যদি চার অমানুষ জ্যান্ত ধরেন দেশের সেপাই,
সেনার প্রবল জেরার চাপে,
বুক ধুকপুক, ‘জুবান’ কাঁপে,
বলতে যখন বাধ্য তারা ওদের হয়ে ছিলো কে স্পাই…
ভয় লাগে খুব,
সেইখানে ডুব দিয়ে যদি যায় দেখা সে চেনা নেতাই!
চারটে লাশের চেয়েও বোধহয় ভালো যদি জ্যান্ততে পাই…










