উচ্ছিষ্ট অন্নকে যদি ভাত বলতে বলো!
হুকুম করলে বলব,
কিন্তু,
সেই অর্থে ভাত নেই কোনও।
চোখ বুজে আছি দেখছ, এটা কোনও ভাত ঘুম নয়।
ভাতা ঘুম বলতে পারো, যদিও তা পাইনি এখনও।
এ দারিদ্র্যে বিশ্বায়ন, জিএসটি ঘাপটি মেরে আছে
ভাতার স্বপ্নগুঁড়ো লেগে আছে আনাচে কানাচে।
উত্তর দক্ষিণ আর ডান বাম, সব এখানেই।
সত্যি বলতে গেলে নিজস্ব আকাশে কোনও ধ্রুব তারা নেই।
আশা তছনছ কিছু নষ্ট গল্পই শুধু মেলে
আবহকালের অশ্রু ঝরে তাতে, সকাল-বিকেলে।
কোজাগরী রাত্রিটিতে মধ্য আকাশে ভুল চাঁদ
জ্যোৎস্নায় ঢেকে যায়
ইঁদুর আর পেঁচাদের সমূহ বিবাদ।
ব্রত ভাঙবার আগে, ভেঙে যায় সাধ লক্ষ্মীঘট
খুচরো বাঁচার ইচ্ছে, কিছু অকপট
তাদের কুড়িয়ে তোলা এসময়ে প্রায় সাধ্যাতীত।
নৃত্যরত বর্তমান… কিছুটা অতীতও।
লিপ্ত হই মৃত্যুর সঙ্গমে
করোটি পাত্রের মদে জ্যোৎস্নাতুর চাঁদ
চুমুকে চুমুকে গিলি যাবতীয় ব্যথার বিষাদ।
ধেই ধেই নাচ করি,
খটাখট আওয়াজ ওঠে কঙ্কালের হাড়ে
চমকে চমকে উঠি
কারা যেন বলেছিল,
এ শ্মশানে, এ স্বদেশে আশা নিয়ে বাঁচা যেতে পারে!
★









